খুঁজুন
, ,

বাগীশ্বরী’র সংগীত বিভাগের দু’দিনব্যাপী বার্ষিক মূল্যায়ন পরীক্ষার উদ্বোধনী

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 17 December, 2023, 2:12 pm
বাগীশ্বরী’র সংগীত বিভাগের দু’দিনব্যাপী বার্ষিক মূল্যায়ন পরীক্ষার উদ্বোধনী

সুস্থ ধারার শুদ্ধ সংগীত চর্চা মানুষকে জাগরিত করে। মানুষের ভিতরের বোধকে উদ্দীপ্ত ও বিকাশে সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ, শৃঙ্খলা, আনুগত্য, অপসংস্কৃতির বিরুদ্ধে লড়াই করে সুন্দরভাবে জীবন গড়ে ওঠার জন্য মানুষের জীবনী শক্তি হিসেবে কাজ করে। সৌন্দর্য্য ভোগের নয়, উপভোগের। যান্ত্রিক যুগে আমরা আন্তরিক খোরাক হারিয়ে ফেলেছি। জীবনকে উপভোগ করতে সুস্থ সংগীত চর্চার বিকল্প নেই। শুদ্ধ সংগীতের ধারাকে চলমান রাখার প্রত্যয়ে বাগীশ্বরী সংগীতালয় এর আয়োজনে দু’দিনব্যাপী অভিন্ন সিলেবাসে সংগীত বিভাগের বার্ষিক মূল্যায়ন পরীক্ষা-২০২৩ গত ১৫ ও ১৬ ডিসেম্বর শুক্র ও শনিবার চট্টগ্রামস্থ সিএন্ডবি কলোনি আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে লিখিত পরীক্ষা ও বাগীশিক মিলনায়তনে ব্যবহারিক (ভাইভা) পরীক্ষায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা উপরোক্ত মন্তব্য করেন।

পরীক্ষার সূচনা লগ্নে উদ্বোধন অনুষ্ঠানে কথামালা পর্বে উদ্বোধক ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর স্বদেশ চক্রবর্তী। প্রধান অতিথি ছিলেন প্রাবন্ধিক কলামিস্ট গবেষক বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. মুহাম্মদ মাসুম চৌধুরী। বাগীশ্বরী সংগীতালয়ের সহ-সভাপতি বিশিষ্ট ব্যাংকার উৎপল চক্রবর্তীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদের কেন্দ্রীয় মহাসচিব ডা. অঞ্জন কুমার দাশ, সাংবাদিক স.ম. জিয়াউর রহমান, যন্ত্র শিল্পী বিশুতোষ তালুকদার। বাগীশ্বরীর বার্ষিক মূল্যায়ন পরীক্ষা কমিটির আহ্বায়ক প্রকৌশলী রিমন সাহার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বাগীশ্বরী সংগীতালয় এর অধ্যক্ষ উস্তাদ রিষু তালুকদার, শুভেচ্ছা বক্তব্য রাখেন বাগীশ্বরী বার্ষিক মূল্যায়ন পরীক্ষার সমন্বয়ক সাংবাদিক যীশু সেন। বক্তব্য রাখেন সদস্য সচিব প্রিয়তোষ নাথ, শিক্ষক সমীরন সেন, তবলা শিল্পী রূপক ভট্টাচার্য, শিল্পী টিটু শীল, শিল্পী নয়ন গুহ, শিক্ষিকা লাবনী ঘোষ, শিক্ষিকা মিতা ভৌমিক, শিক্ষিকা বিজয়া লক্ষ্মী দত্ত, শিক্ষিকা রুমকি সেন, শিক্ষিকা জয়শ্রী চক্রবর্তী, শিক্ষিকা কলি সরকার। আলোচনা সভা শেষে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন অতিথিম-লী। সংগীত বিভাগের প্রায় একশত পঞ্চাশ জন ছাত্র-ছাত্রী লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করেন। সংগীত বিভাগে ব্যবহারিক ভাইভা পরীক্ষায় বিচারকের দায়িত্ব পালন করেন শিল্পী জহর মুখার্জি, রতন কুমার দত্ত, শিবু প্রসাদ চৌধুরী ও রিষু তালুকদার। তবলায় সঙ্গত করেন রূপক ভট্টাচার্য ও অমর্ত্য চক্রবর্তী।

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 4:01 pm
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে হঠাৎ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা।

 

একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

বিক্ষোভরত শ্রমিকরা জানান, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অন্যায়ভাবে লাঠিচার্জ ও নির্বিচারে গ্রেপ্তারের অভিযোগও তুলেছেন তারা। স্থানীয় নেতাকর্মী ও বহিরাগত সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন শ্রমিকরা।

 

এদিকে শ্রমিক বিক্ষোভের খবর ছড়িয়ে পড়লে মহাসড়কের আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

 

অন্যদিকে মহাসড়ক অবরোধের কারণে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন আটকে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা।

 

শ্রমিকদের বিক্ষোভ চললেও সকাল থেকে ঘটনাস্থল ও আশপাশের মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

মহাসড়ক অবরোধের কারণে সৃষ্ট অচলাবস্থা কখন কাটবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন যাত্রীরা।