খুঁজুন
, ,

আল্লামা সৈয়দ মুহাম্মদ তাহের শাহ্ ও আল্লামা সৈয়দ মুহাম্মদ সাবির শাহ্-এর চট্টগ্রাম ত্যাগ

ডেস্ক নিউজ
প্রকাশিত: Tuesday, 10 October, 2023, 1:13 pm
আল্লামা সৈয়দ মুহাম্মদ তাহের শাহ্ ও আল্লামা সৈয়দ মুহাম্মদ সাবির শাহ্-এর চট্টগ্রাম ত্যাগ

৯ রবিউল আউয়াল ঢাকায় এবং বিগত ১২ রবিউল আউয়াল চট্টগ্রামে বর্ণাঢ্য জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (দ.) তে অংশ নিতে চট্টগ্রামে আসা সিরিকোট দরবার শরিফের তিন বরেণ্য বুজুর্গ ব্যক্তিত্ব রাহনুমায়ে শরিয়ত ও তরিকত আওলাদে রাসূল (দ.) আল্লামা সৈয়দ মুহাম্মদ তাহের শাহ্ (ম.জি.আ.), পীরে বাঙাল আল্লামা সৈয়দ মুহাম্মদ সাবির শাহ্ (ম.জি.আ.) এবং শাহজাদা আল্লামা সৈয়দ মুহাম্মদ কাসেম শাহ্ (ম.জি.আ.) গতকাল সোমবার ৯ অক্টোবর সকালে ঢাকার উদ্দেশ্যে চট্টগ্রাম ত্যাগ করেন। ১১ অক্টোবর বুধবার তাঁরা স্বদেশের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন। গতকাল তিন মাশায়েখে হযরাতের চট্টগ্রাম ত্যাগকালে হাজার হাজার দ্বীনদার সুন্নি তরিকতপন্থি মানুষ তাঁদের প্রতি হৃদয়ের গভীরতম ভালোবাসা, মহব্বত ও শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় মুরিদানসহ ভক্ত জনতার চোখে মুখে ছিল বেদনার অশ্রু। বিশেষ করে গাউসে জমান রাহনুমায়ে শরিয়ত ও তরিকত আল্লামা সৈয়দ মুহাম্মদ তাহের শাহ্ (ম.জি.আ.) শারীরিক অসুস্থতার মাঝেও বাংলাদেশের সুন্নি তরিকতপন্থি জনতার হৃদয়ের আকুলতার তাগিদে এদেশে ছুটে আসেন। জশনে জুলুসসহ অনেক মাহফিলে তিনি সশরীরে উপস্থিত হতে না পারলেও হুজুরের দোয়া-সুনজর ভক্ত মুরিদদেরকে বেশ অনুপ্রাণিত ও উজ্জীবিত করেছে। তবে ঢাকা-চট্টগ্রামে লাখো লাখো নবী ওলীপ্রেমী জনতার অংশগ্রহণে অনুষ্ঠিত জশনে জুলুসে এবং নানা সভা সম্মেলন কনফারেন্সের মধ্যমণি ছিলেন পীরে বাঙাল আল্লামা সৈয়দ মুহাম্মদ সাবির শাহ্ (ম.জি.আ.) এবং শাহজাদা আল্লামা সৈয়দ মুহাম্মদ কাসেম শাহ্ (ম.জি.আ.)।

এ তিন বুজুর্গ ব্যক্তিত্ব আনজুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের আমন্ত্রণে গত ২৩ সেপ্টেম্বর বাংলাদেশে আসেন। ২৫ সেপ্টেম্বর (৯ রবিউল আউয়াল) সোমবার রাজধানী ঢাকায় এবং ২৮ সেপ্টেম্বর চট্টগ্রাম নগরে অনুষ্ঠিত জশনে জুলুসে নেতৃত্ব দেন আওলাদে রাসূল (দ.) পীরে বাঙাল আল্লামা সৈয়দ মুহাম্মদ সাবির শাহ্ (ম.জি.আ.)। গত ২৯ সেপ্টেম্বর শুক্রবার এবং ৬ অক্টোবর শুক্রবার জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা সংলগ্ন জুলুস ময়দানে পর পর দুটি জুমায় খুতবা দেন এবং জুমার নামাজ পড়ান পীরে বাঙাল আল্লামা সৈয়দ মুহাম্মদ সাবির শাহ্ (ম.জি.আ.)। এসময় উপস্থিত ছিলেন শাহজাদা আল্লামা সৈয়দ মুহাম্মদ কাসেম শাহ্ (ম.জি.আ.)। ২৯ সেপ্টেম্বর প্রথম জুমার নামাজ শেষে বিশেষ মুনাজাত পরিচালনা করেন গাউসে জমান আল্লামা সৈয়দ মুহাম্মদ তাহের শাহ্ (ম.জি.আ.)। মুনাজাতে তিনি মুসলিম উম্মাহর কল্যাণ, দেশ ও বিশ্ববাসীর শান্তি সমৃদ্ধি এবং বিশ্বের নিপীড়িত মানবতার পরিত্রাণ কামনা করেন।

