খুঁজুন
, ,

অবরোধের মধ্যেই শুক্রবার ব্যাংকের পরীক্ষা, শঙ্কায় লাখো চাকরিপ্রত্যাশী

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 9 November, 2023, 11:07 am
অবরোধের মধ্যেই শুক্রবার ব্যাংকের পরীক্ষা, শঙ্কায় লাখো চাকরিপ্রত্যাশী

সারাদেশে বিএনপি জামায়াতের ডাকা ৩য় দফা অবরোধের ২য় দিন চলছে। যা চলবে আগামীকাল শুক্রবার সকাল ৬টা পর্যন্ত। তবে চলমান অবরোধের মধ্যেই নিয়োগ পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকার্স সিলেকশন কমিটি।

আগামীকাল শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত রাজধানীর দুই সিটি করপোরেশনের ৫৭টি কেন্দ্রে ১লাখ ৬৯ হাজার ৮৭৯ জন পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশ নেওয়ার কথা। সমন্বিত ১০ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সিনিয়র অফিসারের (জেনারেল) ৯২২টি শূন্য পদে নিয়োগের জন্য এই নিয়োগ পরীক্ষা হবে বলে জানা গেছে।

জানা যায়, চলমান অবরোধে দেশের প্রায় সব দূর পাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। সারাদেশ থেকে রাজধানীর বাস টার্মিনাল গুলোতে যে বাস আসছে কিংবা রাজধানী থেকে ছেড়ে যাচ্ছে তা খুবই নগণ্য। ফলে এই ১লাখ ৬৯ হাজার শিক্ষার্থী কীভাবে শুক্রবারের পরীক্ষায় অংশ নেবে তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। ইতিমধ্যে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের সমালোচনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

রংপুর থেকে এই পরীক্ষায় অংশ নেওয়ার কথা সাখাওয়াত হোসেনের। তিনি ফোনে দেশ রূপান্তরকে বলেন, গতকাল সন্ধ্যা থেকে রংপুরের কামারপাড়া বাস স্ট্যান্ডে বসে ছিলাম। কিন্তু কোনও বাস পাইনি। ফলে বাসায় ফিরে যাই। ব্যাংকার হওয়ার স্বপ্নে এই পরীক্ষা নিয়ে খুব ভালো প্রস্তুতি নিয়েছিলাম। যারা পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা কি অবরোধের বাস্তবতা জানে না নাকি তারা চান না আমরা পরীক্ষায় অংশ নেই।

সুনামগঞ্জ থেকে পরীক্ষায় অংশ নিতে আসার কথা এমদাদুর রহমানের। তিনি ফোনে দেশ রূপান্তরকে বলেন, প্রথমত বাস চলাচল করছে না। গতকাল অনেক কষ্টে সিলেটের এক আত্মীয়ের বাসায় এসে পৌঁছেছি। কিন্তু সিলেট থেকেও রাতে কোন বাস পাইনি। এখন সিদ্ধান্ত নিয়েছি বিকেলের ট্রেনে ঢাকা যাব। কিন্তু ট্রেনের ও টিকিট নেই। ফলে বাধ্য হয়ে অতিরিক্ত টাকা দিয়ে দাঁড়িয়ে ঢাকা যেতে হবে। পরীক্ষার সময় যেহেতু ঘোষণা হয়েছে অংশ তো নিতেই হবে।

বিএনপি-জামায়াতের ডাকা অবরোধ কর্মসূচি শুক্রবার সকাল ৬টা পর্যন্ত কার্যকর থাকবে। ফলে প্রশ্ন ওঠেছে তাহলে কি ৬-৯টা এই ৩ ঘণ্টায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকা এসে পরীক্ষায় অংশ নেবেন পরীক্ষার্থীরা?

রাজধানীর বাংলামোটর এলাকায় কথা হয় ঝিনাইদহের ইমরান হোসেনের সাথে। তিনি দেশ রূপান্তরকে বলেন, অবরোধেও পরীক্ষা নেওয়া হবে এমন ঘোষণা শুনে গত সোমবার এক বন্ধুর বাসায় চলে এসেছি। কাল পরীক্ষা দিয়ে তারপর বাসায় যাব।কেবল আমি একা নয় আমার অনেক বন্ধুই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলেও ঢাকায় থাকা আত্মীয় স্বজনের বাসায় পরীক্ষায় অংশ নিতে আগে থেকেই ঢাকায় চলে এসেছেন।

