খুঁজুন
, ,

বোয়ালখালী শাকপুরা ড্রেনেজ ব্যবস্থা সংস্কার ও আধুনিক বাজার ব্যবস্থাপনার দাবীতে সংবাদ সম্মেলন

ডেস্ক নিউজ
প্রকাশিত: Tuesday, 19 September, 2023, 11:26 am
বোয়ালখালী শাকপুরা ড্রেনেজ ব্যবস্থা সংস্কার ও আধুনিক বাজার ব্যবস্থাপনার দাবীতে সংবাদ সম্মেলন

ইউএসএআইডি’র অর্থায়নে ডেমোক্রেসী ইন্টারন্যাশনাল কর্তৃক বাস্তবায়িত স্ট্রেন্দেনিং পলেটিক্যাল ল্যান্ড স্কেপ ইন বাংলাদেশ (এসপিএল) প্রকল্পের ইয়াং লিডার ফেলোশীপ প্রোগ্রামের ক্লাস ২৩ এর চট্টগ্রাম দক্ষিণ জেলা মাল্টিপার্টির দুই তরুণ রাজনৈতিক ফেলো যথাক্রমে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক ফেলো এডভোকেট কামেলা খানম রুপা ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনৈতিক ফেলো মোহাম্মদ কপিল উদ্দিন এর আয়োজনে বোয়ালখালী শাকপুরা চৌমুহনী বাজারের ড্রেনেজ ব্যবস্থা সংস্কার ও আধুনিক বাজার ব্যবস্থাপনার দাবীতে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস.রহমান হলে এক সংবাদ সম্মেলন ১৯ সেপ্টেম্বর ২০২৩ ইং অনুষ্টিত হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, ডিআই ফেলোশিপ ২৩ম ক্লাসের চলমান বহুদলীয় উদ্যোগে স্থানীয় সমস্যা চিহ্নিত করণের অংশ হিসেবে গত ১৩ আগষ্ট ২০২৩ইং ডিআই, চট্টগ্রাম অফিসে চট্টগ্রাম দক্ষিণ জেলার স্থানীয় সমস্যা চিহ্নিত করণ বিষয়ক কর্মশালা আয়োজন করা হয়। যেখানে বাংলাদেশ আওয়ামীলীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সমাজকর্মী, পেশাজীবি ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মশালায় অংশগ্রহনকারীরা চট্টগ্রাম দক্ষিণ জেলার বিভিন্ন নাগরিক সমস্যা ও সমাধানের উপায় নিয়ে মতামত প্রকাশ করেন এবং তার পক্ষে-বিপক্ষে আলোচনা ও যুক্তিতর্ক উপস্থাপন করেন। এতে চট্টগ্রাম-কক্সবাজার আরাকান সড়কের বোয়াখালী উপজেলার শাকপুরা বাজারের ড্রেনেজ ব্যবস্থার সংস্কার ও আধুনিক বাজার ব্যবস্থাপনার বিষয়টি সর্বসম্মতিক্রমে অধিকতর গুরুত্ব পায়।

