খুঁজুন
, ,

অবরোধের ২য় দিনে চট্টগ্রামে বিএনপির মিছিল , বাদশা সহ ২০ জন গ্রেফতার

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 23 November, 2023, 12:45 pm
অবরোধের ২য় দিনে চট্টগ্রামে বিএনপির মিছিল , বাদশা সহ ২০ জন গ্রেফতার

সরকার পতনের একদফা দাবি ও ঘোষিত নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে বিএনপির ডাকা ৬ষ্ট দফা অবরোধের ২য় দিন বৃহস্পতিবার (২৩ নভেম্বর) নগরী ও জেলার বিভিন্ন স্থানে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে চট্টগ্রামের বিএনপি নেতাকর্মীরা।চট্টগ্রাম মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক কিছুক্ষণ আগে এমদাদুল হক বাদশার গ্রেফতার সহ চট্টগ্রামে বিএনপির আরো ২০ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। তাছাড়া বাঁশখালী উপজেলা ছাত্রদল নেতা মঈনুদ্দীন যায়েদকে না পেয়ে তার ব্যবসায়ী বড় ভাই তৌহিদুল ইসলামকে গতকাল রাতে তাদের বাসা থেকে জোরপূর্বক তুলে নিয়ে যায় বাঁশখালী থানা পুলিশ। থানায় রাতভর অমানুষিক নির্যাতন করে বৃহস্পতিবার বিশেষ ক্ষমতা আইনে মিথ্যা মামলা দিয়ে কোর্টে চালান করে জেল হাজতে প্রেরণ করেছে।

এদিকে অবরোধের সমর্থনে দুপুরে চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরীর লিটন, আব্দুল মান্নান, আহবায়ক কমিটির সদস্য সাবেক কাউন্সিলর আবুল হাশেম ও নকিব উদ্দীন ভূইয়ার নেতৃত্বে হালিশহর বড়পুল এলাকায় বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে। তাছাড়া মহানগর মহিলা দলনেত্রী জেসমিনা খানম, আঁখি সুলতানা, দেওয়ান মাহমুদা আক্তার লিটা ও ফাতেমা কাজলের নেতৃত্বে হালিশহর বড়পুল ওয়াপদা মোড় এলাকায় মহিলাদলের বিক্ষোভ মিছিল, মহানগর বিএনপি নেতা মাঈনুদ্দীন মো. শহিদের নেতৃত্বে লিংক রোড়ে মিছিল, চবি ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদের নেতৃত্বে কাজীর দেউড়ী ও লালখান বাজার মোড়ে মিছিল, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মনজুর আলম তালুকদার ও সদস্য সচিব জমির উদ্দিন চৌধুরীর নেতৃত্বে রাতে পটিয়া মহাসড়কে দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল, পুরাতন চান্দগাঁও থানা থেকে মৌলভীপুকুর এলাকায় চান্দগাঁও থানা যুবদলের মিছিল, স্বেচ্ছাসেবক দল নেতা ইসহাক খানের নেতৃত্বে রাহাত্তার পুল কালামিয়া বাজার এলাকায় বাকলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের মিছিল, চন্দনাইশ উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আনোয়ার চৌধুরীর নেতৃত্বে মিছিল, বাশঁখালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল, সাবেক ছাত্রদল নেতা ইঞ্জি. আতিক বিল্লাহ ও রুম্মান আজফারের নেতৃত্বে প্রবর্তক মোড় এলাকায় মিছিল, আগ্রাবাদ চৌমুহনী এলাকায় মহানগর যুবদল নেতা মোহাম্মদ মিল্টনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল, ছাত্রদল নেতা রাসেল মির্জার নেতৃত্বে পাহাড়তলী ডি,টি রোড থেকে লাকী হোটেল মোড় এলাকায় মিছিল, ছাত্রদল নেতা সাখাওয়াত হোসেন শাহিন ও মো. সারাতের নেতৃত্বে বন্দর এলাকায় যুবদল ছাত্রদলের মিছিল অনুষ্ঠিত হয়।

