খুঁজুন
, ,

বিনাভোটের সরকারের পতনের ঘন্টা বেজে গেছে -ডা. শাহাদাত

ডেস্ক নিউজ
প্রকাশিত: Wednesday, 25 October, 2023, 2:05 pm
বিনাভোটের সরকারের পতনের ঘন্টা বেজে গেছে -ডা. শাহাদাত

চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, শেখ হাসিনা সরকারের পতন খুবই সন্নিকটে। বিনাভোটের সরকারের পতনের ঘন্টা বেজে গেছে। এমপি মন্ত্রীদের আবোল তাবোল বক্তব্যই প্রমাণ করে ভোট চোর মাফিয়া সরকারের পতন খুবই নিকটে। তাই আওয়ামী লীগ গায়ে পড়ে উস্কানি দিয়ে সংঘাত সৃষ্টি করার পাঁয়তারা করছে। কিন্তু দেশের গণতন্ত্রকামী জনগণের কাছ থেকে তারা ক্ষমতা হারানোর সিগনাল পেয়ে গেছেন। জনগণ এখন আওয়ামী জুলুমতন্ত্র থেকে মুক্তি চায়। তারা দুর্নীতি লুটপাট ও অর্থপাচারের মাধ্যমে দেশের অর্থনীতিকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে। দেশ আজ অকার্যকর ও ব্যর্থ রাষ্ট্র। সকল সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো সরকারের আজ্ঞাবহ দলবাজ দিয়ে আওয়ামীকরণ করা হয়েছে। এই সরকারের ক্ষমতায় থাকার আর কোন অধিকার নাই। তাই তীব্র গণ আন্দোলনের মাধ্যমে এই সরকারকে বিদায় করতে হবে।

তিনি বুধবার (২৫ অক্টোবর) বিকালে চট্টগ্রাম প্রেসক্লাবের হল রুমে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (জেটেব) চট্টগ্রাম জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

জেটেব চট্টগ্রাম জেলার আহবায়ক ইঞ্জি. আবদুল হাই সোহেলের সভাপতিত্বে ও সদস্য সচিব ইঞ্জি. মাজেদুল হকের পরিচালনায় এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ সম্মিলিত পেশাজীবি পরিষদের সদস্য সচিব সাংবাদিক কাদের গণি চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। সম্মেলন উদ্বোধন করেন জেটেব কেন্দ্রীয় কমিটির আহবায়ক ইঞ্জি. মো. ফখরুল আলম। বিশেষ অতিথি ছিলেন জেটেব কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব ইঞ্জিনিয়ার এবিএম রুহুল আমিন আকন্দ, বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ চট্টগ্রামের আহ্বায়ক সাংবাদিক জাহিদুল করিম কচি।

সন্মেলনে ইঞ্জি. আবদুল হাই সোহেলকে সভাপতি, ইঞ্জি. শফিউল আলম সি. সহ সভাপতি, ইঞ্জি. মাজেদুল হক সাধারণ সম্পাদক, ইঞ্জি. আমিনুল আহসান নাঈমকে যুগ্ম সম্পাদক, ইঞ্জি. মিনহাজ আল মুমিনকে সাংগঠনিক সম্পাদক ও অর্থ সম্পাদক হিসেবে ইঞ্জি. রিয়াজ উদ্দিনের নাম ঘোষণা করা হয়।

এসময় ডা. শাহাদাত হোসেন বলেন, আওয়ামী লীগ শেখ মুজিবকে নিয়ে একটি সিনেমা বানিয়েছে। সেটা সিনেমা হলে গিয়ে তারা দেখছে, আবার তারাই কান্নাকাটি করছে। অথচ বাজারে গিয়ে অসহায় মানুষের কান্না তারা দেখছে না। আজকে নিত্য প্রয়োজনীয় সকল দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে মানুষের নাভিশ্বাস উঠেছে। কিন্তু আওয়ামীলীগের নেতারা দূর্নীতির মাধ্যমে টাকা লুটপাট করে আরাম আয়েসে আছে।

