খুঁজুন
, ,

জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের উদ্যোগে শহীদ জিয়াউর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী পালিত

ডেস্ক নিউজ
প্রকাশিত: Monday, 29 May, 2023, 3:17 pm
জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের উদ্যোগে শহীদ জিয়াউর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী পালিত

মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে অদ্য বিকাল ৪টার সময় লালদিঘির পাড়স্থ অস্থায়ী কার্যালয়ে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল চট্টগ্রাম মহানগরের সভাপতি এড. আবুল হোসেন সিকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে মুনাজাত পরিচালনা করেন জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় নেতা কাজী জাহাঙ্গীর আলম হেলালী। এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. নাজিম উদ্দিন চৌধুরী। তিনি বলেন, বর্তমান সরকার অবৈধ অগণতান্ত্রিক। বিনাভোটের সরকার আজ দুর্ভিক্ষের সৃষ্টি করেছে। দেশে নির্বাচিত সরকার না থাকায় অবৈধ ও অগণতান্ত্রিক সরকারের কারণে প্রশাসনিক ব্যবস্থা ভেঙে পড়েছে। মানুষ খুব দুরাবস্থায় দিন যাপন করছে। এই স্বৈরাচারি সরকার হামলা মামলা দিয়ে নেতাকর্মীকে দমিয়ে রাখতে চায়। গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস করে ভোটের অধিকার কেড়ে নিয়ে মানুষের বাকস্বাধীনতা হরন করে আবার অগতান্ত্রিকভাবে ক্ষমতায় যেতে চায়। মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। যার কারণে বাকশাল একদলীয় শাসন তন্ত্র থেকে মুক্তি পেয়ে আওয়ামী লীগ আজকে রাজনীতি করছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এদেশে গণতন্ত্রের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন।

আজ আইনের শাসনকে ভূলুণ্ঠিত করে অন্যায়ভাবে নিরাপরাধ একজন দেশপ্রেমিক এশিয়ার সবচেয়ে জনপ্রিয় নেত্রীকে সাজা দিয়ে বন্দী করে রাখা হয়েছে। যা আইনের শাসনের পরিপন্থী। প্রধান বক্তা চট্টগ্রাম মহানগর বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আলহাজ্ব জাহাঙ্গীর আলম বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চট্টগ্রাম সার্কিট হাউসে ১৯৮১ সালের ৩০ মে যখন শাহাদাত বরণ করেন তার তিন ঘণ্টা পূর্বে আমার সাথে সর্বশেষ সাক্ষাত হয়েছে। আজকে যারা বলেন, দলীয় কোন্দল মিটাতে এসে চট্টগ্রামের শাহাদাত বরণ করেছেন জিয়া। এটি একটি মিথ্যা প্রবাদ। তিনি রাষ্ট্রীয় সফরে চট্টগ্রামে এসেছিলেন। যার সাক্ষ্য প্রমাণ আমি। তিনি চট্টগ্রামে আসার পূর্বে তার সাথে আমার টেলিফোনে কথা হয়েছিল। তিনি দলীয় কোন নেতা কর্মীকে এয়ারপোর্টে তাকে রিসিভ করার জন্য নিষেধ করেন। তখন তাকে রিসিভ করলেন প্রশাসের লোকেরা। তাকে হত্যা করেছিল তৎকালীন সেনাবাহিনী কিছু দুষ্কৃতকারী অফিসারেরা। শহীদ জিয়ার মতো দেশপ্রেমিক আর একজন নেতা কখনো সৃষ্টি হবে না। বিশেষ অতিথি এড. আবু তাহের বলেন, শহীদ জিয়ার আদর্শের কর্মীদের বিরুদ্ধে অবৈধ সরকারে পেটুয়া লালিত সন্ত্রাসী বাহিনী দিয়ে হামলা মামলা দিয়ে গণতান্ত্রিক আন্দোলন স্তব্ধ করা যাবে না।

আজকে জিয়াউর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকীতে দাঁড়িয়ে বিএনপির ভাইচ চেয়ারম্যান বীর চট্টলার অবিসংবাদিত নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আল নোমান ও নারী ও শিশু অধিকার ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদিকা এড. নিপুন রায়ের উপর হামলা গতকাল শান্তিপূর্ণ পদযাত্রায় সাধারণ জনতাকে উস্কানী দিয়ে পুলিশ নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা মামলার তীব্র নিন্দা জানাচ্ছি। এসময় আরো বক্তব্য রাখেন, বিএনপি নেতা সিনিয়র এড. নুরুল ইসলাম, এড. খায়রুল ইসলাম বেলাল, সাংস্কৃতিক দলের সহ সভাপতি সাবেক ভিপি সাইফুল আলম, হাফিজুল ইসলাম মজুমদার মিলন, সাংগঠনিক সম্পাদক সনজয় আচার্য্য, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সভাপতি আমান উল্লাহ, সাংস্কৃতিক দলের সহ সম্পাদক মো: সাহাবউদ্দিন, মো. আবু বক্কর সিদ্দিক, বিশিষ্ট কর আইনজীবী নেতা চৌধুরী খালেদ বিন সরোয়ার জনি, মো: ইউছুফ, মো. নুরুল আজিম, মো. সাইদুল হক মজুমদার, রমজান আলী মুরাদ, মো. ইউছুপ, মো. দেলোয়ার প্রমুখ। নেতৃবৃন্দরা আরো বলেন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে সাধারণ মানুষ অসহায়। তার থেকে বাঁচানোর জন্য আজকের গণতান্ত্রিক আন্দোলনে সবাইকে অংশগ্রহণ করে গণতন্ত্র মুক্তির সংগ্রামকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান। এসময় দেশ ও জাতির কল্যাণে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনা করেন এবং বিএনপির চেয়ার পারসন বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সু-স্বাস্থ্য কামনা করে দোয়া করেন।

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 4:01 pm
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে হঠাৎ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা।

 

একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

বিক্ষোভরত শ্রমিকরা জানান, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অন্যায়ভাবে লাঠিচার্জ ও নির্বিচারে গ্রেপ্তারের অভিযোগও তুলেছেন তারা। স্থানীয় নেতাকর্মী ও বহিরাগত সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন শ্রমিকরা।

 

এদিকে শ্রমিক বিক্ষোভের খবর ছড়িয়ে পড়লে মহাসড়কের আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

 

অন্যদিকে মহাসড়ক অবরোধের কারণে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন আটকে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা।

 

শ্রমিকদের বিক্ষোভ চললেও সকাল থেকে ঘটনাস্থল ও আশপাশের মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

মহাসড়ক অবরোধের কারণে সৃষ্ট অচলাবস্থা কখন কাটবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন যাত্রীরা।