এছাড়া বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার পর্যন্ত আরো ২০ জকে গ্রেফতার করেছে পুলিশ। এরমধ্যে ১০ নম্বর উত্তর কাট্টলী ওয়ার্ড বিএনপির সি. যুগ্ম সম্পাদক মোহাম্মদ সেলিমকে বৃহস্পতিবার দুপুরে সাদা পোশাকে পুলিশ গ্রেফতার করেছে। তাছাড়া দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড স্বেচ্ছাসেবকদল নেতা কাজী মিন্টুকে ডবলমুরিং থানা, পশ্চিম বাকলিয়া ওয়ার্ড বিএনপি নেতা মো. ফারুককে বাকলিয়া থানা, সাতকানিয়া পৌরসভা বিএনপির আহ্বায়ক শওকত আলীকে ডিবি, চকবাজার ওয়ার্ড ছাত্রদল নেতা সাখাওয়াত হোসেন সিনবাদকে চকবাজার থানা, চান্দগাঁও থানা যুবদল নেতা মোরশেদ ফয়সালকে র‍্যাব, মোহরা যুবদল নেতা নুরুল আবছার ও পূর্ব ষোলশহর ওয়ার্ড যুবদল নেতা মো. আলাউদ্দিনকে চাঁন্দগাও থানা, হাটহাজারী পৌরসভা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক ওয়ার্ড কাউন্সিলর এম এ শুক্কুরকে র‍্যাব, হাটহাজারী সড়কের ফতেয়াবাদ এলাকা থেকে বিএনপি নেতা আমজাদ আলী, যুবদল নেতা খোরশেদ আলম, ছাত্রদল নেতা কামরুল ইসলাম শিহাব, শহিদুল ইসলাম হৃদয়, মোহাম্মদ রাকিব, তৌহিদুল ইসলাম, সাঈদুল হোসেন অভি, আবুল খায়ের জিসানকে গ্রেফতার করেছে হাটহাজারী থানা পুলিশ।

শেখ হাসিনাকে ফেরত দেওয়া নিয়ে অনিশ্চয়তা, প্রত্যর্পণ আবেদন পর্যালোচনায় ভারত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Friday, 13 November, 2026, 12:59 pm
শেখ হাসিনাকে ফেরত দেওয়া নিয়ে অনিশ্চয়তা, প্রত্যর্পণ আবেদন পর্যালোচনায় ভারত

 

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের অবস্থান নিয়ে ঢাকা-নয়াদিল্লির কূটনৈতিক আলোচনা ও আইনি জটিলতা অব্যাহত রয়েছে। তাঁর প্রত্যর্পণ, ভারতে অবস্থান এবং বাংলাদেশের আদালতের দেওয়া রায়—সব মিলিয়ে দুই দেশের সম্পর্কে বিষয়টি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে।

 

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে বাংলাদেশ ত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেদিন বাংলাদেশ বিমানবাহিনীর সি-১৩০ সামরিক পরিবহন বিমানে ভারতের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে পৌঁছান তিনি।

 

বিবিসি বাংলার বরাত দিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনাকে আনতে ভারতীয় সামরিক উড়োজাহাজ পাঠানোর অনুরোধে দেশটির রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব সম্মতি দেয়নি। পরে বাংলাদেশের নিজস্ব সামরিক উড়োজাহাজে তাঁকে ভারতে নেওয়া হয়। তবে বিমানটির ভারতীয় আকাশসীমা ব্যবহার ও অবতরণের অনুমতি দিয়েছিল নয়াদিল্লি।

 

এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায়ের পর তাঁর প্রত্যর্পণের বিষয়টি আরও আলোচনায় আসে। ২০২৫ সালের ১৭ নভেম্বর জুলাই-আগস্টের আন্দোলন দমনে মানবতাবিরোধী অপরাধের মামলায় তাঁকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল।

 

রায়ের পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, তারা রায়টি সম্পর্কে অবগত হয়েছে। একই সঙ্গে বাংলাদেশের জনগণের শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি ও স্থিতিশীলতার স্বার্থে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে দেশটি। তবে শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে তখন কোনো স্পষ্ট সিদ্ধান্ত জানায়নি ভারত।

 

ভারতের সংসদে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে দেওয়া এক লিখিত জবাবে দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে বাংলাদেশ প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছে এবং এ বিষয়ে বাংলাদেশ সরকারকে কোনো জবাব দেওয়া হয়নি।

 

পরবর্তী সময়ে ভারতের সংসদীয় কমিটির প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার প্রত্যর্পণসংক্রান্ত বাংলাদেশের অনুরোধ দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রচলিত আইন ও প্রক্রিয়া অনুসারে পর্যালোচনা করছে। অর্থাৎ, বিষয়টি এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি।

 

অন্যদিকে বাংলাদেশ সরকার প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত দেওয়ার দাবি জানিয়ে আসছে। তবে ভারত এখন পর্যন্ত তাঁকে বাংলাদেশের কাছে হস্তান্তর করেনি।

 

সব মিলিয়ে শেখ হাসিনার প্রত্যর্পণ ও বিচারিক রায় নিয়ে দুই দেশের অবস্থানের পার্থক্য ঢাকা-নয়াদিল্লির কূটনৈতিক সম্পর্কের অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হয়ে রয়েছে।

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।