খুঁজুন
, ,

রাবির ভিসি, প্রো-ভিসিদের নিয়োগ দেওয়াটা শেখ হাসিনার ভুল সিদ্ধান্ত: ছাত্রলীগ নেত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 24 September, 2023, 6:13 am
রাবির ভিসি, প্রো-ভিসিদের নিয়োগ দেওয়াটা শেখ হাসিনার ভুল সিদ্ধান্ত: ছাত্রলীগ নেত্রী

গতকাল শনিবার রাত সাড়ে ১১টায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের আইডি থেকে লাইভে এসে এমন মন্তব্য করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মন্নুজান হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফারজানা আক্তার শশী।তবে আজ রবিবার সকালে ওনার ফেসবুক আইডিতে ওই লাইভটি আর পাওয়া যায়নি।

প্রায় ৫ মিনিটের ওই লাইভে ফারজানা আক্তার শশী বলেছিলেন, ‘যে দলই যখন ক্ষমতায় থাকুক, তখন তারা (ছাত্রসংগঠন) একটু সুবিধা পায়ই। এটা স্বাভাবিক, এটা তো অস্বাভাবিক কিছু না। খালেদা জিয়া (ক্ষমতায়) থাকলে, ছাত্রদলের বড় ভাই-বোনরাও অবশ্যই কিছু সুযোগ-সুবিধা ভোগ করতো। জামায়াতের কেউ (ক্ষমতায়) থাকলেও, তারাও সুযোগ-সুবিধা ভোগ করতো।’

‘একটু সুযোগ-সুবিধা’ ভোগ করার উদাহরণ হিসেবে এই নেত্রী বলেন, ‘কেননা, আমরা দেখছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাজনীতির প্রেক্ষাপটে নব্বইয়ের দশকে একজন মনে হয় ভিসি ছিলেন, যিনি জামায়াত সমর্থিত। ওনার সময়ে ১৯৮২ সালে সর্বপ্রথম মনে হয় শিবিরের কার্যক্রম শুরু হয়। তাহলে আমাদের যেখানে ভিসি ওয়ান-ইলিভেনের পরীক্ষিত নেতা, এ রকম একজন ভিসি আমরা পেয়েছি। তারপরও কেন হলের নেত্রীদেরকে আপনারা (সাংবাদিকরা) এভাবে কোনঠাসা করতে চাচ্ছেন?’

‘কোণঠাসা করতে’ চাওয়ার কারণ জানতে চেয়ে তিনি বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটি নাই, তাই? আমাদের ভাইয়েরা সাবেক হয়েছে, আমরা তো সাবেক হইনি। আমাদের সম্মেলন হবে, সম্মেলনের মাধ্যমে আমাদের ক্ষমতা হস্তান্তর করা হবে। তারপর আপনারা (সাংবাদিকরা) কিছু বলেন। তারপর আমরা হলে থাকি কিনা, হলে আমরা সাধারণ শিক্ষার্থীদেরকে টর্চার করি কিনা। তারপর আপনারা কথা বলেন। তাহলে শুধু শুধু কেন আমাদের নেতাকর্মীদেরকে ছোট করে কোনঠাসা করতে চাচ্ছেন?’

সাংবাদিকদের ভয় পান উল্লেখ করে ফারজানা আক্তার শশী বলেন, ‘যেভাবে সাংবাদিকরা আমাদের পেছনে লেগে পড়ছে, হাঁটতেও ভয় লাগে। একটু যে লিপস্টিক দেব, সেটা দিতেও মনে হয় এখন ভয় হয় যে লিপস্টিক দিলে বলবে যে, এই নেত্রীর টাকার উৎস কোথায়? তার মানে কি আমার মা-বাবা নাই? একটা লিপস্টিক কিনে দেওয়ার মতো ক্ষমতা আমার পিতামাতার নাই? তারা যদি কেজি স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত নিয়ে আসতে পারে, তারা একটা লিপস্টিক কিনে দিতে পারে না? এখন লিপস্টিক যদি একটু বেশি করে দেন, তাহলে তারা ব্রান্ড খুঁজবে। কোন ব্রান্ডের লিপস্টিক দেয়? এটা ১ হাজার টাকা নাকি এটা ১২শ’ টাকা? তাহলে ছাত্রলীগ নেত্রীর সাম্রাজ্য গড়ে তোলা হবে। আমাদের সাম্রাজ্য হচ্ছে, আমরা সিট ভাড়া দিয়ে হলে থাকি, আমরা সবার সঙ্গে ভালো ব্যবহার করি, আমরা শিক্ষার্থীদের কাছাকাছি থাকি, আমরা তাদের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করি। এগুলোই মনে হচ্ছে, আমাদের সবচেয়ে বড় দোষ।’

