খুঁজুন
, ,

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 14 December, 2023, 1:58 pm
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

আজ ১৪ ডিসেম্বর খ্রি. দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্স সদর দপ্তরের কনফারেন্স হলে সিএমপির নভেম্বর-২০২৩ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার), পিপিএম (বার) ।

সভায় মান্যবর সিএমপি কমিশনার তার বক্তব্যে নগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং এই ধারা অব্যাহত রাখার জন্য সকল থানা ও মহানগর গোয়েন্দা বিভাগকে যৌথভাবে কাজ করার পরামর্শ প্রদান করেন। তিনি সকল জোনের ডিসিদের তাদের আওতাধীন এলাকায় মাদক ও ছিনতাই প্রতিরোধে অধিকতর তৎপর হতে বলেন। রুজুকৃত মামলা ও অভিযোগসমূহের দ্রুত ব্যবস্থা গ্রহণ করে পুলিশি সেবা নিশ্চিত করতে নির্দেশ দেন। এছাড়াও ট্রাফিক বিভাগকে আরো গতিশীল হওয়ার জন্য নির্দেশ প্রদান করেন।
উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) এম এ মাসুদ; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) জনাব আ স ম মাহতাব উদ্দিন, পিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) আবদুল মান্নান মিয়া, বিপিএম-সেবা; উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ আব্দুল ওয়ারীশ ( অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মহোদয়সহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
সভায় নভেম্বর-২০২৩ মাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের কার রেস সংক্রান্ত ঘটনায় আসামিসহ ০৮টি প্রাইভেট কার জব্দ, চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি গ্রেফতার ও হত্যার কাজে ব্যবহৃত অস্ত্র উদ্ধার, চোৱাই মালামাল উদ্ধার ও আসামি গ্রেফতার, মাদক উদ্ধার ও আসামি গ্রেফতার, নাশকতার মামলায় ০৭টি ককটেল সহ আসামি গ্রেফতার, বিপন্ন প্রজাতির প্রাণী উদ্ধার, ভূয়া পুলিশ গ্রেফতার, জিডিমূলে ৪২টি মোবাইল উদ্ধার, জিডিমূলে ৭০টি মোবাইল উদ্ধার, বাসে অগ্নিসংযোগের ঘটনায় আসামি গ্রেফতার, চুরি যাওয়া স্বর্ণ ও অর্থ উদ্ধার এবং আসামি গ্রেফতার, চোরাই মোটরসাইকেল উদ্ধার এবং আসামি গ্রেফতার, চাঞ্চল্যকর অপহরণ মামলার ভিকটিম ও আসামি গ্রেফতার, জিডিমূলে ১৯টি মোবাইল উদ্ধার, চোরাই মালামাল উদ্ধার ও আসামি গ্রেফতার ও ভালো কাজের জন্য বিভিন্ন ক্যাটেগরিতে সকল স্তরের ৩৭ জন পুলিশ সদস্যকে নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়।
নভেম্বর ২০২৩ মাসে শ্রেষ্ঠ বিভাগের ডিসি হিসেবে নির্বাচিত হয়েছেন অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পিপিএম (বার), উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মহোদয় এবং শ্রেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার নির্বাচিত হয়েছেন মো: মঈনুর রহমান, সহকারী পুলিশ কমিশনার (পাহাড়তলী জোন)।
শ্রেষ্ঠ থানা আকবরশাহ (জনাব মো: ওয়ালী উদ্দিন আকবর, পুলিশ পরিদর্শক); গোয়েন্দা বিভাগের শ্রেষ্ঠ টিম ডিবি-উত্তর ( আরিফুর রহমান, পুলিশ পরিদর্শক); শ্রেষ্ঠ এসআই-১ম এসআই (নিঃ) দিপন পাল, আকবরশাহ থানা; শ্রেষ্ঠ এসআই-২য় এসআই (নিঃ) মোবারক হোসেন, কর্ণফুলী থানা; শ্রেষ্ঠ এএসআই-১ম এএসআই (নিঃ) সোহেল আহমেদ, পাঁচলাইশ থানা; শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী এসআই-এসআই (নিঃ) নয়ন বড়ুয়া, কোতোয়ালী থানা; শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী এএসআই-এএসআই (নিঃ) সোহেল আহমেদ, পাঁচলাইশ থানা; শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধারকারী অফিসার এসআই (নিঃ) মোঃ সোহেল রানা, বাকলিয়া থানা; শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার-১ম এসআই (নিঃ) দিপন পাল, আকবরশাহ থানা; শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার-২য় এসআই (নিঃ) মোবারক হোসেন, কর্ণফুলী থানা; শ্রেষ্ঠ চোরাইগাড়ী উদ্ধারকারী অফিসার এসআই (নিঃ) মো: মহসীন সরদার, ইপিজেড থানা।

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 4:01 pm
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে হঠাৎ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা।

 

একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

বিক্ষোভরত শ্রমিকরা জানান, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অন্যায়ভাবে লাঠিচার্জ ও নির্বিচারে গ্রেপ্তারের অভিযোগও তুলেছেন তারা। স্থানীয় নেতাকর্মী ও বহিরাগত সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন শ্রমিকরা।

 

এদিকে শ্রমিক বিক্ষোভের খবর ছড়িয়ে পড়লে মহাসড়কের আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

 

অন্যদিকে মহাসড়ক অবরোধের কারণে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন আটকে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা।

 

শ্রমিকদের বিক্ষোভ চললেও সকাল থেকে ঘটনাস্থল ও আশপাশের মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

মহাসড়ক অবরোধের কারণে সৃষ্ট অচলাবস্থা কখন কাটবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন যাত্রীরা।