খুঁজুন
, ,

শহীদ জিয়ার জাতীয় রাষ্ট্রের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে-নোমান

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 2 September, 2023, 2:36 pm
শহীদ জিয়ার জাতীয় রাষ্ট্রের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে-নোমান

বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেছেন, বিএনপি দীর্ঘদিন ধরে জাতীয় রাষ্ট্রের জন্য লড়াই করছে। এই লড়াইয়ের সামনে যে বাঁধা থাকবে তা ভেঙ্গে চুরমার করে দিতে হবে। শহীদ জিয়া বিপ্লবের স্লোগান দিয়ে সামনের দিকে এগিয়ে যেতেন। আমাদেরকেও একদফার লড়াইয়ে জিততে হবে। সামনের যে লম্বা রাস্তা আমাদেরকে তা পার হতে হবে। শহীদ জিয়ার জাতীয় রাষ্ট্রের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। যতক্ষণ পর্যন্ত জাতীয় রাষ্ট্র বাংলাদেশের পরিপূর্ণতা আসবে না ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন শেষ হবে না। তাই আসুন জাতীয় রাষ্ট্র গঠনে সবাই ঐক্যবদ্ধ হই।

তিনি শনিবার (২ সেপ্টেম্বর) বিকালে কাজীর দেউরীস্থ সমাদর কমিউনিটি সেন্টারে বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর বিএনপির আলোচনা সভায় প্রধান অতিথির
বক্তব্যে এসব কথা বলেন।

চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব আবুল হাশেম বক্করের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির শ্রম সম্পাদক এ এম নাজিম উদ্দীন, চবি শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ড. নসরুল কদির, সম্মিলিত পেশাজীবি পরিষদের আহবায়ক সাংবাদিক জাহিদুল করিম কচি, চট্টগ্রাম জেলা ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. তমিজ উদ্দিন আহমেদ মানিক, এ্যাবের সভাপতি ইঞ্জি. সেলিম মো. জানে আলম, মহানগর বিএনপির সি. যুগ্ম আহবায়ক আলহাজ্ব এম এ আজিজ, যুগ্ম আহবায়ক মো. মিয়া ভোলা, এড. আবদুস সাত্তার।

আবদুল্লাহ আল নোমান বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মূল লক্ষ্য হলো জাতীয় রাষ্ট্র প্রতিষ্ঠা করা। লড়াই সংগ্রামের মাধ্যমে মানুষের অন্ন,বস্ত্র বাসস্থানের সুযোগ সৃষ্টি করা। জাতীয় রাষ্ট্র যদি তৈরি করতে না পারি, তাহলে আমাদের যে লড়াই, সেটি শেষ হবে না। জাতীয় রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে আওয়ামী লীগ ব্যর্থ হয়েছে। আওয়ামী লীগ বিভিন্ন দফা দিয়ে সুবিধা নেওয়ার চেষ্টা করেছে। কিন্তু জাতীয় রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে তারা এতটুকু অগ্রসর হয় নাই। আসুন আমরা যে কাজ পরিপূর্ণ করতে পারিনি, সেটি পূরণে আন্দোলন গড়ে তুলি। আমাদের সংগঠনকে শক্তিশালী করে, দেশের প্রয়োজনে অগ্রসর হই।

তিনি বলেন, আজকে আমরা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা করছি। কিন্তু মনে রাখতে হবে, আমাদের মূল লক্ষ্য এক দফার আন্দোলন। এক দফার আন্দোলনের মধ্য দিয়েই এই স্বৈরাচারী, বাকশালি সরকার, যারা জনগণের ওপর চেপে বসে আছে, তাদের বিদায় নিতে হবে।

