খুঁজুন
, ,

হাটহাজারীর নাঙ্গলমোড়া বাজার সংলগ্ন হালদা নদীর উপর ব্রীজ নির্মাণের দাবী

ডেস্ক নিউজ
প্রকাশিত: Tuesday, 26 September, 2023, 10:03 am
হাটহাজারীর নাঙ্গলমোড়া বাজার সংলগ্ন হালদা নদীর উপর ব্রীজ নির্মাণের দাবী

উত্তর চট্টগ্রামের হাটহাজারী, রাউজান ও ফটিকছড়ির তিন উপজেলার গুরুত্বপূর্ণ সংযোগস্থল সাবেক বৃহত্তর গুমানমর্দন এলাকার নাঙ্গলমোড়া বাজার সংলগ্ন (বহরম মাঝির ঘাট) হালদা নদীর পূর্ব – পশ্চিম পাড়ের বিস্তীর্ণ এলাকার জনসাধারণের দীর্ঘদিনের জনদুর্ভোগ নিরসন ও সর্ব সাধারণের যাতায়াতের সুবিধার্থে একটি পাকা ব্রীজ নির্মাণের দাবী জানিয়েছেন চট্টগ্রামের ৩২ জন বিশিষ্ট আইনবিদ । হাটহাজারী, ফটিকছড়ি ও রাউজান উপজেলার সরকারহাট- মোহাম্মদ তকিরহাট- গহিরার গুরুত্বপূর্ণ এই সংযোগস্থলে বিশিষ্ট অলি আল্লাহ, পীরে কামেল হজরত মঈজুদ্দিন শাহ্ আল ফারুকি (র) এর নামে একটি সংযোগ ব্রিজ নির্মাণের দাবী স্থানীয়রা দীর্ঘদিন যাবৎ জানিয়ে আসছে। স্থানীয় এলাকার এসব কৃতি আইনজীবীগণ বিবৃতি আরো বলেন, এই গুরুত্বপূর্ণ ব্রিজটি প্রতিবছর স্থানীয়রা বাঁশ দিয়ে নির্মাণ করে বহু কষ্টে জনসাধারণের পারাপারের ব্যবস্থা করে থাকেন। বর্ষায় খরস্রোতা হালদার জোয়ারে বাঁশের সংযোগ ব্রিজটি ভেঙে যায়, প্রায় সময় মৃত্যুর ঝুঁকি নিয়ে উভয় তীরের মানুষকে নৌকা পারাপার করতে হয়। সরকারের আধুনিক উন্নয়নের রোল মডেল থেকে বাদ পড়া এলাকাটির হাজার নর নারী, শিক্ষার্থী, রোগী, ব্যবসায়ী সহ দৈনন্দিন প্রয়োজনে উভয় তীরের হাজার হাজার আবাল বৃদ্ধ বনিতা দীর্ঘ পথ অতিক্রম করে নিজ নিজ এলাকা থেকে যাতায়াত করতে হয়। অথচ একটি ব্রিজের অভাবে তিনটি থানা ও উপজেলা এর সম্ভাবনাময় এলাকাটির উন্নয়ন থমকে আছে। অত্যন্ত অবহেলার শিকার এলাকাটি আধুনিক উন্নয়নের ছোঁয়া বঞ্চিত ও অন্ধকার হয়ে আছে ।

স্বাধীনতা যুদ্বকালীন সময়ে এলাকাটি ছিল মুক্তি যোদ্ধাদের প্রাণ, মুক্তি যোদ্ধাদের গ্রাম । মহান মুক্তিযুদ্ধে বিশাল অবদান রাখা সত্বেও হালদার তীরের একটি বিশাল জনপদ ও সম্ভাবনাময় এলাকাটি একটি ব্রীজের অভাবে অন্ধকার হয়ে আছে। এ ব্রিজ হালদার উভয় তীরের বিস্তীর্ণ এলাকাকে সংযোগ ও যোগাযোগে বিশেষ ভূমিকা রেখে আলোকিত করবে, আর খুলে দেবে অপার সম্ভাবনার দ্বার । স্বাধীন বাংলাদেশের অর্ধ শত বছর পেরিয়ে গেছে, আজো হাটহাজারী, ফটিকছড়ি ও রাউজান বাসীর প্রাণের দাবী নাংগলমোড়া বাজার সংলগ্ন হালদা ব্রীজটি নির্মিত হয়নি। জনপ্রতিনিধিরাও নির্বাচনী ওয়াদা রাখতে পারলেন না। ফলে বর্ষা মৌসুমে উভয়পারের যোগাযোগ একেবারে বিচ্ছিন্ন হয়ে যায় । হালদা নদীর স্রোতে নৌকা ডুবিতে প্রায় সময় হতাহতের ঘটনা ঘঠে । স্কুল-কলেজগামী ছাত্রছাত্রী, চাষাবাদ এবং দৈনন্দিন কর্মক্ষেত্রে যাওয়ার মানুষগুলোর দুর্ভোগ চরমে । সামান্য পথ হয়ে যায় কয়েক মাইল দূরত্বের । অথচ একটা ব্রিজ এখানে হতে পারে তিন থানার মিলন মোহনা । বিবৃতিদাতারাএ ব্যাপারে উভয় পাড়ের এমপি (সাংসদ) ও অন্যান্য জনপ্রতিনিধিদের সুদৃষ্টি কামনা করেন ।