দক্ষিণ চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থায় শাকপুরা চৌমুহনী বাজার একটি গুরুত্বপূর্ণ স্থান। এই বাজার হয়ে কালুরঘাট ব্রীজ সংযোগ সড়ক ও আরাকান সড়ক অতিক্রম করায় সড়ক পথে এই স্থানটি খুবই গুরুত্বপূর্ন। সড়কটি সংকীর্ণ হওয়ায় এবং বাজারের একটা বৃহৎ অংশ মূল সড়কের সাথে অবস্থিত হওয়ায় প্রায়শই যানজট লেগে থাকে এবং প্রতিনিয়ত বিভিন্ন দূর্ঘটনা ঘটছে। এর ফলে স্থানীয় জনসাধারণ ও এই সড়ক ব্যবহারকারীর মাঝে ক্ষোভ বিরাজ করছে। কর্মশালায় আলোচনার প্রেক্ষিতে বোয়ালখালী শাকপুরা চৌমুহনী বাজারের সংকীর্ন আরাকান সড়কের পাশে বাজারের ড্রেনেজ ব্যবস্থা সংস্কার ও পরিকল্পিত আধুনিক বাজার ব্যবস্থাপনার দাবী উপস্থাপন করা হয় এবং তা সমাধানের জন্য বোয়ালখালী উপজেলা পরিষদের মাননীয় চেয়ারম্যান বরাবর স্মারক লিপি প্রদান করার সিদ্ধান্ত গ্রহন করা হয়। এর প্রেক্ষিতে ডিআইএর ২৩ তম ব্যাচের তরুন রাজনৈতিক ফেলোবৃন্দ পরিকল্পিত আধুনিক বাজার ব্যবস্থাপনা বাস্তবায়নে শাকপুরা চৌমুহনী হাট বাজারের দিন অস্থায়ী বিক্রেতাদের সুশৃঙ্খলভাবে বসানো এবং চৌমুহনী বাজারের ড্রেনেজ ব্যবস্থা সংস্কার এর জনগণকে সচেতনতার পাশাপাশি গণস্বাক্ষর গ্রহন কার্যক্রম পরিচালনা করেন। ৩ সেপ্টেম্বর ২০২৩ ইং বোয়ালখালী উপজেলা পরিষদের মাননীয় চেয়ারম্যান বরাবর বোয়ালখালী শাকপুরা চৌমুহনী বাজারের ড্রেনেজ ব্যবস্থা সংস্কার ও পরিকল্পিত আধুনিক বাজার ব্যবস্থাপনার দাবীতে স্মারকলিপি প্রদান করা হয়, যার একটি অনুলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়কে প্রদান করা হয়। মাননীয় চেয়ারম্যান মহোদয় উপজেলা পরিষদ কার্যালয় এর মাধ্যমে স্মারকলিপিটি গ্রহণ করেন এবং বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করবেন বলে আশ্বস্ত করেন। পাশাপাশি আওয়ামীলীগ ও বিএনপি’র দুই দলের ফেলোদের একসাথে অংশগ্রহনকে সাধুবাদ জানান। স্মারকলিপিতে দুইটি সমস্যা দ্রুত সমাধানের জন্য ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে। যার একটি পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা করা ও অন্যটি সুশৃঙ্খল আধুনিক বাজার ব্যবস্থাপনা নিশ্চিত করা। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় একদিকে ক্রেতা-বিক্রেতা ও সাধারণ পথচারীদের যেমন চরম ভোগান্তি হয়, অন্যদিকে সুশৃঙ্খল বাজার ব্যবস্থাপনা ব্যাহত হচ্ছে। চট্টগ্রাম দক্ষিন জেলা ডিআই ২৩ তম ক্লাসের তরুণ রাজনৈতিক ফেলোবৃন্দ বোয়ালখালী শাকপুরা চৌমুহনী বাজারের ড্রেনেজ ব্যবস্থা সংস্কার ও পরিকল্পিত আধুনিক বাজার ব্যবস্থাপনা দ্রুত বাস্তবায়নের দাবীতে সাংবাদিকদের মাধ্যমে দ্রুত এই সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কতৃপক্ষ সহ সকল মহলের আন্তরিক সহযোগীতা কামনা করেন।

সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও মাল্টিপার্টি এডভোকেসী ফোরাম চট্টগ্রামের প্রেসিডেন্ট মাস্টার ট্রেইনার প্রকৌশলী সনাতন চক্রবর্তী বিজয়, মাল্টিপার্টি এডভোকেসী ফোরাম চট্টগ্রামের সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের দপ্তর সম্পাদক ও ফেলো মোহাম্মদ মামুনুর রশিদ, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর সিনিয়র রিজিওনাল ম্যানেজার মো: সদরুল আমিন, শাকপুরা বাজার কমিটির সাংগঠনিক সম্পাদক মনছুর আলম। আরো উপস্থিত ছিলেন শাকপুরা বাজার কমিটির সহ সভাপতি এনামুল হক এনাম, দপ্তর সম্পাদক মোহাম্মদ আরিফুল আলম, অর্থ সম্পাদক মনোজ কুমার নাথ, সদস্য মোহাম্মদ নুরুদ্দিন, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর রিজিওনাল কোঅর্ডিনেটর মোহাম্মদ ওবায়দুর রহমান, ইলেকটোরাল প্রোগ্রাম অ্যাসোসিয়েট তামান্না আহমেদ বহ্নি, সিনিয়র অপারেশনস অ্যাসিসট্যান্ট আবুল হাসান চৌধুরী রনি। এছাড়াও সংবাদ সম্মেলনে স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 4:01 pm
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে হঠাৎ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা।

 

একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

বিক্ষোভরত শ্রমিকরা জানান, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অন্যায়ভাবে লাঠিচার্জ ও নির্বিচারে গ্রেপ্তারের অভিযোগও তুলেছেন তারা। স্থানীয় নেতাকর্মী ও বহিরাগত সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন শ্রমিকরা।

 

এদিকে শ্রমিক বিক্ষোভের খবর ছড়িয়ে পড়লে মহাসড়কের আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

 

অন্যদিকে মহাসড়ক অবরোধের কারণে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন আটকে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা।

 

শ্রমিকদের বিক্ষোভ চললেও সকাল থেকে ঘটনাস্থল ও আশপাশের মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

মহাসড়ক অবরোধের কারণে সৃষ্ট অচলাবস্থা কখন কাটবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন যাত্রীরা।