প্রধান বক্তার বক্তব্যে ‘নির্বাচনের আগে পরে জনগণের জানমালের পাহারা দিতে আওয়ামীলীগ মাঠে থাকবে’ বলে আওয়ামী লীগের ওবায়দুল কাদেরের করা মন্তব্যের জবাবে মীর মোহাম্মদ নাছির উদ্দীন বলেন, আওয়ামীলীগ কেন মাঠে থাকবে? তারা কি পুলিশ? তাহলে পুলিশ বাহিনীতে যোগদান করেন। কারণ জনগণকে আওয়ামী লীগের পাহারা দিতে হবে না। বরং আওয়ামী লীগকে পাহারাদার দেয়ার জন্য পুলিশের দরকার হবে। পুলিশ যদি বলে আমরা তোমাদের সাথে নাই, তাহলে তারা লুঙ্গি খুলে পালাবে। আওয়ামী লীগ এখন পালাবার পথ খুঁজছে। আর ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এসে আজকে বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মী রাজপথে আন্দোলন করছে। বিএনপি হচ্ছে জনগণের দল। বিএনপি অনেক শক্তিশালী দল। কোন বাহিনীর দল নয়।

সভাপতির বক্তব্যে ডা. শাহাদাত হোসেন বলেন, প্রতিষ্ঠার ৪৫ বছর পরেও বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধারে রাজপথে আন্দোলন সংগ্রাম করছে। শহীদ জিয়া দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। আওয়ামী লীগ বারবার গণতন্ত্রকে ধ্বংস করেছে। স্বৈরাচারী এরশাদ সরকারের পতন আন্দোলনে শেখ হাসিনা বারবার বিলম্বিত করেছিলেন। সে সময় বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এরশাদের পতন হয়েছিল। ৮৬ সালে চট্টগ্রামের লালদীঘির ময়দান থেকে আব্দুল্লাহ আল নোমান বেগম খালেদা জিয়াকে আপোষহীন দেশনেত্রী ঘোষণা দিয়েছিলেন। শহীদ জিয়া উৎপাদনমুখী রাজনীতির প্রতিষ্ঠা করেছিলেন। বিএনপির সাংগঠনিক শক্তির উপর দাঁড়িয়ে আমরা বর্তমান সরকারের পতন ঘটাবো।

বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক ড. নসরুল কদির বলেন, বিএনপিকে ধ্বংস করার জন্য বহু বছর ধরে ষড়যন্ত্র করা হয়েছে। তবে বিএনপি ফিনিক্স পাখির মতো আবার উঠে দাঁড়িয়েছে। জিয়াউর রহমানের আদর্শে অবিচল না থাকলে অন্য অনেক দলের মতো বিএনপিও হারিয়ে যেতো। কিন্তু ১৫ বছর ধরে চরম অন্যায় অত্যাচার ও নিপীড়নের পরও বিএনপি টিকে আছে, এটাই বাস্তবতা।

বিশেষ অতিথির বক্তব্যে এ এম নাজিম উদ্দীন বলেন, ৪৫ বছর আগে দেশের এক চরম ক্রান্তিকালে শহীদ জিয়াউর রহমান এদেশের মানুষকে একদলীয় দুঃশাসনের অন্ধকার যুগ থেকে রক্ষার জন্য বিএনপি প্রতিষ্ঠা করেন। দেশের সঙ্কটকালে জুলুম নির্যাতনকে সহ্য করে দুর্বার আন্দোলনে বেগম খালেদা জিয়া নেতৃত্ব দিয়েছেন।

আবুল হাশেম বক্কর বলেন, জনগণের নিরাপত্তা বিধানের জন্যই গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে। বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের ওপর জুলুম নির্যাতন চালিয়ে হয়রানির খড়গ ঝুলিয়ে রাখা হয়েছে। খালেদা জিয়া প্রতিহিংসার শিকার। কারণ তিনিই গণতন্ত্রের প্রতীক এবং জনগণের পক্ষে প্রধান কণ্ঠস্বর।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক এস এম সাইফুল আলম, এস কে খোদা তোতন, ইয়াছিন চৌধুরী লিটন, ইসকান্দর মির্জা, আবদুল মান্নান, আহবায়ক কমিটির সদস্য এরশাদ উল্লাহ, হারুন জামান, আর ইউ চৌধুরী শাহীন, গাজী মো. সিরাজ উল্লাহ, মন্জুর আলম চৌধুরী মন্জু, মো. কামরুল ইসলাম, মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দিপ্তী,স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান, বিভাগীয় শ্রমিকদলের সাধারণ সম্পাদক শেখ নুরুল্লাহ বাহার, মহানগর মহিলাদলের সভাপতি মনোয়ারা বেগম মনি, সাধারণ সম্পাদক জেলী চৌধুরী, ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন, তাঁতীদলের আহবায়ক মনিরুজ্জামান টিটু, মৎস্যজীবী দলের আহবায়ক নুরুল হক, সদস্য সচিব এড. আবদুল আজিজ প্রমুখ।

