খুঁজুন
, ,

কোন অজুহাতে দক্ষিণ চট্টগ্রামে পরিবহন সুযোগ সীমিত করা যাবে না – খোরশেদ আলম সুজন

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 12 October, 2023, 2:23 pm
কোন অজুহাতে দক্ষিণ চট্টগ্রামে পরিবহন সুযোগ সীমিত করা যাবে না – খোরশেদ আলম সুজন

কোন অজুহাতে দক্ষিণ চট্টগ্রামে পরিবহন সুযোগ সীমিত করা যাবে না বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর ১৪ দলের সমন্বয়ক এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন। আজ বৃহস্পতিবার (১২ অক্টোবর ২০২৩ইং) এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি দক্ষিণ চট্টগ্রামে পরিবহন সুযোগ সীমিত না করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান।
এসময় সুজন বলেন সম্প্রতি হঠাৎ করে বিভিন্ন দাবীতে আকস্মিক ধর্মঘট পালন করেন বিভিন্ন পরিবহন মালিক-শ্রমিক সংগঠন। আকস্মিক ধর্মঘটের কারণে ভোগান্তিতে পড়ে শত শত যাত্রী। হঠাৎ করে ডাকা এ ধর্মঘটে চট্টগ্রামের বিভিন্ন রুটে কোনো বাস না ছাড়ার কারণে যাত্রীরা কর্ণফুলী শাহ আমানত সেতু এলাকায় আটকা পড়েন। দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন উপজেলা, পৌরসভা এবং ইউনিয়নে শিক্ষকতাসহ সরকারি-বেসরকারি নানা পেশায় কর্মরত নারী-পুরুষগণ প্রতিদিন এসব বাসে করে আসা যাওয়া করে। হঠাৎ করে ডাকা ধর্মঘটের ফলে সাধারন নাগরিকের মূল্যবান সময় অপচয়ের পাশাপাশি অফিসগামী মানুষজন চরম বেকায়দায় পড়েন। দাবী আদায়ের জন্য এভাবে সাধারন জনগনকে জিম্মি করা কোনভাবেই কাম্য নয়। পরিবহন সুবিধা বৃদ্ধি না করে পরিবহন সুবিধা সংকুচিত করা কোনভাবেই উচিত হবে না। এর ফলে পরিবহন খাতে যে এক প্রকার নৈরাজ্য সৃষ্টি হবে তা বলার অপেক্ষা রাখেনা। আমরা এও জানি যে কর্ণফুলী শাহ আমানত সেতু থেকে দক্ষিণ চট্টগ্রামগামী বাসগুলো প্রতিনিয়ত যাত্রী সাধারণকে জিম্মি করে রাখে। যাত্রীদের উপর অমানবিক আর্থিক নির্যাতন করে এসব পরিবহনের চালক এবং সহকারীরা। বিআরটি’র অনুমোদিত ভাড়া থেকেও অধিক হারে যাত্রীদের কাছ থেকে ভাড়া আদায় করে তারা।

তাদের অন্যায্য দাবীর বিরুদ্ধে প্রতিবাদ করলে তারা যাত্রীদের শারীরিক নির্যাতন করতেও দ্বিধা করেনা। বিশেষ করে বৃহস্পতিবার বিকেল আসলেই দক্ষিণ চট্টগ্রামগামী ঘরমূখী মানুষের স্রোত তীব্র হয়ে উঠে। তখন তাদের নির্যাতনের মাত্রা আরো বৃদ্ধি পায়। ঐদিন ঘন্টার পর ঘন্টা দাড়িয়ে থাকলেও দক্ষিণ চট্টগ্রামগামী বাসে কোন সিট পাওয়া যায় না। তাদের চাহিদামতো ভাড়া দিতে অস্বীকৃতি জানালে এসব গাড়ির চালক এবং সহকারীরা গাড়ী না চালানোরও হুমকি দেয়। দিনের পর দিন শাহ আমানত সেতু এলাকায় পরিবহন নিয়ে এরকম অরাজকতা চললেও যাত্রীদের কল্যাণে কেউ এগিয়ে আসছে না বলে অভিযোগ যাত্রীদের। যেন এসব অরাজকতা দেখার কেউ নেই। এমতাবস্থায় উক্ত সমস্যা নিরসণে প্রতি বৃহস্পতিবার চট্টগ্রাম থেকে নাজিরহাট-দোহাজারীগামী একাধিক লোকাল ট্রেন চালু করার অনুরোধ জানান তিনি। এর ফলে যাত্রী সাধারনের ভোগান্তি অনেকটা লাঘব হবে এবং পরিবহন মালিক-শ্রমিকদের অযাচিত উৎপাত থেকেও রক্ষা পাবে সাধারণ যাত্রীগণ। যাত্রী অনুপাতে পর্যাপ্ত গাড়ী না হওয়া পর্যন্ত কোনভাবেই দক্ষিণ চট্টগ্রামে পরিবহন সুযোগ সীমিত না করারও অনুরোধ জানান তিনি। এছাড়া উক্ত সমস্যা নিরসণে প্রতি বৃহস্পতিবার চট্টগ্রাম থেকে নাজিরহাট-দোহাজারীগামী স্পেশাল ট্রেন সার্ভিস চালু করার জন্য রেলওয়ের প্রতি অনুরোধ জানান চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন।

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 4:01 pm
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে হঠাৎ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা।

 

একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

বিক্ষোভরত শ্রমিকরা জানান, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অন্যায়ভাবে লাঠিচার্জ ও নির্বিচারে গ্রেপ্তারের অভিযোগও তুলেছেন তারা। স্থানীয় নেতাকর্মী ও বহিরাগত সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন শ্রমিকরা।

 

এদিকে শ্রমিক বিক্ষোভের খবর ছড়িয়ে পড়লে মহাসড়কের আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

 

অন্যদিকে মহাসড়ক অবরোধের কারণে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন আটকে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা।

 

শ্রমিকদের বিক্ষোভ চললেও সকাল থেকে ঘটনাস্থল ও আশপাশের মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

মহাসড়ক অবরোধের কারণে সৃষ্ট অচলাবস্থা কখন কাটবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন যাত্রীরা।