হোয়াটসঅ্যাপ থেকেই পরিশোধ করা যাবে বিদ্যুৎ-গ্যাসসহ বিভিন্ন বিল
দৈনন্দিন বিল পরিশোধের জন্য আলাদা প্ল্যাটফর্মের ওপর নির্ভরতা কমাতে নতুন সুবিধা চালু করেছে হোয়াটসঅ্যাপ। প্রাথমিকভাবে ভারতের ব্যবহারকারীরা অ্যাপটির মাধ্যমেই বিদ্যুৎ, গ্যাস ও পানির বিলসহ বিভিন্ন ধরনের অর্থ পরিশোধ করতে পারবেন।
মেটার তথ্য অনুযায়ী, ‘Bill Payments’ নামে এই সুবিধা ভারতের Bharat Connect (BBPS) ব্যবস্থার সঙ্গে যুক্ত। এর আওতায় ৩০টি ক্যাটাগরিতে প্রায় ২২ হাজার ৭২২টি বিল প্রদানকারী প্রতিষ্ঠান রয়েছে। ফলে এক প্ল্যাটফর্ম থেকেই বিভিন্ন সেবার বিল পরিশোধের সুযোগ তৈরি হয়েছে।
নতুন ব্যবস্থায় বিদ্যুৎ, গ্যাস ও পানির পাশাপাশি ফাস্ট্যাগ, বিমা, ক্রেডিট কার্ড এবং ঋণের কিস্তিও পরিশোধ করা যাবে। একই বিল প্রদানকারীর অধীনে একাধিক অ্যাকাউন্ট যুক্ত করে সেগুলোও পরিচালনা করা সম্ভব হবে।
যেভাবে ব্যবহার করবেন
হোয়াটসঅ্যাপে বিল দিতে প্রথমে অ্যাপের হোম স্ক্রিনে থাকা রুপি চিহ্নের অপশনে যেতে হবে। এরপর প্রয়োজনীয় বিলের ধরন এবং সংশ্লিষ্ট সেবাদাতা প্রতিষ্ঠান নির্বাচন করতে হবে। পরবর্তী ধাপে গ্রাহক বা অ্যাকাউন্টের প্রয়োজনীয় তথ্য দিলে বিলের পরিমাণ প্রদর্শিত হবে।
এরপর UPI, ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড ব্যবহার করে অর্থ পরিশোধ করা যাবে। লেনদেন সম্পন্ন হলে বিল পরিশোধের তথ্যও অ্যাপের মাধ্যমে দেখা যাবে।
ব্যবহারকারীরা আগের লেনদেনের তথ্যের পাশাপাশি আসন্ন বিলের বিবরণও দেখতে পারবেন। নিয়মিত ব্যবহার করা বিল প্রদানকারী প্রতিষ্ঠানগুলো দ্রুত খুঁজে পাওয়ার সুবিধাও রাখা হয়েছে।
মেটা জানিয়েছে, ধাপে ধাপে অ্যান্ড্রয়েড ও আইওএস ব্যবহারকারীদের কাছে সুবিধাটি পৌঁছে দেওয়া হবে। তবে আপাতত সেবাটি ভারতের জন্যই চালু করা হয়েছে।
হোয়াটসঅ্যাপ ইতোমধ্যে ভারতে মেসেজিংয়ের পাশাপাশি ইউপিআই লেনদেন, মোবাইল রিচার্জসহ বিভিন্ন ডিজিটাল সেবা দিচ্ছে। নতুন বিল পেমেন্ট সুবিধার মাধ্যমে দেশটিতে প্ল্যাটফর্মটির দৈনন্দিন আর্থিক ব্যবহারের পরিধি আরও বাড়ল।
ইতি/

আপনার মতামত লিখুন