খুঁজুন
, ,

বোয়ালখালীতে নির্বাচনী সভায় কেটলী প্রতিকের স্বতন্ত্র প্রার্থী আবদুচ ছালাম

উন্নয়নের সুফল বোয়াখালীর ঘরে ঘরে পৌঁছে দিতে চাই

ডেস্ক নিউজ
প্রকাশিত: Wednesday, 3 January, 2024, 11:29 am
উন্নয়নের সুফল বোয়াখালীর ঘরে ঘরে পৌঁছে দিতে চাই

শহরের কাছে নয়নাভিরাম সৌন্দর্যের লীলাভূমি বোয়ালখালী অন্ধকারে থাকতে পারেনা। জনগণের ভোট দায়িত্ব পেলে বোয়ালখালীকে বদলে দিতে চাই। বোয়ালখালীকে মাস্টারপ্ল্যানের আওতাভূক্ত করে উপশহরে পরিনত করব আমি। মাস্টার প্ল্যান কি, প্রকল্প কি, প্রকল্প কিভাবে প্রনয়ন করতে হয়, কিভাবে অনুমোদন নিতে হয়, বাস্তবায়ন করতে হয় আমি জানি।
আজ মঙ্গলবার বোয়ালখালী উপজেলার আমুচিয়া ইউনিয়নে ধোরলা মুক্তি সংঘের মাঠে কেটলি প্রতীকের সমর্থনে আয়োজিত নির্বাচনী সভায় চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম উপরোক্ত কথাগুলো বলেন। আজ মঙ্গলবার তিনি দুপুরে কধুরখীলের আকুবদন্ডি জগদানন্দ মিশনে মহোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের সাথে কুশল বিনিময় ও কেটলী মার্কায় ভোট প্রার্থনা করে নির্বাচনী প্রচার কার্যক্রম শুরু করেন। এরপর বিভিন্ন স্থানে গণসংযোগ শেষ করে আমুচিয়া ইউনিয়নের ধোরলায় নির্বাচনী সভায় যোগ দেন।

হাজার হাজার নারী পুরুষের এ সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি আরো বলেন, সাম্প্রদায়িক চেতনা নিয়ে গণমানুষের কল্যান করা সম্ভব নয়। ছোটবেলা থেকে আমরা হিন্দু- মুসলমান একই মাঠে খেলে, একই পুকুরে ও নদীতে সাঁতার কেটে বড় হয়েছি। ঈদ ও পূজায় একইসাথে আনন্দ করেছি। যৌবনে বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক রাজনীতির প্রতি আকৃষ্ট হয়েছি। গণমানুষের বৃহত্তর কল্যানের কথা ভেবে ভাগ্য পরিবর্তনের নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর আওয়ামী লীগের রাজনীতি করে আসছি। আমি আপনাদের দায়িত্ব নিতে কেটলী মার্কায় ভোট চাইতে এসেছি। আগামী ৭ জানুয়ারী জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে আমাকে ভোট দিয়ে আমাকে দায়িত্ব দিয়ে দেখুন।

উন্নয়নের সুফল আমি বোয়াখালীর ঘরে ঘরে পৌঁছে দিতে আমার সমস্ত মেধা, শ্রম ও নিষ্ঠাকে কাজে লাগাব। আগামী ৫বছর পর হয়তো আমি আর ভোট চাইতে আসতে পারবনা, বয়সের কারণে সে উদ্যম হয়তো আর থাকবেনা।
আমুচিয়া ইউনিয়নের চেয়ারম্যান কাজল দে’র সভাপতিত্বে ও সঞ্জয় দে’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় দক্ষিণ জেলা আওয়ামীলীলীগের উপদেষ্টা আহমদ হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি রেজাউল করিম বাবুল, বিশিষ্ট ব্যাংকার ও জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মোহাম্মদ জাহেদ, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ সৈয়দ নুরুল ইসলাম, সাবেক সহ-সভাপতি নুরুল আবছার, দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বোরহান উদ্দিন, বোয়ালখালী উপজেলা আওয়ামীলীগ নেতা মামুনুর রশিদ মামুন, উপজেলা আওয়ামী লীগ নেতা আবদুল মান্নান রানা, আওয়ামীলীগ নেতা সঞ্চয় ভঞ্জ জিতুসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 4:01 pm
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে হঠাৎ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা।

 

একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

বিক্ষোভরত শ্রমিকরা জানান, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অন্যায়ভাবে লাঠিচার্জ ও নির্বিচারে গ্রেপ্তারের অভিযোগও তুলেছেন তারা। স্থানীয় নেতাকর্মী ও বহিরাগত সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন শ্রমিকরা।

 

এদিকে শ্রমিক বিক্ষোভের খবর ছড়িয়ে পড়লে মহাসড়কের আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

 

অন্যদিকে মহাসড়ক অবরোধের কারণে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন আটকে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা।

 

শ্রমিকদের বিক্ষোভ চললেও সকাল থেকে ঘটনাস্থল ও আশপাশের মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

মহাসড়ক অবরোধের কারণে সৃষ্ট অচলাবস্থা কখন কাটবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন যাত্রীরা।