খুঁজুন
, ,

সরকারের পৃথিবী ছোট হয়ে এসেছে ২৮ অক্টোবরের পরে পালানোর পথ খুঁজে পাবে না-নোমান

ডেস্ক নিউজ
প্রকাশিত: Tuesday, 24 October, 2023, 12:37 pm
সরকারের পৃথিবী ছোট হয়ে এসেছে ২৮ অক্টোবরের পরে পালানোর পথ খুঁজে পাবে না-নোমান

 

শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামীলীগ সরকারের পৃথিবী ছোট হয়ে এসেছে উল্লেখ করে বর্ষীয়ান রাজনীতিবিদ, বিএনপি’র ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান বলেছেন, শেখ হাসিনা সরকার ভোট চোর হিসেবে দেশে বিদেশে ব্যাপক পরিচিতি লাভ করেছে। সরকারের পৃথিবী ছোট হয়ে এসেছে। উত্তর দক্ষিণ কিংবা পূর্ব-পশ্চিম বিশ্বের কোন দেশ ভোট চোর, দূনীর্তিবাজ ও মানবাধিকার লংগনকারী এই সরকারের সাথে কোন সম্পর্ক রাখতে চাইনা।
আজ বিকাল ৩টায় নগরীর দোস্ত বিল্ডিংস্থ দলীয় কার্য্যালয়ে শেখ হাসিনার নেতৃত্বাধীন অবৈধ সরকারের পদত্যাগের এক দফা দাবী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবীতে আগামী ২৮ অক্টোবর ঢাকায় অনুষ্ঠিতব্য বিএনপি’র মহাসমাবেশ সফল করার লক্ষ্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় আবদুল্লাহ আল নোমান প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
আবদুল্লাহ আল নোমান বলেন, স্বৈরাচার সরকার জনগণের চোখের ভাষা বুঝতে পারছে না তাঁরা ঘোমরা হয়ে গেছে। সরকারের উচিত ২৮ অক্টোবরের আগেই পদত্যাগ করে বুদ্ধিমত্তার পরিচয় দেওয়া। ২৮ অক্টোবরের পর সরকার পালানোর পথ খুঁজে পাবে না। দেশে-বিদেশে কোথাও তাঁদের স্থান হবে না। সরকার পুলিশ ও র‌্যাব কে দলীয় বাহিনী হিসেবে বিএনপি’র বিরুদ্ধে ব্যবহার করছে যার ফলশ্রুতিতে সারাবিশ্বে এই বাহিনীর সুনাম ক্ষুন্ন হচ্ছে এবং বিতর্কিত কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ হচ্ছে।
আবদুল্লাহ আল নোমান বলেন, বিএনপি’র ২৮ অক্টোবরের মহাসমাবেশের প্রস্তুতি দেখে সরকারের হৃদকম্পন শুরু হয়ে গেছে। সরকার হুংকার ছেড়ে ২৮ অক্টোবরের মহাসমাবেশ বাধাগ্রস্থ করতে চাই কিন্তু তাতে কোন লাভ হবে না কারণ ২৮ অক্টোবর ঢাকা শহর থাকবে বিএনপি’র নেতৃত্বে জনগণের দখলে। জনতার গণজোয়ারে আওয়ামীলীগ বুড়িগঙ্গা নদীতে তলিয়ে যাবে।
আবদুল্লাহ আল নোমান ২৮ অক্টোবরের মহাসমাবেশে সব ধরণের সর্বাথক প্রস্তুতি নিয়ে যথা সময়ে উপস্থিত হওয়ার জন্য দক্ষিণ জেলা বিএনপি’র নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, স্বৈরাচারের পতন ঘটিয়ে বিজয়ের পতাকা হাতে নিয়ে ঘরে ফেরার প্রত্যয়ে সবাই এই মহাসমাবেশে যোগদান করুন। বিজয় আসবেই।
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র আহ্বায়ক আবু সুফিয়ানের সভাপিতত্বে ও যুগ্ম আহ্বায়ক এনামুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত মত বিনিময় সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব মোশাররফ হোসেন, এডভোকেট ফোরকান, আবদুল গাফফার চৌধুরী, কামরুল ইসলাম হোসাইনী, এস. এম. মামুন মিয়া, লায়ন নাজমুল মোস্তফা আমিন, মুজিবুর রহমান, জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর, সিরাজুল ইসলাম সওদাগর, আলহাজ্ব মোস্তাফিজুর রহমান, এড. ফৌজুল আমিন, খোরশেদ আলম, মফজল আহমদ চৌধুরী, নুরুল ইসলাম সওদাগর, জামাল হোসেন, ভিপি মোজাম্মেল হক, মেজবাহ উদ্দিন চৌধুরী জাহেদ, হুমায়ুন কবির আনসার, হাজী মোঃ রফিক, ইসহাক চৌধুরী, হামিদুল হক মান্নান, অধ্যাপক এহসান মৌলা, নুরুল কবির, মঈনুল আলম ছোটন, সলিম উদ্দীন চৌধুরী খোকন, জেলা যুবদলের সভাপতি – মোহাম্মদ শাহজাহান, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ডা: মহসিন খাঁন তরুন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জমির উদ্দীন চৌধুরী, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিন, বিএনপি নেতা ইব্রাহিম বিন খলিল, মাষ্টার মোহাম্মদ লোকমান, মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, গাজী আবু তাহের, হাজী মোহাম্মদ ওসমান, ইলিয়াস কাঞ্চন (চেয়ারম্যান), হাসান চৌধুরী (চেয়ারম্যান) আবুল কালাম আবু (চেয়ারম্যান), আবু সেলিম চৌধুরী, শওকত ওসমান, জেলা জাসাসের আহ্বায়ক জসীম উদ্দীন চৌধুরী, সদস্য সচিব নাসির উদ্দীন, জেলা ছাত্রদলের সদস্য সচিব কামরুদ্দিন সবুজ, জেলা মহিলা দলের সিনিয়র যুগ্ম সম্পাদক ফাতেমা আক্তার মুন্নি, ওলামা দলের আহ্বায়ক হাফেজ মৌলানা মোঃ ফোরকান, সদস্য সচিব হাফেজ জাবের হোসাইন চৌধুরী, জেলা যুবদল নেতা শাহজাহান চৌধুরী, মোজাম্মেল হক, হামিদুর রহমান পিয়ারু, আবু আহমেদ, জেলা ছাত্রদল নেতা মোহাম্মদ ফিরোজ প্রমুখ।

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 4:01 pm
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে হঠাৎ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা।

 

একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

বিক্ষোভরত শ্রমিকরা জানান, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অন্যায়ভাবে লাঠিচার্জ ও নির্বিচারে গ্রেপ্তারের অভিযোগও তুলেছেন তারা। স্থানীয় নেতাকর্মী ও বহিরাগত সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন শ্রমিকরা।

 

এদিকে শ্রমিক বিক্ষোভের খবর ছড়িয়ে পড়লে মহাসড়কের আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

 

অন্যদিকে মহাসড়ক অবরোধের কারণে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন আটকে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা।

 

শ্রমিকদের বিক্ষোভ চললেও সকাল থেকে ঘটনাস্থল ও আশপাশের মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

মহাসড়ক অবরোধের কারণে সৃষ্ট অচলাবস্থা কখন কাটবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন যাত্রীরা।