খুঁজুন
, ,

চট্টগ্রাম বন্দরে ২৪টি ইকুইপমেন্ট ও ক্রেনও উদ্বোধন

বাংলাদেশের সক্ষমতা কোথায় গেছে গোটা বিশ্বকে জানিয়ে দিতে চাই -নৌ পরিবহন প্রতিমন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 15 October, 2023, 11:03 am
বাংলাদেশের সক্ষমতা কোথায় গেছে গোটা বিশ্বকে জানিয়ে দিতে চাই -নৌ পরিবহন প্রতিমন্ত্রী

চট্টগ্রাম বন্দরের জন্য আনা ৩৯৪ কোটি টাকার ২৪টি ইকুইপমেন্ট ও ১০০ টন ধারণ ক্ষমতার ক্রেনও উদ্বোধন করা হয়েছে্। চট্টগ্রাম বন্দরের উৎপাদনশীলতা ও সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে এসব ইকুইপমেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন। নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী আজ রোববার এসব ইকুইপমেন্ট উদ্বোধন করেন।

প্রতিমন্ত্রী বলেছেন, বাংলাদেশের সক্ষমতা কোথায় গেছে গোটা বিশ্বকে জানিয়ে দিতে চাই। আমরা বিশ্বের সঙ্গে থাকতে চাই।মেরিটাইম বাদ দিয়ে উন্নত বাংলাদেশ সম্ভব নয়। তাই সরকার মেরিটাইম খাতে গুরুত্ব দিচ্ছে।আমাদের সমুদ্র আজ অবারিত। বঙ্গবন্ধু টানেল উদ্বোধন হলে শুধু বন্দর নয় সারা দেশ সুফল ভোগ করবে।
রোববার (১৫ অক্টোবর) চট্টগ্রাম বন্দরের নতুন ইক্যুইপমেন্ট উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বন্দরের এনসিটি বার্থে বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোস্তফা কামাল।
চারটি গ্যান্ট্রি ক্রেন, ৬টি রিচ স্টেকার, ২টি মোবাইল ক্রেন, ৪টি ভিআরপি, ২টি ৫০ টন ধারণক্ষমতার এবং দুটি ১০০ টন ধারণক্ষমতার ক্রেন এবং ২টি কন্টেনার মুভার রয়েছে। এই ২৪টি ক্রেন আমদানি করতে খরচ হয়েছে মোট ৩৯৩ কোটি ৩২ লাখ টাকা।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মোহাম্মদ ওমর ফারুক বলেন, ১ হাজার কোটি টাকা ব্যয়ে ১০৪টি ইকুইপমেন্ট সংগ্রহের যে প্রকল্প এই ২৪টি ইকুইপমেন্ট তারই অংশবিশেষ। এগুলো বন্দরকে গতিশীল করবে। আমদানি–রপ্তানি খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জানা যায়, চট্টগ্রাম বন্দরের ইকুইপমেন্ট বহরের বহু যন্ত্রপাতি অনেকদিনের পুরনো। প্রায় ১২৫টি ইকুইপমেন্টের এই বহরের অনেকগুলোর আয়ুষ্কাল ফুরিয়ে গেছে। বন্দরের মতো গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠানে ইকুইপমেন্টগুলো ঠিকভাবে চালানো না গেলে উৎপাদনশীলতা ব্যাহত হয়। একইসাথে সক্ষমতা নিয়েও প্রশ্ন তোলার সুযোগ তৈরি হয়।

