আনোয়ারায় ঝটিকা মিছিল, সাবেক ভূমিমন্ত্রীর পিএসসহ আসামি ৭৮
আনোয়ারায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে ৭৮ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। মামলায় অজ্ঞাতপরিচয় আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে। এরই মধ্যে এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৮ আগস্ট) আনোয়ারা থানায় মামলাটি করেন উপজেলার জুঁইদণ্ডী ইউনিয়নের ভোলার বাড়ি এলাকার মোহাম্মদ হাসান। মামলায় চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মো. মিজানুর রহমানকে প্রধান আসামি করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চন্দনাইশের বরকল ইউনিয়নের কানাইমাদারি এলাকার মো. সাইমন ইসলাম ওরফে অভি (২৩) এবং আনোয়ারার বৈরাগ ইউনিয়নের আমান উল্ল্যাহ পাড়া এলাকার আব্দুর রহিম উদ্দীন (৪২)। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারের পর তাদের কারাগারে পাঠানো হয়েছে।
মামলার এজাহার অনুযায়ী, ২৭ আগস্ট ভোরে আনোয়ারার বারখাইন ইউনিয়নের শোলকাটা-পিএবি সড়কে ছাত্রলীগের ব্যানারে একটি ঝটিকা মিছিল বের করা হয়। সেখানে নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমে উৎসাহ দেওয়ার উদ্দেশ্যে উসকানিমূলক স্লোগান দেওয়ার অভিযোগ করা হয়েছে। এ ছাড়া জনমনে আতঙ্ক সৃষ্টি এবং সরকারের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর ষড়যন্ত্রের অভিযোগও আনা হয়েছে।
মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের একান্ত সহকারী সচিব (পিএস) রিদোয়ানুল করিম চৌধুরী সায়েম, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি শাহজাদা মহিউদ্দিন, রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিন শরীফ ও উপজেলা যুবলীগের আহ্বায়ক শওকত ওসমানের নাম রয়েছে। পাশাপাশি দক্ষিণ জেলা ও বিভিন্ন উপজেলা ছাত্রলীগের আরও কয়েকজন নেতাকেও আসামি করা হয়েছে।
ঘটনার পর মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। পুলিশের দাবি, ভিডিওটি পর্যালোচনা করেই দুই আসামিকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী জানান, মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
ইতি/

আপনার মতামত লিখুন