খুঁজুন
, ,

ড.ইউনুছের পক্ষে বিবৃতিদাতারা দেশের আইনী প্রক্রিয়ায় আনুন-আ.জ.ম. নাছির

ডেস্ক নিউজ
প্রকাশিত: Wednesday, 30 August, 2023, 2:15 pm
ড.ইউনুছের পক্ষে বিবৃতিদাতারা দেশের আইনী প্রক্রিয়ায় আনুন-আ.জ.ম. নাছির

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী বলেছেন, এই চকবাজার এলাকা মুক্তিযুদ্ধের ঘাঁটি ছিল। এখান থেকেই এই এলাকার শ্রেষ্ঠ সন্তান কাজী ইনামুল হক দানু আইয়ুব খানের পোষ্যপুত্র মোনায়েম খানকে জুতা ছুঁড়ে মেরেছিলেন। এই এলাকায় বঙ্গবন্ধুর স্বাধীনতার বার্তার ১ম ঘোষক এম.এ হান্নানের ঠিকানা। দুঃভাগ্যের বিষয় বঙ্গবন্ধু পরবর্তী সময়ে এই এলাকাটি বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজে ভর্তির নামে জামায়াত-শিবিরের প্রত্যক্ষ ইন্ধনে কিছু কোচিং সেন্টার হয়েছে। এগুলো প্রকৃত অর্থে স্বাধীনতা বিরোধীদের আস্তানা। এই আস্তানা ভেঙে দিতে গিয়ে বার বার প্রশাসন ব্যর্থ হয়েছে। তাই প্রশাসনের প্রতি দাবী রইল এই আস্তানাগুলো নিশ্চিহ্ন করে স্বাধীনতা বিরোধী অপশক্তিকে রুঁখে দাঁড়াবার জন্য রাজনৈতিক শক্তিকে সহায়তা করুন।

তিনি আজ বুধবার বিকেলে বঙ্গবন্ধুর ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনোপলক্ষে চকবাজার থানা আওয়ামী লীগ আয়োজিত কিশলয় কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

তিনি আরো বলেন, আমরা কোন ইস্যুহীন আন্দোলনকে ভয় করি না। কারণ আন্দোলনের মাধ্যমেই আমাদের জন্ম। তিনি নেতাকর্মীদের আন্দোলন-সংগ্রামে রাজপথে থাকার আহ্বান জনান। প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ.জ.ম. নাছির উদ্দীন বলেছেন, সেপ্টেম্বর মাস এলেই নাকি স্বাধীনতা বিরোধী বিএনপি ও তার অনুসারীরা দেশকে কথিত আন্দোলনের নামে উল্টে-পাল্টে দেবেন। নির্বাচনী তফসিল ঘোষণার আগে তারা নাকি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পদত্যাগ চায়। এই দুঃস্বপ্ন বাস্তবায়নে তাদের কোন মুরব্বী সায় না দিলেও তারা মাঠে নেমেছেন অবৈধপন্থায় সরকার পতনের নীলনকশা বাস্তবায়নে। আমরা মনে করি রক্ত ঝরা অগ্নিখরা মার্চ মাস আমাদের শক্তির উৎস। আমরা পাকিস্তানী প্রেতাত্মাদের বাড়ী ঘর ও ব্যবসা প্রতিষ্ঠানের ঠিকানা জানি। তারা যদি আবার জ্বালাও পোড়াও করে তাহলে রাজপথে আছি এবং রাজপথে থাকবো।

তিনি আরো বলেন, এলাকায় এলাকায় যারা চিহ্নিত রাজাকার-ালবদর এবং তাদের বশংবদের একটি তালিকা তৈরি করে তাদের টার্গেট করুন এবং তাদের গতিবিধি লক্ষ্য করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য প্রদান করুন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী জনগণ অংশগ্রহণ করলেই অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে।

তিনি ড. ইউনুসের বিবৃতিদাতারা বিশেষজ্ঞ ও আইনজীবী পাঠানোর যে নির্দেশনা দিয়েছেন তা বাস্তবায়িত হলে বোঝা যাবে কত ধানে কত চাল? কতজন কত কথা বলে আমাদের দেশকে নিয়ে। এদেশ থেমে নেই। এদেশ শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবেই।