বন্দরের কার্যক্রম বৃদ্ধি পাওয়ার সাথে সাথে ইকুইপমেন্টের চাহিদাও দিন দিন বৃদ্ধি পাচ্ছিল। এই অবস্থায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ প্রায় ১ হাজার কোটি টাকা ব্যয়ে চারটি কী গ্যান্ট্রি ক্রেনসহ মোট ১০৪টি ইকুইপমেন্ট কেনার বড় একটি প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেয়। চারটি কী গ্যান্ট্রি ক্রেন ছাড়াও এই প্রকল্পের আওতায় ২টি মোবাইল ক্রেন (১০০ টন), ২টি মোবাইল ক্রেন (৫০ টন), ২টি মোবাইল ক্রেন (৩০ টন), ১২টি মোবাইল ক্রেন (২০ টন), ২৩টি মোবাইল ক্রেন (১০ টন), ১১টি রাবার টায়ার্ড গ্যান্ট্রি ক্রেন (আরটিজি), ২১টি ফোর–হাই স্ট্র্যাডেল ক্যারিয়ার, ৬টি টু–হাই স্ট্র্যাডেল ক্যারিয়ার, ৪টি রিচ স্টেকার (লোড), ২টি কন্টেনার মোভার, ৪টি ভেরিয়েবল রিচ ট্রাক (৪৫ টন), ২টি লগ হ্যান্ডলার–স্টেকার, ৪টি ফর্ক লিফট ট্রাক (২০ টন) ১টি ম্যাটেরিয়াল–মাল্টি হ্যান্ডলার (৩৫ টন), ২টি লো বেড ট্রেইলার, ২টি হেভি ট্রাক্টর পাওয়ার রয়েছে। এর মধ্যে শুধুমাত্র ৪টি কী গ্যান্ট্রি ক্রেন কেনার জন্য খরচ হয়েছে আড়াইশ কোটির বেশি টাকা। এর বাইরে ১০০ টন ধারণক্ষমতা এবং ৫০ টন ধারণক্ষমতার ক্রেনগুলোর দামও অনেক। এছাড়া আরটিজি, মোবাইল হারবার ক্রেন, রিচ স্ট্রেকারসহ সবগুলো ইকুইপমেন্ট দামি। ইতোমধ্যে ১ হাজার কোটি টাকার এই প্রকল্পের অধিকাংশ ইকুইপমেন্ট বন্দরের বহরে যুক্ত হয়েছে। চট্টগ্রাম বন্দরে ইতোপূর্বে সর্বোচ্চ ৮৪ টন ধারণক্ষমতার ক্রেন ছিল। এই প্রথম বন্দরে ১০০ টন ধারণক্ষমতার ক্রেন যুক্ত হলো।
এর আগে নৌপরিবহন প্রতিমন্ত্রী চট্টগ্রামে ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট (এনএমআই) এর ২৫তম ও এনএমআই মাদারীপুরের ১৪তম ব্যাচের পাসিং আউট অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন শিপিং সেক্টরে দক্ষ মানবসম্পদ সৃষ্টির লক্ষ্যে কুড়িগ্রাম, রাজশাহী, দিনাজপুর ও মেহেরপুরে আরো চারটি ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হচ্ছে।

ইতোমধ্যে ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট, চট্টগ্রামের নিয়ন্ত্রণে ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট মাদারীপুর প্রতিষ্ঠা করা হয়েছে। শীঘ্রই এটি উদ্বোধন করা হবে। সেখানে প্রতি ব্যাচে ৩০০ জন করে দুটি ব্যাচে প্রতিবছর ৬০০ জনকে প্রশিক্ষণ প্রদান করা যাবে।

প্রতিমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে দেশের সকল সেক্টর একযোগে কাজ করে যাচ্ছে। বাংলাদেশ স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের যোগ্যতা অর্জন করেছে এবং উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশে পরিণত হওয়ার পথে এগিয়ে চলছে। এরই অংশীদার হিসেবে শিপিং সেক্টর জাতির পিতার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সরকারের নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হয়েছে। তাই শিপিং সেক্টরে দক্ষ মানবসম্পদ সৃষ্টির লক্ষ্যে ট্রেনিং ইনস্টিটিউশনসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 4:01 pm
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে হঠাৎ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা।

 

একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

বিক্ষোভরত শ্রমিকরা জানান, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অন্যায়ভাবে লাঠিচার্জ ও নির্বিচারে গ্রেপ্তারের অভিযোগও তুলেছেন তারা। স্থানীয় নেতাকর্মী ও বহিরাগত সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন শ্রমিকরা।

 

এদিকে শ্রমিক বিক্ষোভের খবর ছড়িয়ে পড়লে মহাসড়কের আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

 

অন্যদিকে মহাসড়ক অবরোধের কারণে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন আটকে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা।

 

শ্রমিকদের বিক্ষোভ চললেও সকাল থেকে ঘটনাস্থল ও আশপাশের মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

মহাসড়ক অবরোধের কারণে সৃষ্ট অচলাবস্থা কখন কাটবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন যাত্রীরা।