সাংবাদিকদের অথেনটিক নিউজ করার পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘আসলে এটা কিছু বলার নাই। কি বলব আসলে? আমি লাইভে এসেছিলাম এজন্যই যে, সাংবাদিক ভাইয়েরা যে নিউজই করেন মানে একটু আমাদের..। আমাদের পক্ষে নিউজ করতে বলছি না। যে নিউজটা করবেন, সেটা যেন অথেনটিক হয়। অথেনটিক নিউজ করার চেষ্টা করবেন। সবসময় ওই যে হেডলাইনে ছাত্রলীগকে রাখলেই যে আপনাদের নিউজটা হিট হয়ে যাবে, ভিউ হয়ে যাবে অনেক বেশি, এগুলো চেন্তা করিয়েন না। আমরাও আপনাদেরই বোন। তারাও আপনাদের বোন, আমরাও আপনাদেরই বোন। সর্বোপরি আমরা সবাই সবার।’

তিনি আরও বলেন, ‘আমরাতো কারও ক্ষতি করছি না কখনো। আমরাতো কাউকে মারধর করছি না কখনো। আপনারা আসেন, হলে দেখেন। সাধারণ শিক্ষার্থীদের নিয়ে আপনাদের যদি কোনো নিউজ না থাকে, তাহলে আমরা একটা পদে আছি জন্যই আমরা এতটাই ইয়ে হয়ে গেছি য, আমাদের কোনো কথা বলার রাইট নাই। আপনারা আসেন, আমাদের সঙ্গে কথা বলেন। আপনারা খুঁজে দেখেন যে, কে কি করছে। তার ভিত্তিতেই আপনারা নিউজগুলো তৈরি করেন। আর বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমার অনেক অনুরোধ, স্যার আমরা রাজনীতি করি, যে যে সংগঠনেরই হোক, তাদেরকে যেন কখনোই সাধারণ শিক্ষার্থীদের কাছে ছোটো করা না হয়। আমারতো মনে হচ্ছে, আমাদেরকে ছোটা করাটা উদ্দেশ্যপ্রণোদিত।’

লাইভে আসা ও সেটি ডিলিট করে দেওয়ার কারণ প্রসঙ্গে জানতে ফারজানা আক্তার শশীর মুঠোফোন নম্বরে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলে, তার নম্বরটি ব্যস্ত পাওয়া যায়।

তবে গতরাতে অন্য একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, কিছুদিন ধরে বিশ্ববিদ্যালয়ের হল শাখা ছাত্রলীগ নেত্রীদের নিয়ে অতিরঞ্জিতভাবে নিউজ করে যাচ্ছে সাংবাদিকরা। নিরপেক্ষভাবে সত্যটা তুলে ধরতে সাংবাদিকদের উদ্দেশে লাইভটা করেছেন তিনি।

প্রসঙ্গত, শুক্রবার (২২ সেপ্টেম্বর) অবৈধভাবে নিজের দখলে রাখা সিট ছাড়ার নির্দেশ দেওয়ায় হল গেটে তালা দেওয়ার অভিযোগ ওঠে রাবির রহমাতুন্নেসা হল শাখা ছাত্রলীগের সভাপতি তামান্না আক্তার তন্নির বিরুদ্ধে। এর আগে গত ১১ সেপ্টেম্বর হলের নিয়মকানুন ভঙ্গ করার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলে ঐশী নামে এক ছাত্রলীগ নেত্রীর রুম সিলগালা করে হল প্রশাসন। ঘটনা দুটি নিয়ে বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকরা নিউজ করেছিলেন।

মামলা ছাড়াই যুবলীগ নেতা মাসুমকে গ্রেপ্তারের অভিযোগ, তীব্র নিন্দা ও নিঃশর্ত মুক্তির দাবি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 3:06 pm
মামলা ছাড়াই যুবলীগ নেতা মাসুমকে গ্রেপ্তারের অভিযোগ, তীব্র নিন্দা ও নিঃশর্ত মুক্তির দাবি

চট্টগ্রামের ৩১ নম্বর আলকরণ ওয়ার্ড যুবলীগ নেতা আতিকুর রহমান মাসুমকে গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। কোতোয়ালি থানা পুলিশ কোনো মামলা ছাড়াই এবং বিনা অপরাধে তাঁকে গ্রেপ্তার করে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তাঁর নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন প্রতিবাদকারীরা।

 

প্রতিবাদকারীদের অভিযোগ, আতিকুর রহমান মাসুমের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অপরাধের তথ্য কিংবা মামলার বিষয় সামনে না এনেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। একজন রাজনৈতিক কর্মীকে এভাবে আটক করার ঘটনায় তাঁরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

 

তাঁদের ভাষ্য, আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থে প্রত্যেক নাগরিকের অধিকার নিশ্চিত করা জরুরি। কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে তা যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে তদন্ত ও বিচার হওয়া উচিত। কিন্তু বিনা অপরাধে কাউকে গ্রেপ্তার বা হয়রানি করা কোনোভাবেই কাম্য নয়।

 

এ ঘটনায় কোতোয়ালি থানা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে প্রতিবাদকারীরা তীব্র নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে আতিকুর রহমান মাসুমের গ্রেপ্তারের সুনির্দিষ্ট কারণ জনসমক্ষে তুলে ধরার আহ্বান জানিয়েছেন তাঁরা।

 

