খুঁজুন
, ,

চলমান আন্দোলন স্তব্ধ করার জন্য তারেক রহমান ও ডা. জোবাইদার বিরুদ্ধে ফরমায়েশী রায়- ডা. শাহাদাত

ডেস্ক নিউজ
প্রকাশিত: Wednesday, 2 August, 2023, 1:26 pm
চলমান আন্দোলন স্তব্ধ করার জন্য তারেক রহমান ও ডা. জোবাইদার বিরুদ্ধে ফরমায়েশী রায়- ডা. শাহাদাত

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, এক-এগারোর জরুরি অবস্থার অনৈতিক সরকার দেশকে বিরাজনীতিকরণের লক্ষ্যে মাইনাস-টু ফর্মুলাসহ রাজনৈতিক নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে তাদের মিশন সফল করতে চেয়েছিল। সে সময় তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়ের করা হয়। রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না থাকা সত্ত্বেও শুধুমাত্র তারেক রহমানের স্ত্রী ও জিয়া পরিবারের সদস্য হওয়ায় ডা. জোবাইদা রহমানকেও একই মিথ্যা মামলায় আসামি করা হয়। জনগণের কাছে স্বাধীনতা, স্বার্বভৌমত্ব, বহুদলীয় গণতন্ত্র, উন্নয়ন-সমৃদ্ধির ধারক ও বাহক জিয়া পরিবারকে হেয় প্রতিপন্ন ও বিতর্কিত করার অপচেষ্টায় বেগম খালেদা জিয়া, তারেক রহমান, ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে এবং অপরাপর রাজনৈতিক নেতৃত্বের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা করা হয়।

তিনি আজ ২ আগস্ট (বুধবার) বিকালে কাজীর দেউরীর মোড়ে চট্টগ্রাম মহানগর যুবদলের উদ্যোগে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিনী ডাক্তার জোবাইদা রহমান’র বিরুদ্ধে দুদক’র ফরমায়েসী মামলার ফরমায়েশি রায়ের প্রতিবাদে চট্টগ্রাম মহানগর যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

যুবদলের কেন্দ্রীয় সহ সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি’র সভাপতিত্বে ও যুবদলের কেন্দ্রীয় নির্বাহী চট্টগ্রাম বিভাগীয় সহ সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ এর সঞ্চালনায় উক্ত বিক্ষোভ সমাবেশে তিনি আরো বলেন, এই সরকার সব ক্ষেত্রে ব্যর্থ হয়েছে এবং আজকে যে বিদায়ের দাবি উঠেছে তাতে সরকার ভীত। ভয়ের কারণে তারা এসব পদক্ষেপ নিচ্ছে। তারই অংশ হচ্ছে তারেক রহমান ও ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে ফরমায়েশী রায় ঘোষণা করেছে। আমাদের চলমান আন্দোলনকে স্তব্ধ করার জন্য সরকার এসব কর্মকান্ড করছে। গত ১৪ বছর ধরে আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে নির্যাতন হচ্ছে, গুম হয়েছে, বিচার বহির্ভূত হত্যা হয়েছে।

প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাসেম বক্কর বলেন, তারেক রহমান ও ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে যেসব অভিযোগে মিথ্যা মামলা দেওয়া হয়েছে তা অবান্তর, ভিত্তিহীন, অমূলক। যে আদেশ দেওয়া হয়েছে তা প্রতিহিংসামূলক ফরমায়েশি। এসব মামলা, আদেশ, রায় দিয়ে তারেক রহমানের নেতৃত্ব প্রশ্নবিদ্ধ বা ডা. জোবাইদা রহমানকে হেয় প্রতিপন্ন করতে পারবে না এবং গণতন্ত্র, মানবাধিকার, ভোটাধিকার ও আইনের শাসন পুন:প্রতিষ্ঠায় চলমান আন্দোলন বিভ্রান্ত বা নস্যাৎ করতে পারবে না। আমাদের কর্মসূচিগুলোতে নেতাকর্মীদের অংশগ্রহণ থেকে বোঝা যায়, এসব নির্যাতন করে আমাদের দমন করা যাবে না।