চট্টগ্রামে টানা ১৪ দিন অবস্থান করে হুজুর কেবলা আল্লামা সৈয়দ মুহাম্মদ সাবির শাহ্ (ম.জি.আ.) গাউসিয়া কমিটির বাংলাদেশ এর বিভিন্ন শাখার উদ্যোগে আয়োজিত রাউজান, রাঙ্গুনিয়া, বোয়ালখালী, পটিয়া ও চন্দনাইশের বেশ কয়েকটি রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে যোগদান করে বেশ তাৎপর্যপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। এ কয়দিনে তিনি জামেয়া জুলুস মাঠে এবং আলমগীর খানকায়ে কাদেরিয়া সৈয়দিয়া তৈয়বিয়াসহ নানা মাহফিল কনফারেন্সে পুরুষ ও নারীদেরকে আলাদা ব্যবস্থাপনায় সিলসিলায়ে আলিয়া কাদেরিয়ার বাইয়াত করান এবং তরিকতের ছবক দেন। পুরুষ ছাড়াও পর্দানশিন হাজার হাজার নারীও তরিকতের ছবক নেন হুজুর কেবলার কাছ থেকে। এসব মাহফিলগুলোতে ছিল তরিকতপন্থী সুন্নি জনতার উচ্ছ্বাসমুখর উপস্থিতি।
প্রায় প্রতিটি মাহফিল কনফারেন্সে প্রদত্ত বক্তব্যে পীরে বাঙাল আল্লামা সৈয়দ মুহাম্মদ সাবির শাহ্ (ম.জি.আ.) সুন্নি তরিকতপন্থিসহ সর্বস্তরের নারী পুরুষদেরকে ঐক্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা ধারণ করে শরিয়ত-তরিকতচর্চা বেগবান করার আহ্বান জানান। তিনি জামেয়া, আনজুমান ও আনজুমান পরিচালিত দ্বীনি প্রতিষ্ঠানগুলোর খেদমতে এগিয়ে এসে দুনিয়া-আখিরাতে অশেষ কল্যাণ ও নাজাতের পথ সুগম করার তাগিদ দেন। চট্টগ্রামে আলমগীর খানকাহ্ শরিফে অবস্থানকালে আনজুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নি ট্রাস্ট পরিচালিত এশিয়াখ্যাত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ষোলশহরস্থ জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা পরিদর্শন করেন হুজুর কেবলা আল্লামা সৈয়দ মুহাম্মদ সাব্বির শাহ্ (ম.জি.আ.)। তিনি জামেয়ার সার্বিক পরিবেশ ও পাঠদানসহ নানা বিষয়ে খোঁজখবর নেন এবং জামেয়া পরিচালনা কমিটি, অধ্যক্ষ ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন।

জামেয়ার পড়াশোনার মানসম্মত নিবিড় পরিবেশ ও নানা সুযোগ সুবিধার কথা জেনে হুজুর কেবলা (ম.জি.আ.) খুবই সন্তোষ প্রকাশ করেন। আগামী দিনে জামেয়াকে ঘিরে নানা পরিকল্পনার কথা হুজুর কেবলাকে অবহিত করেন গভর্নিং বডির চেয়ারম্যান অধ্যাপক আবুল মহসিন মুহাম্মদ ইয়াহিয়া খানসহ আনজুমান নেতৃবৃন্দ। গতকাল ৯ অক্টোবর সোমবার ফজর নামাজ শেষে ঢাকার উদ্দেশ্যে চট্টগ্রাম ত্যাগকালে হুজুর কেবলা পীরে বাঙাল আল্লামা সৈয়দ মুহাম্মদ সাবির শাহ্ (মজিআ) সকল তরিকতপন্থিেেক ঐক্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধে উজ্জীবিত হওয়ার আহ্বান পুনর্ব্যক্ত করেন এবং শরিয়ত-তরিকতের খেদমতের পাশাপাশি সর্বস্তরের মানুষের কল্যাণে উৎসর্গীত হবার তাগিদ দেন। হিংসা, বিদ্বেষ, পরনিন্দা ও অনৈক্যের পথ থেকে সবাইকে দূরে থাকার আহ্বান জানান তিনি। দেশ, জাতির শান্তি সমৃদ্ধি এবং বিশ্ব মানবতার কল্যাণ কামনায় বিদায়ী মুনাজাত করেন আওলাদে রাসূল (দ.) গাউসে জমান সৈয়দ মুহাম্মদ তাহের শাহ্ (ম.জি.আ.)। হুজুর কেবলাগণের বিদায়কালে আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট ও গাউসিয়া কমিটি বাংলাদেশ এর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 4:01 pm
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে হঠাৎ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা।

 

একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

বিক্ষোভরত শ্রমিকরা জানান, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অন্যায়ভাবে লাঠিচার্জ ও নির্বিচারে গ্রেপ্তারের অভিযোগও তুলেছেন তারা। স্থানীয় নেতাকর্মী ও বহিরাগত সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন শ্রমিকরা।

 

এদিকে শ্রমিক বিক্ষোভের খবর ছড়িয়ে পড়লে মহাসড়কের আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

 

অন্যদিকে মহাসড়ক অবরোধের কারণে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন আটকে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা।

 

শ্রমিকদের বিক্ষোভ চললেও সকাল থেকে ঘটনাস্থল ও আশপাশের মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

মহাসড়ক অবরোধের কারণে সৃষ্ট অচলাবস্থা কখন কাটবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন যাত্রীরা।