খুঁজুন
, ,

সৌন্দর্য নিয়ে টিকটকের অনন্য উদ্যোগ

ডেস্ক নিউজ
প্রকাশিত: Wednesday, 2 August, 2023, 10:07 am
সৌন্দর্য নিয়ে টিকটকের অনন্য উদ্যোগ

বিউটি স্ট্যান্ডার্ডকে নতুন করে তুলে ধরছে টিকটক। প্ল্যাটফর্মটি বদলে দিচ্ছে সৌন্দর্য নিয়ে গতানুগতিক ধারণা। পাশাপাশি প্ল্যাটফর্মটি মানুষকে উৎসাহিত করছে তাদের নিজস্ব সৌন্দর্যকে প্রকাশ করতে। সৌন্দর্যের আদর্শ থেকে নিজেকে যারা কম মনে করেন বা যারা নিজেদের সুন্দর মনে করেন না তাদের জন্য একটি নির্ভরতার স্থান হয়ে উঠেছে টিকটক। শারীরিক গঠনে অথবা ত্বকের রঙে ভিন্নতা আছে এমন যে কেউ নারী-পুরুষ নির্বিশেষে নিজেকে প্রকাশ করার সুযোগ পায় এখানে।

বর্তমানে ভিডিও-শেয়ারিং অ্যাপ টিকটকে ব্যবহারকারীরা কথা বলছে সৌন্দর্য নিয়ে। যা দূর করে দিচ্ছে সৌন্দর্য মানদণ্ডের পুরানো সব প্রথা। যেমন- স্বাস্থ্য সম্পর্কিত ইতিবাচকতা, লৈঙ্গিক সমতা এবং সামাজিক সমস্যাগুলো নিয়ে ব্র্যাক তাদের টিকটক অ্যাকাউন্টে প্রচারের কাজ করে। যেখানে উঠে এসেছে সারা বাংলাদেশের মানুষের গল্প।

নিজেকে প্রকাশ করতে, ব্যক্তিত্বকে তুলে ধরতে এবং সৃজনশীলতাকে উৎসাহিত করার একটি মাধ্যম হয়ে উঠেছে এই প্ল্যাটফর্মটি। জনপ্রিয় ক্রিয়েটর নওরীন আফরোজ পিয়া দারুণভাবে তুলে ধরেন তার ন্যাচারাল বিউটি। প্ল্যাটফর্মটিতে তাকে বেশিরভাগ সময়ে দেখা যায় বাঙালি পোশাকে। দর্শকদের কাছ থেকে এ কারণে প্রশংসামূলক কমেন্টও পান তিনি। ব্যক্তিগত স্টাইল কিংবা গল্প শেয়ার কিংবা ফ্যাশনের মাধ্যমে সৃজনশীলতা প্রকাশ- প্রতিটি ক্ষেত্রেই টিকটক এমন একটি প্ল্যাটফর্ম যেখানে ব্যবহারকারীরা তাদের সত্যিকারের ব্যক্তিত্বকে তুলে ধরতে পারে নির্দ্বিধায়।

মেকআপ এবং ত্বকের যথাযথ যত্নকে সার্বজনীন একটি বিষয় হিসেবে তুলে ধরে টিকটক সৌন্দর্যচর্চায় এনেছে ব্যাপক পরিবর্তন। যে কেউ মেকআপ টিউটোরিয়াল এবং বিউটি প্রোডাক্ট রিকমেন্ড করতে পারে এখানে। দেখাতে পারে সৌন্দর্যচর্চায় নিজের দক্ষতা এবং শেয়ার করতে পারে তাদের ব্যক্তিগত মতামত। এর ফলে হাই-প্রোফাইল ইনফ্লুয়েঞ্জার এবং সেলিব্রেটিদের বিউটি স্ট্যান্ডার্ডের সীমার বাইরে গিয়ে মানুষ সৌন্দর্য নিয়ে ভাবতে পারছে। টিকটক এর ব্যবহারকারীদের ভিন্ন ধারার লুক নিয়ে এক্সপেরিমেন্ট করতে উৎসাহিত করে। তথাকথিত সৌন্দর্যের ধারণাকে চ্যালেঞ্জ করে সেটি নিজের মতো ধারণ করতে প্রেরণা দেয় প্ল্যাটফর্মটি।

সাধারণত সৌন্দর্যের মানদণ্ড কেবল নির্দিষ্ট কোনো সংস্কৃতির মধ্যে আবদ্ধ থাকে। সৌন্দর্যের সেই মাপকাঠি অনুযায়ী না হলে, অনেকের জন্য সেটি হয়ে উঠে একটি মানসিক চাপ। সেই প্রেক্ষিতে সৌন্দর্যের এই দিকটি কেন্দ্র করে বিশ্বজুড়ে আন্তঃসাংস্কৃতিক বিনিময়কে আরও সহজ করেছে টিকটক। নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্য প্ল্যাটফর্মটিতে তুলে ধরছে ব্যবহারকারীরা। একইসঙ্গে চ্যালেঞ্জ করছে স্টেরিওটাইপ ধারণা আর পরিবর্তন আনছে সমাজের দেওয়া সৌন্দর্যের সংজ্ঞায়। টুইঙ্ক ক্যারল এর মতো ক্রিয়েটররা ফিউশন এবং ওয়েস্টার্ন-স্টাইলের পোশাকে ধরা দেন প্ল্যাটফর্মটিতে। অন্যদিকে, রথী আহমেদ তার কনটেন্টের মাধ্যমে তুলে ধরেন মডেসট ঘরানার ফ্যাশন। সৌন্দর্য অনুশীলনে এই বিচিত্রতা ভিন্ন সংস্কৃতির পরিসরে তৈরি করেছে পরস্পরের প্রতি সমঝোতা, এবং শ্রদ্ধা।