তাঁদের জোর দাবি, আতিকুর রহমান মাসুমের বিরুদ্ধে কোনো আইনগত অভিযোগ না থাকলে তাঁকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে। পাশাপাশি গ্রেপ্তারের বিষয়টি স্বচ্ছভাবে পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ারও দাবি জানানো হয়েছে।

 

প্রতিবাদকারীরা বলেন, আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে এবং কোনো নাগরিক যেন অন্যায়ভাবে হয়রানির শিকার না হন, সে বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

 

আতিকুর রহমান মাসুমের গ্রেপ্তারের ঘটনায় এলাকায় আলোচনা ও প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

 

আতিকুর রহমান মাসুমের গ্রেপ্তারের সঠিক কারণ প্রকাশ এবং তাঁর নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সংশ্লিষ্টরা।

‘টু-থার্ড মেজরিটি না পেলে রাজনীতি ছেড়ে দেব’—নানক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Wednesday, 11 November, 2026, 10:54 pm
‘টু-থার্ড মেজরিটি না পেলে রাজনীতি ছেড়ে দেব’—নানক

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানকের নামে একটি রাজনৈতিক বক্তব্যের পোস্টার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে আগামী নির্বাচনে আওয়ামী লীগ দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারলে রাজনীতি ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে।

 

পোস্টারে নানকের নামে উদ্ধৃত বক্তব্যে উল্লেখ করা হয়েছে, ‘দিস ইজ আওয়ামী লীগ, কাল ভোট দিন; টু-থার্ড মেজরিটি না পেলে রাজনীতি ছেড়ে দিব।’

 

পোস্টারটিতে ১১ নভেম্বর ২০২৬ তারিখ উল্লেখ রয়েছে। তবে বক্তব্যটি কোথায়, কখন এবং কোন অনুষ্ঠানে দেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য পোস্টারে উল্লেখ করা হয়নি।

 

এদিকে, বক্তব্যটি রাজনৈতিক মহলে আলোচনার বিষয় হয়ে উঠেছে। তবে প্রচারিত পোস্টারের বক্তব্যের সত্যতা ও পূর্ণাঙ্গ প্রেক্ষাপট নিশ্চিত করতে মূল ভিডিও বা সংশ্লিষ্ট অনুষ্ঠানের নির্ভরযোগ্য সূত্র যাচাই করা প্রয়োজন।

১৪–১৬ নভেম্বর টানা তিন দিনের কর্মসূচি ঘোষণা আওয়ামী লীগের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Wednesday, 11 November, 2026, 10:40 pm
১৪–১৬ নভেম্বর টানা তিন দিনের কর্মসূচি ঘোষণা আওয়ামী লীগের

বাংলাদেশ আওয়ামী লীগ আগামী ১৪ থেকে ১৬ নভেম্বর পর্যন্ত দেশব্যাপী টানা তিন দিনের গণসংযোগ ও গণপ্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে। দলটির ঘোষিত আট দফা দাবি বাস্তবায়ন এবং রাজনৈতিক ও সাংবিধানিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার দাবিতে এ কর্মসূচি পালন করা হবে বলে জানানো হয়েছে।

 

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ১৪ নভেম্বর সারাদেশে আট দফা দাবির পক্ষে লিফলেট বিতরণ, দেয়াল লিখন, প্রচার-প্রচারণা ও গণসংযোগ করা হবে। পরদিন ১৫ নভেম্বর দাবিগুলোর সমর্থনে গণপ্রতিবাদ ও বিক্ষোভ মিছিলের আয়োজনের কথা রয়েছে।

 

অন্যদিকে, ১৬ নভেম্বর জেলা প্রশাসকের কার্যালয়গুলোতে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করেছে দলটি। একই দিনে ঢাকায় বিভিন্ন দেশের দূতাবাস ও আন্তর্জাতিক সংস্থার কার্যালয়েও স্মারকলিপি দেওয়ার পরিকল্পনা রয়েছে। বিদেশে অবস্থানরত দলীয় নেতাকর্মীদের মাধ্যমে সংশ্লিষ্ট দূতাবাস, হাইকমিশন, কনস্যুলেট ও আন্তর্জাতিক সংস্থার প্রধান কার্যালয়ে স্মারকলিপি দেওয়ার কথাও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

 

আওয়ামী লীগের ঘোষিত আট দফা দাবির মধ্যে রয়েছে দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, দল ও সহযোগী সংগঠনগুলোর ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং রাজবন্দিদের মুক্তি। পাশাপাশি দ্রব্যমূল্য ও জ্বালানির ব্যয় কমানো, বন্ধ শিল্পকারখানা চালু, কর্মসংস্থান সৃষ্টি, জননিরাপত্তা নিশ্চিত করা এবং গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠার দাবিও অন্তর্ভুক্ত রয়েছে।

 

এ ছাড়া জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে দলটি।

 

প্রেস বিজ্ঞপ্তিতে দেশ-বিদেশে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সদস্যদের কর্মসূচি বাস্তবায়নে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

 

দলটির ভাষ্য অনুযায়ী, এসব কর্মসূচির মূল লক্ষ্য আট দফা দাবি বাস্তবায়নের পক্ষে জনমত গঠন এবং দেশব্যাপী আন্দোলন জোরদার করা।