খুঁজুন
, ,

চট্টগ্রামে অবরোধের ২য় দিনে বিএনপির মিছিল ও সড়ক অবরোধ, ৫ জন গ্রেফতার

ডেস্ক নিউজ
প্রকাশিত: Monday, 4 December, 2023, 1:21 pm
চট্টগ্রামে অবরোধের ২য় দিনে বিএনপির মিছিল ও সড়ক অবরোধ, ৫ জন গ্রেফতার

সরকার পতনের একদফা দাবি ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপির ডাকা নবম দফা অবরোধের ২য় দিন সোমবার (৪ ডিসেম্বর) নগরী ও জেলার বিভিন্ন স্থানে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে চট্টগ্রামের বিএনপি নেতাকর্মীরা। তাছাড়া রবিবার রাতে বিভিন্ন জায়গায় মশাল মিছিল ও সোমবার সকালে আনোয়ারা বাঁশখালী সড়কের কালাবিবির দীঘি এলাকায় গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ করেছে। অবরোধকে কেন্দ্র করে গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে ৫ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

এরমধ্যে রোববার অবরোধের সমর্থনে মিছিল করায় সীতাকুন্ড উপজেলা ছাত্রদলের আহবায়ক কাজী সেলিম উদ্দিনকে না পেয়ে তার ছোট ভাই ক্রীড়াবিদ কাজী নাজিম উদ্দিনকে গ্রেপ্তার করেছে সীতাকুণ্ড থানা পুলিশ। রবিবার গভীর রাতে কাজী সেলিমকে গ্রেপ্তারের উদ্যেশ্যে তার ভাটিয়ারী নয়াপাড়াস্থ বাসায় অভিযান চালায় পুলিশ। তল্লাশিকালে পুলিশ তার বৃদ্ধ পিতা ও পরিবারের সদস্যদের সঙ্গে চরম দুর্ব্যবহার করে। পুলিশ প্রথমে তার পিতাকে গ্রেফতারের জন্য টানাটানি করে। পরে তাকে চেড়ে দিয়ে তার নিরপরাধ ছোট ভাইকে খালি গায়ে গ্রেফতার করে গায়েবি মামলায় আটক দেখিয়ে কারাগারে পাঠিয়ে দিয়েছে।

এছাড়া পাথরঘাটা ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবুল কালামকে কোতোয়ালি থানা, চান্দগাঁও ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নেতা জসিম উদ্দিন, মোক্তার হোসেনকে চান্দগাঁও থানা ও পটিয়া উপজেলা ছাত্রদল নেতা রবিউল হাসান আদরকে কাশিয়াইশ নয়া হাট থেকে গ্রেফতার করেছে পটিয়া থানা পুলিশ।

এদিকে অবরোধের সমর্থনে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, সরওয়ার আলমগীর, কাজী মো. সালাউদ্দিনের ,সরোয়ার সেলিমের নেতৃত্বে ঢাকা ট্রাঙ্ক রোড়ের ভাটিয়ারী এলাকায় উত্তর জেলা বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। তাছাড়া কর্ণফুলী উপজেলা বিএনপির আহ্বায়ক এস এম মামুন মিয়ার নেতৃত্বে কর্ণফুলী ক্রসিং এলাকায় উপজেলা বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ, বোয়ালখালী উপজেলা বিএনপির আহবায়ক হাজী মো. ইসহাক চৌধুরীর নেতৃত্বে শাকপুরা এলাকায় বোয়ালখালী উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল, মহানগর যুবদলের সি. যুগ্ম সম্পাদক মোশাররফ হোসাইন, যুগ্ম সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য ও সেলিম উদ্দিন রাসেলের নেতৃত্বে চান্দগাঁও আরাকান সড়কের সিএন্ডবি এলাকায় যুবদলের মিছিল ও সড়ক অবরোধ, সকালে নগরীর অক্সিজেন কুয়াইশ সড়কে মহানগর যুবদলের প্রচার সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, সহ সম্পাদক জাহাঙ্গীর আলম বাবু ও বায়েজিদ থানা যুবদলের সদস্য সচিব মনজুর আলম মঞ্জুর নেতৃত্বে বায়েজিদ থানা যুবদলের মিছিল, দুপুরে বহদ্দারহাট এক কিলোমিটার এলাকায় মহানগর স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক আবু বক্কর রাজু, চান্দগাঁও থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাজিদ হাসান রনি ও সদস্য সচিব শহীদুজ্জামানের নেতৃত্বে চান্দগাঁও থানা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল, মহানগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি ও যুবদল নেতা আলিফ উদ্দিন রুবেলের নেতৃত্বে রবিবার রাতে আসকার দিঘির পাড় ও সার্সন রোড় এলাকায় মশাল মিছিল, মহানগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক এম এ হাসান বাপ্পা ও বায়েজিদ থানা ছাত্রদলের আহবায়ক এস এম নোমানের নেতৃত্বে অক্সিজেন রৌপাবাদ এলাকায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এছাড়া দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মনজুর আলম তালুকদার ও সদস্য সচিব জমির উদ্দিন চৌধুরী মানিকের নেতৃত্বে রবিবার রাতে পটিয়া শান্তির হাট এলাকায় মশাল মিছিল ও সোমবার সকালে আনোয়ারা বাঁশখালী সড়কে বিক্ষোভ মিছিল ও কালাবিবির দীঘি এলাকায় গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ, দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক রবিউল হোসেন রবি ও যুগ্ম আহ্বায়ক আরেফিন রিয়াদের নেতৃত্বে বোয়ালখালী উপজেলা ছাত্রদলের মিছিল, কর্ণফুলী শিকলবাহা ক্রসিং এলাকায় জেলা ছাত্রদলের সদস্য সচিব কামরুদ্দিন সবুজের নেতৃত্বে বিক্ষোভ মিছিল, দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নূর শাহেদ খাঁন রিপনের নেতৃত্বে রবিবার রাতে আনোয়ারা সিইউএফএল সড়কে মশাল মিছিল ও সড়ক অবরোধ, সাতকানিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল অনুষ্ঠিত হয়।

