খুঁজুন
, ,

চবি নিয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

ডেস্ক নিউজ
প্রকাশিত: Wednesday, 20 December, 2023, 5:27 pm
চবি নিয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ ও বাংলা বিভাগের শূন্য পদে শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিষয়ে উদ্ভুত পরিস্থিতি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের দৃষ্টিগোচর হয়েছে।

এ প্রসঙ্গে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ১৮/০৮/১৯৯৪ তারিখে অনুষ্ঠিত ২৮৩তম সিন্ডিকেট সভায় নিম্নবর্ণিত সিদ্ধান্ত গৃহীত হয়। “বিভাগে/ইনস্টিটিউটের কোনো শিক্ষকের পদ খালি হওয়ার তিন মাসের মধ্যে সংশ্লিষ্ট বিভাগের চেয়ারম্যান/ইনস্টিটিউটের পরিচালক, পরিকল্পনা কমিটির মাধ্যমে পদটি বিজ্ঞাপন দেওয়ার জন্য রেজিস্ট্রারকে অনুরোধ না করিলে সেই ক্ষেত্রে উপাচার্যকে পদটির বিজ্ঞাপন দেওয়ার জন্য ক্ষমতা প্রদান করা হইল।” রেজিস্ট্রার দপ্তর থেকে তাগাদাপত্র দেওয়ার পরও বাংলা বিভাগ ও আইন বিভাগের পরিকল্পনা কমিটি শিক্ষক নিয়োগের সুপারিশ সম্বলিত মতামত না পাঠানোয় ২৮৩তম সিন্ডিকেট কর্তৃক প্রদত্ত ক্ষমতাবলে উপাচার্য এই দুই বিভাগে শিক্ষক নিয়োগ দিতে শূন্য পদসমূহের জন্য বিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত প্রদান করেন। এই প্রক্রিয়া অনুসরণ করে অতীতেও বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ হয়েছে।
আইন বিভাগের শিক্ষক নিয়োগ বোর্ড শুরুর প্রাক্কালে (১৭ ডিসেম্বর ২০২৩) উপাচার্য দপ্তরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যনির্বাহী কমিটির দায়িত্বেথাকা কতিপয় শিক্ষক কর্তৃক অনুপ্রবেশের মাধ্যমে হট্টগোল সৃষ্টি করে দাপ্তরিক কাজে বিঘ্ন সৃষ্টি করা অত্যন্ত গর্হিত কাজ, যা দৃষ্টিকটুও বটে। কতিপয় শিক্ষক এ সময় আগত প্রভাষক প্রার্থীদের অপেক্ষমান কক্ষে অবস্থান করে তাদের উপর মানসিক চাপ সৃষ্টি করেন এবং ভয়ভীতিও প্রদর্শন করেন। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যকরী কমিটির কতিপয় সদস্যের এহেন আচরণ শিক্ষক সুলভ আচরণের পরিপন্থী। সংঘটিত এ ঘটনাটি অপ্রত্যাশিত, অনভিপ্রেত ও আইনসঙ্গত নয় বলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন মনে করছে।
এছাড়া গণমাধ্যমে বাংলা বিভাগে যোগ্যতা শিথিল করে প্রভাষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তথ্যটি সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর। কেননা কলা অনুষদ কর্তৃক নির্ধারিত সিজিপিএ’র ভিত্তিতেই শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বর্তমান বিশ্ববিদ্যালয় প্রশাসন অত্যন্ত সততা ও দক্ষতার সঙ্গে ১৯৭৩ এর অ্যাক্টকে সমুন্নত রেখে প্রচলিত বিধিবিধান মেনে বিশ্ববিদ্যালয়ে সু-শাসন নিশ্চিত করে একাডেমিক ও অবকাঠামোগত উন্নয়ন তরান্বিত করে চলেছে। কেউ কেউ এতে ঈর্ষান্বিত হয়ে বিশ্ববিদ্যালয় সম্পর্কে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অব্যাহত প্রচেষ্টার অংশ হিসেবে উপাচার্য দপ্তরে প্রবেশ করে আপত্তিকর ঘটনা ঘটিয়েছে মর্মে প্রতীয়মান হয়।
অতএব, বিশ্ববিদ্যালয়ের মতো একটি উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান নিয়ে এ ধরণের বিভ্রান্তিমূলক ও উদ্দেশ্যেপ্রণোদিত সংবাদ পরিবেশন করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি না করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে। উল্লেখ্য যে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংবাদপত্রের স্বাধীনতায় পূর্ণ আস্থাশীল ও বিশ্বাসী। কিন্তু বিশ্ববিদ্যালয় সুষ্ঠু পরিচালনার স্বার্থে আপনাদের কাছ থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়িত্বশীল এবং পেশাদারী ভূমিকা প্রত্যাশা করছে।