এদিকে খোজ নিয়ে জানা যায়, অবরোধের কারণে ৮ থেকে ১১ নভেম্বর পর্যন্ত কমপক্ষে ৫টি সরকারি প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। কিন্তু এ ক্ষেত্রে পরীক্ষা স্থগিত কিংবা নতুন তারিখ ঘোষণা করতে নারাজ সমন্বিত ১০ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে নিয়োগ কর্তৃপক্ষ।

এদিকে ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের (বিএসসিএস) পরিচালক মো. সাঈদুর রহমান খান গণমাধ্যমকে জানিয়েছেন, ইতিমধ্যে পরীক্ষার আসনবিন্যাস প্রকাশ করা হয়েছে। নির্ধারিত তারিখেই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১০ নভেম্বর সকাল ১০-১১ টা পর্যন্ত সিনিয়র অফিসার পদে প্রিলিমিনারী পরীক্ষা অনুষ্ঠিত হবে।

হাসিবুর রহমান লিওন নামের এক পরীক্ষার্থী ফেসবুক পোস্টে বলেন, ‘পরীক্ষা এখন পলিটিকাল ব্যাপার। যদি নেয়, এখানেও স্বার্থ। না নেয়, অন্যদের স্বার্থ হাসিল হয়। আমরা হইলাম ফুটবল, দুই পাশের লাথি খাবো। এক্সাম দিতে এসে মরলেও আমরা মরবো, তারা কেউ মরবে না।’

অধরা নামের একজন লিখেন, ‘সব জেলায় কি ট্রেন সুবিধা আছে? এমন জেলাতে থাকি যেখানে ট্রেনের সুবিধা নেই, কিভাবে এই এক্সামে এ্যাটেন্ড করবো? পরীক্ষায় তো এ্যাপ্লাই করেছি অংশগ্রহণের জন্যই। কিন্তু কেনও সবাই এই অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে? আমরা বাসে যাতায়াত করি, তাহলে সড়কপথের যাতায়াতের গ্যারান্টি দেন, বাস চলবে, আমরাও নিশ্চিন্তে চলে যাবো। কেনো আমাদের নিয়ে এমন তামাশা? বারবার কাউন্টারে ফোন দিচ্ছি, তারা বলছে বাস চলবে না। অবস্থা এমন মনে হচ্ছে, যেন ঢাকার স্টুডেন্টদের অলিখিতভাবে চাকরির ব্যবস্থাটা করে দেয়া হচ্ছে। আজ খুব অসহায় লাগছে। চাকরির বয়স তো আর বাড়াবে না, আবার এ্যাপ্লাই করেও সুযোগ পাবো না অংশগ্রহণের। বাহ!’

আহসান কবির নিঝুম লিখেন, ‘আগামী ১০ তারিখ ব্যাংকার্স সিলেকশন কমিটি এই অবরোধের মধ্যে একটা এক্সাম দিয়েছে। এটা নিয়ে ঢাকার বাহিরে ও ঢাকার মধ্যে থাকা এপ্লিক্যান্টদের মধ্যে দুই ভাগ। ঢাকায় যারা থাকেন তারা পরীক্ষার পক্ষে তারা একবার ও ঢাকার বাহিরের পরীক্ষার্থী কিভাবে ঢাকা পৌঁছাবে এটা নিয়ে একবার ও ভাবছে না। সামগ্রিক ভাবে এটাই আমাদের সমাজে শিক্ষিত ও দায়িত্বশীল মানুষের চরিত্র।’

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 4:01 pm
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে হঠাৎ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা।

 

একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

বিক্ষোভরত শ্রমিকরা জানান, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অন্যায়ভাবে লাঠিচার্জ ও নির্বিচারে গ্রেপ্তারের অভিযোগও তুলেছেন তারা। স্থানীয় নেতাকর্মী ও বহিরাগত সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন শ্রমিকরা।

 

এদিকে শ্রমিক বিক্ষোভের খবর ছড়িয়ে পড়লে মহাসড়কের আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

 

অন্যদিকে মহাসড়ক অবরোধের কারণে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন আটকে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা।

 

শ্রমিকদের বিক্ষোভ চললেও সকাল থেকে ঘটনাস্থল ও আশপাশের মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

মহাসড়ক অবরোধের কারণে সৃষ্ট অচলাবস্থা কখন কাটবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন যাত্রীরা।