খুঁজুন
, ,

চট্টগ্রামের রাজপথে সহিংসতা ঠেকাত যুবলীগের অবস্থান

ডেস্ক নিউজ
প্রকাশিত: Wednesday, 15 November, 2023, 10:47 am
চট্টগ্রামের রাজপথে সহিংসতা ঠেকাত যুবলীগের অবস্থান

কথিত সরকার পতন অন্দোলনের নাম করে বিএনপি ও জামায়াতের ডাকা অবরোধের নামে অরাজকতা, সন্ত্রাসবাদ ও সহিংসতা ঠেকাতে শান্তি ও উন্নয়ন সমাবেশের মাধ্যমে চট্টগ্রামের রাজপথে অবস্থান নেয় চট্টগ্রাম মহানগর যুবলীগ।

বুধবার (১৫ই নভেম্বর) চট্টগ্রাম মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মনোয়ার উল আলম চৌধুরী নোবেলের নেতৃত্বে সকাল থেকে বিকেল পর্যন্ত বিএনপি-জামায়াতের হরতাল-অবরোধের নামে সহিংসতা ঠেকাতে কর্ণেলহাট পয়েন্টকে কেন্দ্র করে নগরীর একাংশে অবস্থান নেয় নগর যুবলীগের নেতৃবৃন্দ। উক্ত অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর।

প্রধান অতিথির বক্তব্যে নগর আওয়ামী লীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর বলেন, ❝জননেত্রীর নেতৃত্বে সারা দেশের মানুষ আজ ঐক্যবদ্ধ, বাংলাদেশে উন্নয়নের যে গণজোয়ার নেত্রী দেখিয়েছেন তা আজ সমস্ত বিশ্বে প্রশংসার দাবিদার। সারা বাংলার মানুষ আবারো জননেত্রী শেখ হাসিনার হাতে এদেশের ভাগ্য তুলে দিতে চাই। জনগণের এই বিচারকে পন্ডু করতে বিএনপি অবরোধ হরতালের নামে দেশে নৈরাজ্য ও সহিংসতার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সেই সহিংসতাকারী একাত্তরের স্বাধীনতা বিরোধীদের আমি সাবধান করে জানিয়ে দিতে চাই, টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত যেখানেই তোমরা সহিংসতার চেষ্টা চালাবে সেখানেই বাংলাদেশ আওয়ামী লীগ জনগণকে সঙ্গে নিয়ে তোমাদের কঠিনভাবে দমন করবে।❞

এসময় নগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মনোয়ার উল আলম চৌধুরী নোবেল বলেন, ❝জঙ্গীদের মতো গুপ্ত হামলা করা ছাড়া বিএনপি’র আর অন্য কোনো যোগ্যতা নেই। রাজপথে যুবলীগের অবস্থান দেখে বিএনপি ঘাবড়ে গেছ।❞

যুবলীগের উক্ত কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন ৯নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা সৈয়দ কায়নাদ মোর্শেদ কনক,চট্টগ্রাম মহানগর মৎস্যজীবী লীগের সাধারণ-সম্পাদক এম.এ মোতালেব তালুকদার,ওমরগণি এমইএস কলেজ ছাত্র সংসদের সাবেক উপ আপ্যায়ন সম্পাদক হাবিবুর রহমান রিপন, চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা শিবু প্রসাদ চৌধুরী, সোহেল রানা,আমিনুল ইসলাম শাহানুর,হাবীব খাঁন, হোসাইন আহম্মেদ রুবেল, আফগানী বাবু, নূর উদ্দিন মিল্টন,সাইফুল ইসলাম রবিন, ফয়সাল মাকসুদ, চট্টগ্রাম মহানগর সেচ্ছাসেবক লীগ নেতা দেলোয়ার হোসেন,ফারহান সোহেল, পাহাড়তলী থানা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃইলিয়াস, হালিশহর থানা যুবলীগ নেতা শরীফুল ইসলাম,হাফিজ সায়েদ, পাহাড়তলী থানা যুবলীগ নেতা এনামুল হক আজিম, আরিফ,রনি মজুমদার,বাসু দেব, ১২নং ওয়ার্ড যুবলীগ নেতা সেলিম খাঁন, আকবরশাহ্ থানা যুবলীগ নেতা বাবু, হালিশহর থানা যুবলীগ নেতা তুষার,১১নং ওয়ার্ড যুবলীগ নেতা আকবর, ৯নং ওয়ার্ড সেচ্ছাসেবক লীগ নেতা আকবর, ইমরান, পারভেজ, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের নাট্য ও বিতর্ক বিষয়ক সম্পাদক ফয়সাল বিন নিজাম, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করীম, সহ-সভাপতি মনিরুল ইসলাম মনির,চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ নেতা আনোয়ার পলাশ,২১নং জামাল খাঁন ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি জুবায়েদুল আলম আশিক,পাহাড়তলী থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃসিরাজুল ইসলাম আকাশ,তথ্য ও গবেষণা সম্পাদক আরাফাত হোসেন বিজয়, উপ ক্রীড়া সম্পাদক ইমতিয়াজ উদ্দিন আকিল, পাহাড়তলী থানা ছাত্রলীগ নেতা অজয় দেবনাথ, ১০নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা রবিন,ইরফান, ৯নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা সিদ্ধার্থ শংকর দাশ, ১২নং সরাইপাড়া ওয়ার্ড ছাত্রলীগ নেতা ইমন সহ প্রমুখ।

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 4:01 pm
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে হঠাৎ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা।

 

একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

বিক্ষোভরত শ্রমিকরা জানান, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অন্যায়ভাবে লাঠিচার্জ ও নির্বিচারে গ্রেপ্তারের অভিযোগও তুলেছেন তারা। স্থানীয় নেতাকর্মী ও বহিরাগত সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন শ্রমিকরা।

 

এদিকে শ্রমিক বিক্ষোভের খবর ছড়িয়ে পড়লে মহাসড়কের আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

 

অন্যদিকে মহাসড়ক অবরোধের কারণে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন আটকে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা।

 

শ্রমিকদের বিক্ষোভ চললেও সকাল থেকে ঘটনাস্থল ও আশপাশের মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

মহাসড়ক অবরোধের কারণে সৃষ্ট অচলাবস্থা কখন কাটবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন যাত্রীরা।