 

শেখ হাসিনাকে ফেরত দেওয়া নিয়ে অনিশ্চয়তা, প্রত্যর্পণ আবেদন পর্যালোচনায় ভারত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Friday, 13 November, 2026, 12:59 pm
শেখ হাসিনাকে ফেরত দেওয়া নিয়ে অনিশ্চয়তা, প্রত্যর্পণ আবেদন পর্যালোচনায় ভারত

 

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের অবস্থান নিয়ে ঢাকা-নয়াদিল্লির কূটনৈতিক আলোচনা ও আইনি জটিলতা অব্যাহত রয়েছে। তাঁর প্রত্যর্পণ, ভারতে অবস্থান এবং বাংলাদেশের আদালতের দেওয়া রায়—সব মিলিয়ে দুই দেশের সম্পর্কে বিষয়টি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে।

 

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে বাংলাদেশ ত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেদিন বাংলাদেশ বিমানবাহিনীর সি-১৩০ সামরিক পরিবহন বিমানে ভারতের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে পৌঁছান তিনি।

 

বিবিসি বাংলার বরাত দিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনাকে আনতে ভারতীয় সামরিক উড়োজাহাজ পাঠানোর অনুরোধে দেশটির রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব সম্মতি দেয়নি। পরে বাংলাদেশের নিজস্ব সামরিক উড়োজাহাজে তাঁকে ভারতে নেওয়া হয়। তবে বিমানটির ভারতীয় আকাশসীমা ব্যবহার ও অবতরণের অনুমতি দিয়েছিল নয়াদিল্লি।

 

এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায়ের পর তাঁর প্রত্যর্পণের বিষয়টি আরও আলোচনায় আসে। ২০২৫ সালের ১৭ নভেম্বর জুলাই-আগস্টের আন্দোলন দমনে মানবতাবিরোধী অপরাধের মামলায় তাঁকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল।

 

রায়ের পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, তারা রায়টি সম্পর্কে অবগত হয়েছে। একই সঙ্গে বাংলাদেশের জনগণের শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি ও স্থিতিশীলতার স্বার্থে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে দেশটি। তবে শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে তখন কোনো স্পষ্ট সিদ্ধান্ত জানায়নি ভারত।

 

ভারতের সংসদে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে দেওয়া এক লিখিত জবাবে দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে বাংলাদেশ প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছে এবং এ বিষয়ে বাংলাদেশ সরকারকে কোনো জবাব দেওয়া হয়নি।

 

পরবর্তী সময়ে ভারতের সংসদীয় কমিটির প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার প্রত্যর্পণসংক্রান্ত বাংলাদেশের অনুরোধ দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রচলিত আইন ও প্রক্রিয়া অনুসারে পর্যালোচনা করছে। অর্থাৎ, বিষয়টি এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি।

 

অন্যদিকে বাংলাদেশ সরকার প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত দেওয়ার দাবি জানিয়ে আসছে। তবে ভারত এখন পর্যন্ত তাঁকে বাংলাদেশের কাছে হস্তান্তর করেনি।

 

সব মিলিয়ে শেখ হাসিনার প্রত্যর্পণ ও বিচারিক রায় নিয়ে দুই দেশের অবস্থানের পার্থক্য ঢাকা-নয়াদিল্লির কূটনৈতিক সম্পর্কের অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হয়ে রয়েছে।

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।