খুঁজুন
, ,

বাংলাদেশের প্রতিটি সংখ্যালঘু হামলার সঙ্গে আওয়ামীলীগ জড়িত-ডা. শাহাদাত

ডেস্ক নিউজ
প্রকাশিত: Friday, 8 September, 2023, 5:40 pm
বাংলাদেশের প্রতিটি সংখ্যালঘু হামলার সঙ্গে আওয়ামীলীগ জড়িত-ডা. শাহাদাত

বিএনপি সংখ্যালঘু সম্প্রদায় বিরোধী সংগঠন আওয়ামী লীগের এমন অপপ্রচার এখন আর কেউ বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন।

তিনি বলেন, বিএনপি যখন ক্ষমতায় থাকে, তখন অন্য সম্প্রদায়ের লোকজন নিরাপদে থাকেন। বরং বাংলাদেশের প্রতিটি সংখ্যালঘু হামলার সঙ্গে আওয়ামীলীগ জড়িত।

তিনি শুক্রবার (৮ সেপ্টেম্বর) বিকালে কাজীর দেউরী নাসিমন ভবনস্থ বিএনপির কার্যালয়ে আসন্ন প্রবারণা পূর্নিমা উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ জনগোষ্ঠীর সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ডা. শাহাদাত হোসেন বলেন, আওয়ামী লীগ প্রতিবেশী দেশ ভারতের হিন্দু সম্প্রদায়ের মানুষের কাছে একটা অপপ্রচার চালায় যে, বাংলাদেশে বিএনপি হচ্ছে হিন্দুবিরোধী দল। কিন্তু বিএনপি হিন্দুবিরোধী এটা মানুষ বিশ্বাস করে না। কারণ বিএনপি যখন ক্ষমতায় থাকে, তখন অন্য সম্প্রদায়ের মানুষ নিরাপদ থাকে। ১৯৯১ সালে বিএনপির আমলে ভারতের রাম মন্দির, বাবরী মসজিদের ঘটনার সময়ে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের সদস্যদের নিরাপত্তা বিধানে পদক্ষেপ নিয়েছিল বিএনপি। বরং বাংলাদেশের প্রতিটি সংখ্যালঘু হামলার সঙ্গে আওয়ামীলীগ জড়িত। হিন্দু সম্প্রদায়ের সম্পত্তি, দোকান-পাট, ব্যবসা-বাণিজ্য স্বাধীনতার পর থেকে বিভিন্ন সময়ে আওয়ামী লীগের লোকজনই দখল করেছে। বর্তমান সরকারের আমলে বিভিন্ন স্থানে মন্দিরে হামলা, প্রতিমা ভাঙচুর, রামুতে বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগ হামলার ঘটনার সঙ্গে আওয়ামী লীগের লোকজন জড়িত। উদ্দেশ্যে একটাই, তাদের সম্পত্তিগুলো দখল করা, তাদেরকে বিতাড়িত করা এবং রাজনৈতিক প্রতিপক্ষের ওপর দোষ চাপিয়ে দিয়ে তাদেরকে হেয়প্রতিপন্ন করা। এটা এখন আর মানুষ বিশ্বাস করে না, গ্রহণ করে না। অনেকটা রাখাল বালকের মতো হয়ে গেছে।

তিনি বলেন, বিএনপির ভিশন ২০৩০ এবং যে ৩১ দফা দিয়েছে, সেখানে সব সম্প্রদায়ের অধিকার রক্ষা করার প্রতিশ্রুতি আছে। দেশে গণতন্ত্র থাকলে সেটা থাকবে। একমাত্র সুরক্ষা হচ্ছে গণতন্ত্র। গণতন্ত্র ও ভোটের অধিকার রক্ষা শুধু বিএনপির আন্দোলন নয়। এটা পুরো জাতির লড়াই। এ লড়াইয়ে জয়ী হতে হবে। এর কোনো বিকল্প নেই।

প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন, বর্তমান সরকার রাজনৈতিক প্রতিপক্ষকে নির্মূল করার জন্য কাজ করছে। মানুষের ন্যূনতম অধিকারগুলোও তারা কেড়ে নিচ্ছে। দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখনও গৃহবন্দি হয়ে আছেন। দেশের জনগণ আজকে নিরাপদ নয়। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কেউ না। কখন কাকে মিথ্যা মামলা জড়িয়ে তুলে নিয়ে গিয়ে গুম করে রাখবে।প্রতিপক্ষকে মাঠ থেকে দূরে সরিয়ে নির্বাচনের খেলা খেলতে চায় সরকার। তবে এবার সেই খেলা খেলতে পারবে না।

চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক উপজাতি বিষয়ক সম্পাদক অধ্যাপক ঝন্টু কুমার বড়ুয়ার সভাপতিত্বে ও প্রকৌশলী দিপু বড়ুয়ার পরিচালনায় সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটন, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সাবেক ট্রাস্টি বাবু চন্দ্রগুপ্ত বড়ুয়া, মহানগর বিএনপির সদস্য কামরুল ইসলাম, সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. এস এম সারোয়ার আলম, খাগড়াছড়ি জেলা কৃষক দলের সভাপতি বাবু পারদর্শী বড়ুয়া, রাঙ্গামাটি জেলা কৃষক দলের সভাপতি অলক বড়ুয়া রিন্টু, বান্দরবন সদর উপজেলা বিএনপির সদস্য সচিব চনু মং মারমা, বান্দরবন জেলা কৃষক দলের সভাপতি অংজ মারমা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাজিব ধর তমাল, চকবাজার থানা বিএনপির সাধারণ সম্পাদক নুর হোসাইন। বৌদ্ধ জনগোষ্ঠীর পক্ষ থেকে বক্তব্য রাখেন কমল জ্যোতি বড়ুয়া, সাচিং মারমা, সুজন বড়ুয়া, বিনয় চাকমা, তিলক বড়ুয়া, সজল বড়ুয়া, পলাশ মারমা, উক্রাচিং মারমা, মোহন বড়ুয়া, তন্ময় বড়ুয়া প্রমুখ।

 

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 4:01 pm
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে হঠাৎ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা।

 

একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

বিক্ষোভরত শ্রমিকরা জানান, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অন্যায়ভাবে লাঠিচার্জ ও নির্বিচারে গ্রেপ্তারের অভিযোগও তুলেছেন তারা। স্থানীয় নেতাকর্মী ও বহিরাগত সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন শ্রমিকরা।

 

এদিকে শ্রমিক বিক্ষোভের খবর ছড়িয়ে পড়লে মহাসড়কের আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

 

অন্যদিকে মহাসড়ক অবরোধের কারণে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন আটকে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা।

 

শ্রমিকদের বিক্ষোভ চললেও সকাল থেকে ঘটনাস্থল ও আশপাশের মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

মহাসড়ক অবরোধের কারণে সৃষ্ট অচলাবস্থা কখন কাটবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন যাত্রীরা।