খুঁজুন
, ,

অত্যাচারের মাত্রা যত বাড়বে সরকারের পতন ততই সন্নিকটে: এনামুল হক এনাম

ডেস্ক নিউজ
প্রকাশিত: Friday, 20 October, 2023, 1:44 pm
অত্যাচারের মাত্রা যত বাড়বে সরকারের পতন ততই সন্নিকটে: এনামুল হক এনাম

বিএনপির গ্রেফতার নেতাকর্মীরা মুক্তি পেয়ে আন্দোলনের বারুদে পরিণত হচ্ছেন বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম।

তিনি বলেছেন, সরকার আমাদের নেতাকর্মীদের একের পর এক মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করে মনে করছে চলমান আন্দোলন স্তব্ধ করে দেবে। কিন্তু না, গ্রেফতার হওয়া নেতাকর্মীরা মুক্তি পেয়ে আন্দোলনের বারুদে পরিণত হচ্ছে এবং খাটি স্বর্ণে রুপান্তরিত হচ্ছে। এ সরকার যত বেশি অত্যাচার করবে, ততই এ সরকারের পতন সন্নিকটে আসবে।

শুক্রবার (২০ অক্টোবর) পটিয়ায় নিজ বাসভবনে সদ্য কারামুক্ত পটিয়া পৌরসভা বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম সওদাগর, পটিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব খোরশেদ আলম, পটিয়া উপজেলার কেলিশহর ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল আলম মেম্বার,
পটিয়া পৌরসভার ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি জসীম উদ্দীন মোল্লা, পটিয়া পৌরসভার ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান আবু, পৌরসভা বিএনপি নেতা আবদুল করিম, পৌরসভা শ্রমিক দলের সভাপতি নুরুল আবচার, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সম্পাদক আল রায়হান সোহেল, জাহাঙ্গীর আলম, ক্রীড়া সম্পাদক আবদুস সালাম, পটিয়া পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক আকতারুজ্জমান বাবলু, মোহাম্মদ বেলাল, পৌরসভা যুবদল নেতা এস এম রেজা রিপন, উপজেলা যুবদল নেতা মোহাম্মদ কাজিম উদ্দিন, পৌরসভা ছাত্রদল নেতা মোহাম্মদ ইমরানকে দেওয়া এক সম্বর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এ সময় পটিয়া পৌরসভা বিএনপির সদস্য সচিব গাজী আবু তাহের, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মফজল আহমদ চৌধুরী, যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম নেছার, একেএম জসীম উদ্দীন, মনির আহমদ সেলিম, মঈনুল আলম ছোটন, শফিকুল ইসলাম, সাইফুূূ্দ্দিন আহমেদ, হাজী কামাল উদ্দীন, পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল ফয়েজ, তৌহিদুল আলম, আবুল কাশেম, আবদুল মাবুদ, বিএনপি নেতা হারুনুর রশীদ চৌধুরী, জামাল হোসেন, পটিয়া পৌরসভা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুল হক, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি শাহজাহান চৌধুরী, পটিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক ইয়াসির আরাফাত ইয়াসিন, পৌরসভা যুবদলের আহ্বায়ক আবছার উদ্দীন সোহেল, সদস্য সচিব হাবিবুর রহমান রিপন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মামুনুর রশীদ প্রমূখ উপস্থিত ছিলেন।এনামুল হক এনাম বলেন, বর্তমান সরকারের সীমাহীন দুর্নীতি, লুটতরাজ শুধু দেশের মানুষই জানে না, বহিঃবিশ্বও অবগত। তাই এ সরকার আজ বন্ধুহীন হয়ে পড়েছে। সরকার আজ দিকশূন্য হয়ে পড়েছে। ক্ষমতায় টিকে থাকার জন্য তারা হিংস্র হয়ে উঠেছে। তাদের সময় শেষ হয়ে আসছে। জনগণ তাদের লাল কার্ড দেখিয়েছে।
তিনি বলেন, কারামুক্ত নেতাকর্মীরা আগের যেকোনো সময়ের চেয়ে উজ্জীবিত এবং যেকোনো মূল্যে এই ফ্যাসিবাদের পতন ঘটানোর জন্যে আন্দোলনে সংগ্রামে প্রস্তুত আছে। মামলা হামলা জেল জুলুম আমাদের নিত্যদিনের সঙ্গী। এগুলো দিয়ে সরকার তার পতনের অন্তিম মুহূর্ত ঠেকিয়ে রাখতে চাইছে। এতে করে তাদের পতন ত্বরান্বিত হবে। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির নেতাকর্মীরা অবৈধ ভোট চোর সরকারের পতনের এক দফা আন্দোলনে প্রস্তুত আছে। অচিরেই জনগনের দাবী বাস্তবায়ন হবে।

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 4:01 pm
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে হঠাৎ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা।

 

একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

বিক্ষোভরত শ্রমিকরা জানান, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অন্যায়ভাবে লাঠিচার্জ ও নির্বিচারে গ্রেপ্তারের অভিযোগও তুলেছেন তারা। স্থানীয় নেতাকর্মী ও বহিরাগত সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন শ্রমিকরা।

 

এদিকে শ্রমিক বিক্ষোভের খবর ছড়িয়ে পড়লে মহাসড়কের আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

 

অন্যদিকে মহাসড়ক অবরোধের কারণে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন আটকে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা।

 

শ্রমিকদের বিক্ষোভ চললেও সকাল থেকে ঘটনাস্থল ও আশপাশের মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

মহাসড়ক অবরোধের কারণে সৃষ্ট অচলাবস্থা কখন কাটবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন যাত্রীরা।