বিশেষ করে গুমানমর্দনের কৃতি সন্তান সাবেক মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, এমপি (হাটহাজারী), এ বি এম ফজলুল করিম চৌধুরী,এমপি (রাউজান) ও নজিবুল বশর মাইজভান্ডারী, এমপি (ফটিকছড়ি) মহোদয়গণের আশু হস্তক্ষেপ কামনা করেন । গ্রামীণ জনপদের উন্নয়ন ও অন্যান্য সংকট নিরসনে ব্রিজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধায় এই ব্যাপারে মহান জাতীয় সংসদে বিল আকারে যৌথ প্রস্তাব দেওয়ার জন্য আকুল আবেদন জানানো হয়। নোয়াজিশপুর,নিচিন্তাপুর, নানুপুর এর সাথে নাংগলমোড়া, ছিবাতলী, গুমানমর্দনের গুরুত্বপূর্ণ সংযোগস্থলে হালদা সেতু ও সড়ক নির্মিত হলে পুরো এলাকাটির দীর্ঘদিনের জন দুর্ভোগ লাঘব হবে এবং এলাকাটি দেশের অর্থনীতি ও শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখতে পারবে। বিবৃতিদাতা বিজ্ঞ এডভোকেটবৃন্দগন হলেন যথাক্রমে, সর্বজনাব এডভোকেট মোহাম্মদ নুরুল আমীন(সাবেক উপজেলা চেয়ারম্যান), এড.এ এফ এম মইনুদ্দিন আহমেদ, মানবাধিকার এডভোকেট জিয়া হাবীব আহসান, এড.শফিউল মোরশেদ চৌধুরী, এড.মনিরুল আলম, এড. জহিরুল আলম, এড. আব্দুল মান্নান, এড.জান্নাতুন নাঈম রোমানা, শাহীন হাসান চৌধুরী, এড.নাসিমা বেগম, মোহাম্মদ শাহজাহান,এড. মোহাম্মদ রফিকুল আলম, ব্যারিস্টার সাজিদ মাহমুদ, ব্যারিস্টার সামিরা মাহমুদ, মোঃ তসলিম উদ্দিন, এড.হুমায়ুন কবির এম ফিল, এড. রিয়াজ উদ্দিন আহমেদ, এড. সোহাইল আহমদ, এড. ওসমান জাবেদ,এড. মোহাম্মদ শফিউল আজম, অ্যাডভোকেট তুষার কান্তি মু্ৎসুদ্দী, এড.সূচয়ন মুৎসুদ্দী, এড.তসলিমা বেগম আইরিন, মোস্তফা আনোয়ারুল ইসলাম, এড.আবু মোহাম্মদ এনায়েতুল্লাহ,এড. মোহাম্মদ মিজান উদ্দিন, ক্লিনটন মুসদ্দি, মেহেদী হাসান রিয়াদ, মোহাম্মদ তাওসিফ আমীন,এড. মোহাম্মদ জিয়াউদ্দীন (আরমান), মোঃ সাফির হাসান,এড. ইয়াসির আরাফাত প্রমূখ ৩২ জন স্থানীয় আইনবিদ।

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 4:01 pm
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে হঠাৎ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা।

 

একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

বিক্ষোভরত শ্রমিকরা জানান, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অন্যায়ভাবে লাঠিচার্জ ও নির্বিচারে গ্রেপ্তারের অভিযোগও তুলেছেন তারা। স্থানীয় নেতাকর্মী ও বহিরাগত সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন শ্রমিকরা।

 

এদিকে শ্রমিক বিক্ষোভের খবর ছড়িয়ে পড়লে মহাসড়কের আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

 

অন্যদিকে মহাসড়ক অবরোধের কারণে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন আটকে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা।

 

শ্রমিকদের বিক্ষোভ চললেও সকাল থেকে ঘটনাস্থল ও আশপাশের মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

মহাসড়ক অবরোধের কারণে সৃষ্ট অচলাবস্থা কখন কাটবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন যাত্রীরা।