শেখ হাসিনাকে ফেরত দেওয়া নিয়ে অনিশ্চয়তা, প্রত্যর্পণ আবেদন পর্যালোচনায় ভারত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Friday, 13 November, 2026, 12:59 pm
শেখ হাসিনাকে ফেরত দেওয়া নিয়ে অনিশ্চয়তা, প্রত্যর্পণ আবেদন পর্যালোচনায় ভারত

 

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের অবস্থান নিয়ে ঢাকা-নয়াদিল্লির কূটনৈতিক আলোচনা ও আইনি জটিলতা অব্যাহত রয়েছে। তাঁর প্রত্যর্পণ, ভারতে অবস্থান এবং বাংলাদেশের আদালতের দেওয়া রায়—সব মিলিয়ে দুই দেশের সম্পর্কে বিষয়টি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে।

 

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে বাংলাদেশ ত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেদিন বাংলাদেশ বিমানবাহিনীর সি-১৩০ সামরিক পরিবহন বিমানে ভারতের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে পৌঁছান তিনি।

 

বিবিসি বাংলার বরাত দিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনাকে আনতে ভারতীয় সামরিক উড়োজাহাজ পাঠানোর অনুরোধে দেশটির রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব সম্মতি দেয়নি। পরে বাংলাদেশের নিজস্ব সামরিক উড়োজাহাজে তাঁকে ভারতে নেওয়া হয়। তবে বিমানটির ভারতীয় আকাশসীমা ব্যবহার ও অবতরণের অনুমতি দিয়েছিল নয়াদিল্লি।

 

এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায়ের পর তাঁর প্রত্যর্পণের বিষয়টি আরও আলোচনায় আসে। ২০২৫ সালের ১৭ নভেম্বর জুলাই-আগস্টের আন্দোলন দমনে মানবতাবিরোধী অপরাধের মামলায় তাঁকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল।

 

রায়ের পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, তারা রায়টি সম্পর্কে অবগত হয়েছে। একই সঙ্গে বাংলাদেশের জনগণের শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি ও স্থিতিশীলতার স্বার্থে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে দেশটি। তবে শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে তখন কোনো স্পষ্ট সিদ্ধান্ত জানায়নি ভারত।

 

ভারতের সংসদে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে দেওয়া এক লিখিত জবাবে দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে বাংলাদেশ প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছে এবং এ বিষয়ে বাংলাদেশ সরকারকে কোনো জবাব দেওয়া হয়নি।

 

পরবর্তী সময়ে ভারতের সংসদীয় কমিটির প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার প্রত্যর্পণসংক্রান্ত বাংলাদেশের অনুরোধ দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রচলিত আইন ও প্রক্রিয়া অনুসারে পর্যালোচনা করছে। অর্থাৎ, বিষয়টি এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি।

 

অন্যদিকে বাংলাদেশ সরকার প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত দেওয়ার দাবি জানিয়ে আসছে। তবে ভারত এখন পর্যন্ত তাঁকে বাংলাদেশের কাছে হস্তান্তর করেনি।

 

সব মিলিয়ে শেখ হাসিনার প্রত্যর্পণ ও বিচারিক রায় নিয়ে দুই দেশের অবস্থানের পার্থক্য ঢাকা-নয়াদিল্লির কূটনৈতিক সম্পর্কের অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হয়ে রয়েছে।

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।