শেখ হাসিনাকে ফেরত দেওয়া নিয়ে অনিশ্চয়তা, প্রত্যর্পণ আবেদন পর্যালোচনায় ভারত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Friday, 13 November, 2026, 12:59 pm
শেখ হাসিনাকে ফেরত দেওয়া নিয়ে অনিশ্চয়তা, প্রত্যর্পণ আবেদন পর্যালোচনায় ভারত

 

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের অবস্থান নিয়ে ঢাকা-নয়াদিল্লির কূটনৈতিক আলোচনা ও আইনি জটিলতা অব্যাহত রয়েছে। তাঁর প্রত্যর্পণ, ভারতে অবস্থান এবং বাংলাদেশের আদালতের দেওয়া রায়—সব মিলিয়ে দুই দেশের সম্পর্কে বিষয়টি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে।

 

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে বাংলাদেশ ত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেদিন বাংলাদেশ বিমানবাহিনীর সি-১৩০ সামরিক পরিবহন বিমানে ভারতের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে পৌঁছান তিনি।

 

বিবিসি বাংলার বরাত দিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনাকে আনতে ভারতীয় সামরিক উড়োজাহাজ পাঠানোর অনুরোধে দেশটির রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব সম্মতি দেয়নি। পরে বাংলাদেশের নিজস্ব সামরিক উড়োজাহাজে তাঁকে ভারতে নেওয়া হয়। তবে বিমানটির ভারতীয় আকাশসীমা ব্যবহার ও অবতরণের অনুমতি দিয়েছিল নয়াদিল্লি।

 

এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায়ের পর তাঁর প্রত্যর্পণের বিষয়টি আরও আলোচনায় আসে। ২০২৫ সালের ১৭ নভেম্বর জুলাই-আগস্টের আন্দোলন দমনে মানবতাবিরোধী অপরাধের মামলায় তাঁকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল।

 

রায়ের পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, তারা রায়টি সম্পর্কে অবগত হয়েছে। একই সঙ্গে বাংলাদেশের জনগণের শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি ও স্থিতিশীলতার স্বার্থে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে দেশটি। তবে শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে তখন কোনো স্পষ্ট সিদ্ধান্ত জানায়নি ভারত।

 

ভারতের সংসদে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে দেওয়া এক লিখিত জবাবে দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে বাংলাদেশ প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছে এবং এ বিষয়ে বাংলাদেশ সরকারকে কোনো জবাব দেওয়া হয়নি।

 

পরবর্তী সময়ে ভারতের সংসদীয় কমিটির প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার প্রত্যর্পণসংক্রান্ত বাংলাদেশের অনুরোধ দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রচলিত আইন ও প্রক্রিয়া অনুসারে পর্যালোচনা করছে। অর্থাৎ, বিষয়টি এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি।

 

অন্যদিকে বাংলাদেশ সরকার প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত দেওয়ার দাবি জানিয়ে আসছে। তবে ভারত এখন পর্যন্ত তাঁকে বাংলাদেশের কাছে হস্তান্তর করেনি।

 

সব মিলিয়ে শেখ হাসিনার প্রত্যর্পণ ও বিচারিক রায় নিয়ে দুই দেশের অবস্থানের পার্থক্য ঢাকা-নয়াদিল্লির কূটনৈতিক সম্পর্কের অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হয়ে রয়েছে।

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।