চকবাজার থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সাহাবউদ্দীন আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনছারুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত শোকসভায় আরো বক্তব্য রাখেন, চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মহিউদ্দিন বাচ্চু, থানা আওয়ামী লীগের মোজাম্মেল হক খোকা, সাইফুল ইসলাম রাসেল, মোঃ নাজিম উদ্দীন, মোঃ গিয়াস উদ্দীন, ওয়ার্ড আওয়ামী লীগের সাইফুল আলম বাবু, কামরুল ইসলাম, সাবেক মহিলা কাউন্সিলর আঞ্জুমান আরা বেগম, মহিলা কাউন্সিলর রুমকী সেনগুপ্ত, সৈয়দ রফিকুল ইসলাম, হাজী সেলিমুর রহমান, ছাত্রলীগের মজিবুর রহমান রাসেল, জিএম তৌসিফ, জাহিদুল ইসলাম। সভামঞ্চে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ্ব নঈম উদ্দীন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ এমপি, শফিক আদনান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব শফিকুল ইসলাম ফারুক, ত্রাণ সমাজ কল্যাণ সম্পাদক হাজী মোঃ হোসেন, সাংস্কৃতিক সম্পাদক আবু তাহের, উপ প্রচার সম্পাদক শহীদুল আলম, নির্বাহী সদস্য মহব্বত আলী খান, থানা আওয়ামী লীগের রেজাউল করিম কায়সার, হারুনুর রশিদ, ফারুক খালেদ চৌধুরী, জাফর আহমদ চৌধুরী প্রমুখ।

শেখ হাসিনাকে ফেরত দেওয়া নিয়ে অনিশ্চয়তা, প্রত্যর্পণ আবেদন পর্যালোচনায় ভারত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Friday, 13 November, 2026, 12:59 pm
শেখ হাসিনাকে ফেরত দেওয়া নিয়ে অনিশ্চয়তা, প্রত্যর্পণ আবেদন পর্যালোচনায় ভারত

 

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের অবস্থান নিয়ে ঢাকা-নয়াদিল্লির কূটনৈতিক আলোচনা ও আইনি জটিলতা অব্যাহত রয়েছে। তাঁর প্রত্যর্পণ, ভারতে অবস্থান এবং বাংলাদেশের আদালতের দেওয়া রায়—সব মিলিয়ে দুই দেশের সম্পর্কে বিষয়টি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে।

 

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে বাংলাদেশ ত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেদিন বাংলাদেশ বিমানবাহিনীর সি-১৩০ সামরিক পরিবহন বিমানে ভারতের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে পৌঁছান তিনি।

 

বিবিসি বাংলার বরাত দিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনাকে আনতে ভারতীয় সামরিক উড়োজাহাজ পাঠানোর অনুরোধে দেশটির রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব সম্মতি দেয়নি। পরে বাংলাদেশের নিজস্ব সামরিক উড়োজাহাজে তাঁকে ভারতে নেওয়া হয়। তবে বিমানটির ভারতীয় আকাশসীমা ব্যবহার ও অবতরণের অনুমতি দিয়েছিল নয়াদিল্লি।

 

এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায়ের পর তাঁর প্রত্যর্পণের বিষয়টি আরও আলোচনায় আসে। ২০২৫ সালের ১৭ নভেম্বর জুলাই-আগস্টের আন্দোলন দমনে মানবতাবিরোধী অপরাধের মামলায় তাঁকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল।

 

রায়ের পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, তারা রায়টি সম্পর্কে অবগত হয়েছে। একই সঙ্গে বাংলাদেশের জনগণের শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি ও স্থিতিশীলতার স্বার্থে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে দেশটি। তবে শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে তখন কোনো স্পষ্ট সিদ্ধান্ত জানায়নি ভারত।

 

ভারতের সংসদে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে দেওয়া এক লিখিত জবাবে দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে বাংলাদেশ প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছে এবং এ বিষয়ে বাংলাদেশ সরকারকে কোনো জবাব দেওয়া হয়নি।

 

পরবর্তী সময়ে ভারতের সংসদীয় কমিটির প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার প্রত্যর্পণসংক্রান্ত বাংলাদেশের অনুরোধ দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রচলিত আইন ও প্রক্রিয়া অনুসারে পর্যালোচনা করছে। অর্থাৎ, বিষয়টি এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি।

 

অন্যদিকে বাংলাদেশ সরকার প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত দেওয়ার দাবি জানিয়ে আসছে। তবে ভারত এখন পর্যন্ত তাঁকে বাংলাদেশের কাছে হস্তান্তর করেনি।

 

সব মিলিয়ে শেখ হাসিনার প্রত্যর্পণ ও বিচারিক রায় নিয়ে দুই দেশের অবস্থানের পার্থক্য ঢাকা-নয়াদিল্লির কূটনৈতিক সম্পর্কের অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হয়ে রয়েছে।

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।