খুঁজুন
, ,

ইসলামী যুবসেনার মানববন্ধন ও বিক্ষোভ

ইসরায়েলি বর্বরতার অবসান ঘটাতে জাতিসংঘকে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্যোগ নিতে হবে

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 12 October, 2023, 2:03 pm
ইসরায়েলি বর্বরতার অবসান ঘটাতে জাতিসংঘকে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্যোগ নিতে হবে

বাংলাদেশ ইসলামী যুবসেনা নগর, উত্তর ও দক্ষিণ জেলার উদ্যোগে ফিলিস্তিনি মুসলমানদের ওপর ইসরায়েলি বর্বরতা ও গণহত্যার প্রতিবাদে এবং স্বাধীন সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন আজ ১২ অক্টোবর বৃহস্পতিবার বিকালে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত হয়। নগর উত্তর যুবসেনা সভাপতি মুহাম্মদ হাবিবুল মোস্তফা সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট প্রেসিডিয়াম সদস্য এম. সোলায়মান ফরিদ। প্রধান বক্তা ছিলেন ইসলামী যুবসেনা কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মুহাম্মদ এমরানুল ইসলাম। সমাবেশে বক্তারা বলেন, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রে অবৈধভাবে গায়ের জোরে প্রতিষ্ঠিত ইহুদিবাদি ইসরায়েল ফিলিস্তিনিদের জন্য আজ বড় হুমকি হিসেবে দেখা দিয়েছে। ইসরায়েলি সেনারা প্রতিনিয়ত ফিলিস্তিনি মুসলমানদের রক্ত ঝরাচ্ছে। একের পর এক অবৈধ বসতি গড়ে তুলছে ফিলিস্তিনের ভূমি দখল করে। ইসরায়েলিরা এখন আরো জঘন্য ও বর্বর হয়ে উঠেছে। নির্বিচারে ফিলিস্তিনিদের খুন করছে। খাদ্য, পানীয়, বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ বন্ধ করার মাধ্যমে ফিলিস্তিনে চরম মানবিক বিপর্যয় সৃষ্টি করছে ইসরায়েল। বক্তারা বলেন, ফিলিস্তিনে ইসরায়েলি নৃশংসতা ও দখলদারিত্বের অবসান ঘটাতে জাতিসংঘ, আরবলীগ ও ওআইসিকে অবিলম্বে স্বাধীন সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্যোগ নিতে হবে। না হয় ইসরায়েলি বর্বরতা থেকে ফিলিস্তিনি মুসলমানরা কোনো দিনই মুক্তি পাবে না। বক্তারা মুসলিম বিশ্বসহ সকল দেশকে ফিলিস্তিনিদের এই চরম বিপর্যয়কালে সর্বশক্তি নিয়ে তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। নগর উত্তর যুবসেনা সাধারণ সম্পাদক বদরুল হুদা তারেকের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় প্রচার সচিব মাস্টার মুহাম্মদ আবুল হোসাইন, প্রকাশনা সচিব সৈয়দ মুহাম্মদ আবু আজম, মজলিসে শুরা সদস্য মাওলানা সৈয়দ আমান উল্লাহ আমান সমরকন্দি, ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় কৃষি ও বাণিজ্য সচিব এম. মহিউল আলম চৌধুরী, ইসলামী যুবসেনা কেন্দ্রীয় সহ-সভাপতি মুহাম্মদ ইব্রাহিম খলিল, ইসলামী ফ্রন্ট নগর দক্ষিণের সভাপতি মাওলানা গিয়াস উদ্দিন নেজামী, সাধারণ সম্পাদক মুহাম্মদ আলমগীর ইসলাম বঈদী, মাওলানা সোহাইল উদ্দিন আনসারী, যুবসেনা কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মুহাম্মদ আব্দুর রসূল, যুবসেনা উত্তর জেলা সভাপতি আজিম উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, দক্ষিণ জেলা সিনিয়র সহ-সভাপতি সৈয়দ সালাউদ্দিন খোকন, নগর দক্ষিণ সভাপতি মুহাম্মদ জামাল উদ্দিন, নগর দক্ষিণ সাধারণ সম্পাদক মুহাম্মদ মহিউদ্দিন, ছাত্রসেনা কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ ইয়াসিন আরাফাত, মুহাম্মদ বেলাল কাদেরী, শফিউল করিম প্রমুখ। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে ইসলামী যুবসেনা ও ছাত্রসেনার বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 4:01 pm
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে হঠাৎ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা।

 

একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

বিক্ষোভরত শ্রমিকরা জানান, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অন্যায়ভাবে লাঠিচার্জ ও নির্বিচারে গ্রেপ্তারের অভিযোগও তুলেছেন তারা। স্থানীয় নেতাকর্মী ও বহিরাগত সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন শ্রমিকরা।

 

এদিকে শ্রমিক বিক্ষোভের খবর ছড়িয়ে পড়লে মহাসড়কের আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

 

অন্যদিকে মহাসড়ক অবরোধের কারণে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন আটকে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা।

 

শ্রমিকদের বিক্ষোভ চললেও সকাল থেকে ঘটনাস্থল ও আশপাশের মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

মহাসড়ক অবরোধের কারণে সৃষ্ট অচলাবস্থা কখন কাটবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন যাত্রীরা।