সভাপতির বক্তব্যে মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি বলেন, সরকার দেশের জনগণকে গণতান্ত্রিক অধিকার থেকে দূরে রাখা, রাজনীতি থেকে দূরে রাখা এবং সত্যিকার অর্থে এখানে যাতে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন না হতে পারে, তারা যেন একদলীয় নির্বাচন আবার করতে পারে সেই লক্ষ্যে সরকার এসব কাজ করছে। কিন্তু এবার জনগণ এটা করতে দেবে না। বর্তমান ব্যর্থ, দুর্নীতিবাজ, ফ্যাসিস্ট সরকারের প্রতিহিংসার রাজনীতির কারণে সমাজ, রাষ্ট্র, রাজনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে এই প্রতিহিংসাপরায়ণ রাজনীতির শিকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তথা জিয়া পরিবার এবং বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীরা। এই আদেশ ফরমায়েশি এবং প্রতিহিংসাপরায়ণ।

মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ বলেন, মামলাগুলোর রায় দেওয়া থেকে বোঝা যায়, এই সরকার সম্পূর্ণ রাষ্ট্রযন্ত্রকে দখল করে নিয়েছে, বিচার ব্যবস্থাকে দখল করে নিয়েছে। ফরমায়েশি রায় দিয়ে যারা গণতান্ত্রিক আন্দোলন করে, তাদেরকে কারাগারে পাঠিয়ে আন্দোলনকে স্তব্ধ করতে চাইছে। এটা আজকের ব্যাপার নয়, দীর্ঘ ১৪ বছর ধরে তারা একই কাজ করছে। আজকে ইকবাল তারেক রহমানের বিরুদ্ধে যে রায় দিয়েছে, জোবাইদার বিরুদ্ধে যে রায় দিয়েছে আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি, আমরা ক্ষোভ প্রকাশ করছি। আমরা মনে করি যে, এটা একটা ফরমায়েশি রায়। এই ধরনের রায় দিয়ে কোনো দিন গণতান্ত্রিক আন্দোলনকে স্তব্ধ করা যাবে না। জনগণ তাদের অধিকার অবশ্যই আদায় করবে।

সমাবেশে নেতৃবৃন্দ অবিলম্বে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে আসা আদেশ বাতিল ও মামলা প্রত্যাহারের দাবি জানান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটন, এতে মহানগর বিএনপির সদস্য কামরুল ইসলাম, মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন, সহ সভাপতি এস এম শাহ আলম রব, ফজলুল হক সুমন, মোঃ মুসা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ হোসেন, সেলিম উদ্দীন রাসেল, গুলজার হোসেন, সহ সাধারণ সম্পাদক মুজিবুর রহমান রাসেল, সম্পাদক মণ্ডলীর সদস্য নুর হোসেন উজ্জ্বল, জিল্লুর রহমান জুয়েল, মুহাম্মাদ সাগির, মহিউদ্দিন মুকুল, মোঃ নুরুল আমিন, আসাদুজ্জামান রুবেল, সহ সম্পাদকবৃন্দ আতিকুর রহমান, মাহবুবুর রহমান, মোঃ শাহেদুল ইসলাম, হামিদুল হক চৌধুরী, মেজবাহ উদ্দিন মিন্টু, গুলজার হোসেন মিন্টু, জাহাঙ্গীর আলম বাবু, হোসেন উজ জামান, ইব্রাহিম খাঁন, দেলোয়ার হোসেন, সদস্য মাহবুব খাঁন জনি, সাইদুল হক শিকদার, আব্দুল্লাহ আল মামুন, থানা যুবদলের আহবায়ক বজল আহমেদ, সদস্য সচিব মনজুরুল আলম মঞ্জু, শওকত খাঁন রাজু, শেখ রাসেল, তাজ উদ্দিন তাজু, মোঃ মুসা, এ জেড এম সোহেল, সিনিয়র যুগ্ম আহবায়ক নুর খাঁন, সাইফুল আলম রুবেল, সাজ্জাদ আহমেদ সাদ্দাম, ইউনুছ মুন্না, ইকবাল হোসেন মিলন, মোঃ ফরহাদ, ওয়ার্ড যুবদলের আহবায়ক এস এম আলী, মোঃ আকতার, মোঃ মেহেদী, বাদশা আলমগীর, রাসেল খাঁন,সহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিক্ষোভ মিছিলটি কাজীর দেউরীর মোড় থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