ইউজার জেনারেটেড কনটেন্টের মাধ্যম ছাড়াও টিকটক প্রসারিত হচ্ছে নানানভাবে। বড় পরিসরে দর্শকদের কাছে পৌঁছতে সক্ষম টিকটক। তাই ব্র্যান্ডগুলো কাজ করা শুরু করেছে প্ল্যাটফর্মটির সাথে। প্রচলিত সৌন্দর্যের বিজ্ঞাপনের পরিবর্তে ব্র্যান্ডগুলো পণ্যের প্রচার করছে টিকটক ইনফ্লুয়েন্সারদের সাথে পার্টনারশিপের মাধ্যমে। উদাহরণস্বরূপ, হামজা খান শায়ান তার ট্রেন্ডি ফ্যাশন এবং স্টাইলিশ ড্রেসিং সেন্সের জন্য টিকটকে সুপরিচিত। তিনি কাজ করছেন বিখ্যাত সব ব্র্যান্ডের সাথে আর একইসাথে তাদের পণ্য প্রচার করছেন টিকটকে। বর্তমানে পণ্যের মান নিয়ে গ্রাহকদের বদলে যাওয়া প্রত্যাশার দরুন ব্র্যান্ডিংয়ে এসেছে এমন পরিবর্তন। যেই ক্ষেত্রটি টিকটকের প্রভাবকে এখন আরও বৃদ্ধি করেছে।

সৌন্দর্যের মানদণ্ডকে বা বিউটি স্ট্যান্ডার্ড নতুন করে তুলে ধরার কাজে টিকটক আরও কার্যকরী একটি প্ল্যাটফর্ম হিসেবে আবির্ভূত হচ্ছে। প্রত্যেককে কথা বলার সুযোগ দেওয়ার পাশাপাশি তাদের সৌন্দর্যের ইতিবাচক দিকগুলো এবং তাদের ব্যক্তিত্বকে তুলে ধরছে প্ল্যাটফর্মটি। যেখানে একইসাথে দূর হয়ে যাচ্ছে সমাজের প্রচলিত সৌন্দর্যের মাপকাঠিগুলো।

শেখ হাসিনাকে ফেরত দেওয়া নিয়ে অনিশ্চয়তা, প্রত্যর্পণ আবেদন পর্যালোচনায় ভারত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Friday, 13 November, 2026, 12:59 pm
শেখ হাসিনাকে ফেরত দেওয়া নিয়ে অনিশ্চয়তা, প্রত্যর্পণ আবেদন পর্যালোচনায় ভারত

 

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের অবস্থান নিয়ে ঢাকা-নয়াদিল্লির কূটনৈতিক আলোচনা ও আইনি জটিলতা অব্যাহত রয়েছে। তাঁর প্রত্যর্পণ, ভারতে অবস্থান এবং বাংলাদেশের আদালতের দেওয়া রায়—সব মিলিয়ে দুই দেশের সম্পর্কে বিষয়টি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে।

 

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে বাংলাদেশ ত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেদিন বাংলাদেশ বিমানবাহিনীর সি-১৩০ সামরিক পরিবহন বিমানে ভারতের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে পৌঁছান তিনি।

 

বিবিসি বাংলার বরাত দিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনাকে আনতে ভারতীয় সামরিক উড়োজাহাজ পাঠানোর অনুরোধে দেশটির রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব সম্মতি দেয়নি। পরে বাংলাদেশের নিজস্ব সামরিক উড়োজাহাজে তাঁকে ভারতে নেওয়া হয়। তবে বিমানটির ভারতীয় আকাশসীমা ব্যবহার ও অবতরণের অনুমতি দিয়েছিল নয়াদিল্লি।

 

এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায়ের পর তাঁর প্রত্যর্পণের বিষয়টি আরও আলোচনায় আসে। ২০২৫ সালের ১৭ নভেম্বর জুলাই-আগস্টের আন্দোলন দমনে মানবতাবিরোধী অপরাধের মামলায় তাঁকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল।

 

রায়ের পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, তারা রায়টি সম্পর্কে অবগত হয়েছে। একই সঙ্গে বাংলাদেশের জনগণের শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি ও স্থিতিশীলতার স্বার্থে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে দেশটি। তবে শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে তখন কোনো স্পষ্ট সিদ্ধান্ত জানায়নি ভারত।

 

ভারতের সংসদে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে দেওয়া এক লিখিত জবাবে দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে বাংলাদেশ প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছে এবং এ বিষয়ে বাংলাদেশ সরকারকে কোনো জবাব দেওয়া হয়নি।

 

পরবর্তী সময়ে ভারতের সংসদীয় কমিটির প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার প্রত্যর্পণসংক্রান্ত বাংলাদেশের অনুরোধ দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রচলিত আইন ও প্রক্রিয়া অনুসারে পর্যালোচনা করছে। অর্থাৎ, বিষয়টি এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি।

 

অন্যদিকে বাংলাদেশ সরকার প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত দেওয়ার দাবি জানিয়ে আসছে। তবে ভারত এখন পর্যন্ত তাঁকে বাংলাদেশের কাছে হস্তান্তর করেনি।

 

সব মিলিয়ে শেখ হাসিনার প্রত্যর্পণ ও বিচারিক রায় নিয়ে দুই দেশের অবস্থানের পার্থক্য ঢাকা-নয়াদিল্লির কূটনৈতিক সম্পর্কের অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হয়ে রয়েছে।

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।