খুঁজুন
, ,

চট্টগ্রামে অবরোধ চলাকালে বিএনপির মিছিল

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 7 December, 2023, 12:16 pm
চট্টগ্রামে অবরোধ চলাকালে বিএনপির মিছিল

সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও মহাসচিব সহ গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিএনপির ডাকা দশম দফা অবরোধের ২য় দিন বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) নগরী ও জেলার বিভিন্ন স্থানে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে চট্টগ্রামের বিএনপি নেতাকর্মীরা। অবরোধের সমর্থনে বুধবার রাতে বিভিন্ন জায়গায় শান্তিপূর্ণ মশাল মিছিল বের করা হয়। অবরোধকে কেন্দ্র করে চট্টগ্রামে আরো ৬ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

এরমধ্যে বুধবার রাতে হাটহাজারী উত্তর মাদার্শা ইউনিয় যুবদলের আহ্বায়ক মো. গিয়াস উদ্দিনকে গ্রেফতার করেছে র‍্যাব। তাছাড়া সরাইপাড়া ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নেতা সেলিম উদ্দিন জসিমকে বৃহস্পতিবার সকালে পাহাড়তলী থানা, যুবদল নেতা তামজিদুল ইসলাম, নজরুল ইসলাম, মো. হাসান ও মো. নজরুলকে ডবলমুরিং থানা পুলিশ গ্রেফতার করেছে।

এদিকে অবরোধের সমর্থনে দুপুরে চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটন, আবদুল মান্নান, সদস্য মাহবুব আলম, আনোয়ার হোসেন লিপু, চান্দগাঁও থানা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন ভূইয়া ও বিএনপি নেতা নকিব উদ্দীন ভূইয়া, আফিল উদ্দিন আহমেদ ও জসিম উদ্দিনের নেতৃত্বে কাপ্তাই রাস্তার মাথা এলাকায় চান্দগাঁও থানা বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে। তাছাড়া বিকালে মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটন, আবদুল মান্নান, সদস্য আবুল হাশেম ও মো. ইলিয়াছের নেতৃত্বে হালিশহর টুল রোড় এলাকায় বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এর আগে সকালে মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আবদুল হালিম শাহ আলমের নেতৃত্বে দেওয়ান হাট, বায়তুশ শরফ ও কদমতলী এলাকায় বিএনপির শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল, মহানগর মহিলাদলের সভাপতি মনোয়ারা বেগম মনির নেতৃত্বে টাইগার পাস আম বাগান এলাকায় মহানগর মহিলাদলের বিক্ষোভ মিছিল, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মুজিবুর রহমানের নেতৃত্বে সাতকানিয়া প্রধান সড়কে উপজেলা বিএনপির মিছিল, সকালে অক্সিজেন কুয়াইশ সংযোগ সড়কে পাঁচলাইশ ৩ নং ওয়ার্ড বিএনপির বিক্ষোভ মিছিল, বিএনপি নেতা ফখরুল ইসলাম রাজু, তানভীর মল্লিক ও এরশাদ হোসেনের নেতৃত্বে পাহাড়তলী ডিটি রোড়ে পাহাড়তলী থানা বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এছাড়া মহানগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি আলিফ উদ্দিন রুবেলের নেতৃত্বে বুধবার রাতে অসকার দিঘির পাড় ও সার্সন রোড় এলাকায় মশাল মিছিল, সকালে দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্য সচিব কামরুদ্দিন সবুজের নেতৃত্বে আনোয়ারা চাতুরী চৌমুহনী এলাকায় শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল, উত্তর জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আনিস আকতার টিটু, সীতাকুণ্ড উপজেলা ছাত্রদলের আহবায়ক কাজী সেলিম উদ্দিন ও আবদুল্লাহ আল নোমানের নেতৃত্বে সীতাকুণ্ড এলাকায় বিক্ষোভ মিছিল, টাইগার পাস এলাকায় খুলশী থানা যুবদলের যুগ্ম আহবায়ক নাসির উদ্দিন পিন্টু, মোহাম্মদ সুজন, রবিউল আলম, মাঈনউদ্দিনের নেতৃত্বে মিছিল, কাপ্তাই রাস্তার মাথা ও মৌলভী বাজার এলাকায় ৫ নং মোহরা ওয়ার্ড যুবদলের মিছিল, ষোলশহর দুই নম্বর গেইট থেকে জিইসি এলাকায় বায়েজিদ, পাঁচলাইশ, চকবাজার, আকবর শাহ ও সদরঘাট থানা ছাত্রদলের মিছিল, বাকলিয়া এক্সেস রোড়ে বাকলিয়া থানা ছাত্রদলের মিছিল, বাঁশখালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবু আহমেদের নেতৃত্বে বাঁশখালী সড়কে মিছিল, পটিয়া উপজেলা যুবদলের সদস্য সচিব অহিদুল আলম পিবলুর নেতৃত্বে পটিয়ায় মিছিল ও বুধবার রাতে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে টায়ার জ্বালিয়ে সাতকানিয়া উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল এবং সড়ক অবরোধ করে।

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 4:01 pm
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে হঠাৎ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা।

 

একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

বিক্ষোভরত শ্রমিকরা জানান, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অন্যায়ভাবে লাঠিচার্জ ও নির্বিচারে গ্রেপ্তারের অভিযোগও তুলেছেন তারা। স্থানীয় নেতাকর্মী ও বহিরাগত সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন শ্রমিকরা।

 

এদিকে শ্রমিক বিক্ষোভের খবর ছড়িয়ে পড়লে মহাসড়কের আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

 

অন্যদিকে মহাসড়ক অবরোধের কারণে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন আটকে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা।

 

শ্রমিকদের বিক্ষোভ চললেও সকাল থেকে ঘটনাস্থল ও আশপাশের মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

মহাসড়ক অবরোধের কারণে সৃষ্ট অচলাবস্থা কখন কাটবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন যাত্রীরা।