শেখ হাসিনাকে ফেরত দেওয়া নিয়ে অনিশ্চয়তা, প্রত্যর্পণ আবেদন পর্যালোচনায় ভারত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Friday, 13 November, 2026, 12:59 pm
শেখ হাসিনাকে ফেরত দেওয়া নিয়ে অনিশ্চয়তা, প্রত্যর্পণ আবেদন পর্যালোচনায় ভারত

 

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের অবস্থান নিয়ে ঢাকা-নয়াদিল্লির কূটনৈতিক আলোচনা ও আইনি জটিলতা অব্যাহত রয়েছে। তাঁর প্রত্যর্পণ, ভারতে অবস্থান এবং বাংলাদেশের আদালতের দেওয়া রায়—সব মিলিয়ে দুই দেশের সম্পর্কে বিষয়টি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে।

 

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে বাংলাদেশ ত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেদিন বাংলাদেশ বিমানবাহিনীর সি-১৩০ সামরিক পরিবহন বিমানে ভারতের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে পৌঁছান তিনি।

 

বিবিসি বাংলার বরাত দিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনাকে আনতে ভারতীয় সামরিক উড়োজাহাজ পাঠানোর অনুরোধে দেশটির রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব সম্মতি দেয়নি। পরে বাংলাদেশের নিজস্ব সামরিক উড়োজাহাজে তাঁকে ভারতে নেওয়া হয়। তবে বিমানটির ভারতীয় আকাশসীমা ব্যবহার ও অবতরণের অনুমতি দিয়েছিল নয়াদিল্লি।

 

এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায়ের পর তাঁর প্রত্যর্পণের বিষয়টি আরও আলোচনায় আসে। ২০২৫ সালের ১৭ নভেম্বর জুলাই-আগস্টের আন্দোলন দমনে মানবতাবিরোধী অপরাধের মামলায় তাঁকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল।

 

রায়ের পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, তারা রায়টি সম্পর্কে অবগত হয়েছে। একই সঙ্গে বাংলাদেশের জনগণের শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি ও স্থিতিশীলতার স্বার্থে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে দেশটি। তবে শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে তখন কোনো স্পষ্ট সিদ্ধান্ত জানায়নি ভারত।

 

ভারতের সংসদে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে দেওয়া এক লিখিত জবাবে দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে বাংলাদেশ প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছে এবং এ বিষয়ে বাংলাদেশ সরকারকে কোনো জবাব দেওয়া হয়নি।

 

পরবর্তী সময়ে ভারতের সংসদীয় কমিটির প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার প্রত্যর্পণসংক্রান্ত বাংলাদেশের অনুরোধ দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রচলিত আইন ও প্রক্রিয়া অনুসারে পর্যালোচনা করছে। অর্থাৎ, বিষয়টি এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি।

 

অন্যদিকে বাংলাদেশ সরকার প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত দেওয়ার দাবি জানিয়ে আসছে। তবে ভারত এখন পর্যন্ত তাঁকে বাংলাদেশের কাছে হস্তান্তর করেনি।

 

সব মিলিয়ে শেখ হাসিনার প্রত্যর্পণ ও বিচারিক রায় নিয়ে দুই দেশের অবস্থানের পার্থক্য ঢাকা-নয়াদিল্লির কূটনৈতিক সম্পর্কের অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হয়ে রয়েছে।

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।