প্রধান বক্তার বক্তব্যে সাংবাদিক কাদের গণি চৌধুরী বলেন, আজকে মানুষের কোন অধিকার নাই। স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি নাই। মানবাধিকার আজ তপ্ত বুলেটে ক্ষতবিক্ষত। গোটা জাতি আজ সরকারের কাছে জিম্মি। যেখানে মানুষ বিচার পাওয়ার কথা, সেই বিচারালয় এখন বিচারক লীগ হয়ে গেছে। তারা আজকে তারেক রহমানের বক্তব্য প্রচারে বাঁধা দিচ্ছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে এই সরকার আজকে মানুষের কাছ থেকে ইলিশ মাছ ও গোশত কেড়ে নিয়েছে। আওয়ামী লীগ নেতারা হাজার কোটি টাকা লুটপাট করছে, আর সাধারণ মানুষ না খেয়ে মরছে। দেশে আজকে আওয়ামী বর্গির উদয় হয়েছে। গণ আন্দোলনের মাধ্যমে এই মারাটি বর্গীদের বিদায় করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে ব্যারিস্টার মীর হেলাল বলেন, বাংলাদেশের হারানো গণতন্ত্র এখন মুক্তির অপেক্ষায়। তাই আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামতে হবে। আগামী ২৮ অক্টোবর ঢাকার মহাসমাবেশে সারা বাংলাদেশের গায়েবি মামলার ৪৫ লক্ষ আসামীকে নয়াপল্টনের বিএনপি অফিসের সামনে হাজির হতে হবে। তারেক রহমান জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আন্দোলন করছে। বিএনপিকে ক্ষমতায় আনার জন্য নয়। আওয়ামী লীগ গণতন্ত্রকামীদের ওপর বর্বর নির্যাতন চালিয়ে আন্দোলন দমাতে চায়। বিএনপি শান্তিপূর্ণ সমাধান চায়। তাই বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন ও পদযাত্রার মতো কর্মসূচী দিয়ে আসছে। কিন্তু সরকার জনগণের দাবী মেনে না নিলে শীঘ্রই কঠিন কর্মসূচী দেয়া হবে।

এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য এস এম আবুল ফয়েজ, গাজী মো. সিরাজ উল্লাহ, মো. কামরুল ইসলাম, এ্যাবের সভাপতি ইঞ্জি. জানে আলম মো. সেলিম, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ নোমান, কোতোয়ালি থানা বিএনপির সভাপতি মন্জুর রহমান চৌধুরী, মহানগর বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. এস এম সারোয়ার আলম, হাটহাজারী উপজেলা বিএনপির সদস্য সচিব গিয়াস উদ্দিন চেয়ারম্যান, জিয়া পরিষদের সাধারণ সম্পাদক রোটারিয়ান জসিম উদ্দিন চৌধুরী, জেটেবের উপদেষ্টা আওরঙ্গজেব সম্রাট, ইঞ্জি. কামরুল আলম, বিএনপি নেতা আলমগীর নুর, জসিম উদ্দিন চৌধুরী, নুরুন নবী, আফরোজা বেগম জলি, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আকবর আলী, চবি ছাত্রদলের সভাপতি আলাউদ্দীন মহসিন, মোরশেদ হাজারী, ইঞ্জি. আলতাফ হোসেন ও সৌরভ প্রিয় পাল প্রমূখ।

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 4:01 pm
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে হঠাৎ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা।

 

একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

বিক্ষোভরত শ্রমিকরা জানান, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অন্যায়ভাবে লাঠিচার্জ ও নির্বিচারে গ্রেপ্তারের অভিযোগও তুলেছেন তারা। স্থানীয় নেতাকর্মী ও বহিরাগত সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন শ্রমিকরা।

 

এদিকে শ্রমিক বিক্ষোভের খবর ছড়িয়ে পড়লে মহাসড়কের আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

 

অন্যদিকে মহাসড়ক অবরোধের কারণে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন আটকে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা।

 

শ্রমিকদের বিক্ষোভ চললেও সকাল থেকে ঘটনাস্থল ও আশপাশের মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

মহাসড়ক অবরোধের কারণে সৃষ্ট অচলাবস্থা কখন কাটবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন যাত্রীরা।