খুঁজুন
, ,

রোটারী ক্লাব অব চট্টগ্রাম এরিস্ট্রোক্রেট ভিজিট করলেন রোটারী জেলা গভর্ণর

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 7 September, 2023, 8:24 am
রোটারী ক্লাব অব চট্টগ্রাম এরিস্ট্রোক্রেট ভিজিট করলেন রোটারী জেলা গভর্ণর

সম্প্রতি চট্টগ্রাম নগরীর সিএমপি অফিসার্স ক্লাবে রোটারী ক্লাব অব চট্টগ্রাম এরিস্ট্রোক্রেট এর জেলা গভর্ণর অফিসিয়াল ক্লাব ভিজিট অনুষ্ঠিত হয়।

উক্ত ভিজিটে গভর্ণর ইঞ্জিনিয়ার মুহাম্মদ মতিউর রহমান শুরুতে ক্লাবের প্রেসিডেন্ট রোটারীয়ান সাদমান সাঈকা সেফা, সেক্রেটারী রোটারীয়ান মো: শামীম রেজা ও প্রেসিডেন্ট ইলেক্ট রোটারীয়ান এস.এম. মহিবুর রহমান এর সাথে নিয়মানুযায়ী ক্লাব ভিজিট করেন | উক্ত ভিজিটে ক্লাবের ২০২৩-২০২৪ রোটা বর্ষের উল্লেখযোগ্য প্রজেক্টগুলো নিয়মে এবং আরো বিভিন্ন বিষয়ে মত বিনিময় করেন।

পরবর্তীতে ক্লাবের সাধারণ সভায় গভর্ণরসহ ডিস্ট্রিক্ট ফার্স্ট লেডী সামিনা ইসলাম, ডিস্ট্রিক্ট জেনারেল সেক্রেটারী পিপি মোহাং আকবর হোসেন, ডিস্ট্রিক্ট এক্সিকিউটিভ সেক্রেটারী শামসুল আলম , প্রেসিডেন্ট ইলেক্ট রোটারীয়ান এস এম মহিবুর রহমান, আইপিপি রোটারীয়ান ডা: জয়নাল আবেদীন মুহুরী, সিপি রোটারীয়ান মোস্তফা আশরাফুল ইসলাম আলভী, পাস্ট প্রেসিডেন্ট রোটারীয়ান ডা: কামরুল হোসাইন, পাস্ট প্রেসিডেন্ট রোটারীয়ান এডভোকেট জুবাইর হোসেন শিবলু, পাস্ট প্রেসিডেন্ট রোটারীয়ান স্থপতি মোহাম্মদ মিজানুর রহমান, পাস্ট প্রেসিডেন্ট রোটারীয়ান ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইমরান, পাস্ট প্রেসিডেন্ট রোটারীয়ান মো: মনোয়ারুল হক এফসিএমএ, ক্লাবের রোটারীয়ান এবং অতিথিবৃন্দ অংশ গ্রহণ করেন।

ক্লাবের সভাপতি রোটারীয়ান সাদমান সাঈকা শেফার স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে ডিস্ট্রিক্ট গভর্ণরের কাছে এসেমবিø মিটিং পরিচালনা করার জন্য বিনীত অনুরোধ জানান। জেলা গভর্ণর তার বক্তব্যে সভাপতিকে ক্লাবের অগ্রগতি সম্পর্কে তুলে ধরার জন্য বলেন এবং ক্লাব সভপতি ক্লাবের বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকান্ডের ধারাবাহিক উপস্থাপনের জন্য ক্লাবের সংশ্লিষ্ট রোটারীয়ানদের প্রতি অনুরোধ জানান।

জেলা গভর্ণর চট্টগ্রামের সুবিধা বঞ্চিত ছেলেমেয়েদের জন্য বিভিন্ন উদ্দ্যেগ গ্রহণ ও নারী শিশুদের টিকা প্রদানের জন্য স্থানীয় ক্লাবগুলোর সাথে একসাথে কাজ করতে রোটারী ক্লাব অব চট্টগ্রাম এরিস্ট্রোক্রেটকে নির্দেশ দেন। ক্লাবে রোটারীয়ান নোমান বিন জহির উদ্দিন সিগনেচার প্রজেক্ট ক্যারিয়ার ফেস্ট সার্থক করার জন্য সবার কাছে সহযোগীতা কামনা করেন ও বিভিন্ন উদ্দ্যেগ এর কথা জানান।

পরবর্তীতে ক্লাবের সভাপতি ক্লাবের বিভিন্ন প্রজেক্ট নিয়ে পরিকল্পনার কথা বলতে গিয়ে তুলে ধরেন যার মধ্যে হোম ফর হোমলেস পিপল, ডিস্ট্রিবিউট বুকস্ টু স্কুল এন্ড লাইব্রেরী, ডিস্ট্রিবিউট কোরান মজিদ টু মসজিদ এন্ড মাদ্রাসা, সেফটি এওয়ারনেস প্রোগ্রাম টু স্কুল কলেজ গোয়িং স্টুডেন্টস্ এবং ডিস্ট্রিবিউট ওয়াটার ফিল্টারেশান টু এডুকেশনাল ইনস্টিটিউশান। এছাড়া বাচ্চাদের মোবাইল ও ডিজিটাল ডিভাইস থেকে বিমুখ করতে তাদের সাথে পারিবারিক বন্ধন বাড়ানো এবং তাদের খেলাধুলার নানান বিষয়ে প্র‍য়োজনীয় ব্যবস্থা নিতে বলেন।

ডিস্ট্রিক্ট গভর্ণর ক্লাবের প্রেসিডেন্ট, সেক্রেটারীকে পিন পরিয়ে দেন এবং ক্লাবের ভূয়শী প্রসংশা করেন। পরিশেষে, ক্লাবের চার্টাড প্রেসিডেন্ট মোস্তফা আশরাফুল ইসলাম আলভী ও ক্লাবের সভাপতি সবাইকে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এবং সভার সমাপ্তি ঘোষনা করেন।

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 4:01 pm
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে হঠাৎ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা।

 

একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

বিক্ষোভরত শ্রমিকরা জানান, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অন্যায়ভাবে লাঠিচার্জ ও নির্বিচারে গ্রেপ্তারের অভিযোগও তুলেছেন তারা। স্থানীয় নেতাকর্মী ও বহিরাগত সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন শ্রমিকরা।

 

এদিকে শ্রমিক বিক্ষোভের খবর ছড়িয়ে পড়লে মহাসড়কের আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

 

অন্যদিকে মহাসড়ক অবরোধের কারণে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন আটকে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা।

 

শ্রমিকদের বিক্ষোভ চললেও সকাল থেকে ঘটনাস্থল ও আশপাশের মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

মহাসড়ক অবরোধের কারণে সৃষ্ট অচলাবস্থা কখন কাটবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন যাত্রীরা।