খুঁজুন
, ,

চবিতে কর্মীদের ধাওয়া খেয়ে ক্যাম্পাস ছাড়লেন ছাত্রলীগ সভাপতি!

ডেস্ক নিউজ
প্রকাশিত: Friday, 21 July, 2023, 1:17 pm
চবিতে কর্মীদের ধাওয়া খেয়ে ক্যাম্পাস ছাড়লেন ছাত্রলীগ সভাপতি!

নিজ সংগঠনের নেতাকর্মীদের ধাওয়া খেয়ে ক্যাম্পাস ছেড়ে যেতে বাধ্য হয়েছেন বিতর্কিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল।

বৃহস্পতিবার রাত ১১টার দিকে চবির জিরো পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে। এর আগে গত ৯ জুন তাকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করে ছাত্রলীগের বগিভিত্তিক বিভিন্ন গ্রুপ। এর মধ্যে আছে ছাত্রলীগের উপপক্ষ চুজ ফ্রেন্ডস উইথ কেয়ার (সিএফসি) এবং বিজয় গ্রুপের নেতাকর্মীরা।

তবে ক্যাম্পাস ছেড়ে যাওয়ার বিষয়টি নাকচ করে চবি ছাত্রলীগ সভাপতি রেজাউল হক রুবেল বলেন, ‘ক্যাম্পাসে কোনো ঝামেলা হয়নি। বিজয় ও সিএফসি উপপক্ষের কিছু ছেলে পথভ্রষ্ট। তারা জামায়াত-বিএনপির বিরুদ্ধে কর্মসূচি সহ্য করতে পারেননি। এ কারণে তারা ঝামেলা করার চেষ্টা করেছেন। শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেছি। আমি ক্যাম্পাসেই আছি। কোনো ধাওয়া বা ঝামেলা হয়নি।’

জানা গেছে, দীর্ঘদিন পর গতকাল বৃহস্পতিবার ক্যাম্পাসে ফিরে মূল ফটকের সামনে দাঁড়িয়ে তার অনুসারীদের নিয়ে ‘জামায়াত শিবির ও বিএনপির দেশবিরোধী ষড়যন্ত্র বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ’ করছিলেন রেজাউল হক রুবেল। বিষয়টি ফেসবুক লাইভ করছিলেন তিনি। সমাবেশের এক পর্যায়ে ছাত্রলীগের বগিভিত্তিক গ্রুপ বিজয়, ভার্সিটি এক্সপ্রেস (ভিএক্স) ও নিজ গ্রুপ সিএফসির নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে ধাওয়া দেন।

সিএফসি গ্রুপের নেতা ও চবি ছাত্রলীগের সহ-সভাপতি মির্জা খবির সাদাফ সাংবাদিকদের বলেন, ‘চবি ছাত্রলীগের মেয়াদ উত্তীর্ণ কমিটির সভাপতি রেজাউল হক রুবেলকে অনেক আগে ক্যাম্পাস থেকে অবাঞ্ছিত ঘোষণা করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। তিনি দীর্ঘদিন পর ক্যাম্পাসে ফিরে এসে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছিলেন। তখন আমরা তাকে প্রতিহত করি।’

গতকাল বৃহস্পতিবার ছাত্রলীগের বর্তমান কমিটি বাতিল চেয়ে নতুন কমিটির দাবিতে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা দিয়ে বিক্ষোভ করেন সিএফসি ও বিজয় গ্রুপের নেতাকর্মীরা। রাত সাড়ে ১১টার দিকে বিক্ষোভে সংহতি জানিয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আরেক উপপক্ষ ভার্সিটি এক্সপ্রেস বিক্ষোভ কর্মসূচিতে যোগ দেয়। পরে দিবাগত রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির আশ্বাসে ফটকের তালা খুলে দেন নেতাকর্মীরা।

এ বিষয়ে সহকারী প্রক্টর সৌরভ সাহা বলেন, ‘ছাত্রদের বুঝিয়ে হলে পাঠানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি এখন শান্ত।’

এক বছর মেয়াদের কমিটি চার বছর পার করেছে বলে ক্ষোভ প্রকাশ করেন ভার্সিটি এক্সপ্রেস উপপক্ষের নেতা ও শাখা ছাত্রলীগের সহসভাপতি প্রদীপ চক্রবর্তী বলেন, এতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ গতি হারিয়ে ফেলেছে। কর্মীদের রাজনৈতিক স্পৃহা নষ্ট হচ্ছে। নতুন কমিটি না দিলে এ বিশ্ববিদ্যালয়ের রাজনীতি আরও অন্ধকারের দিকে যাবে।’

চবি সূত্র জানায়, সভাপতি রেজাউল হকের বিরুদ্ধে বয়স শেষ হওয়ার পরও ক্যাম্পাসে ছাত্রলীগের রাজনীতিতে থাকা, ছাত্রত্ব না থাকার পরও বছরের পর বছর আবাসিক হলের কক্ষ দখল করে থাকাসহ নানা অভিযোগ রয়েছে। কর্মীকে দিয়ে পা টেপানো, পরিকল্পিতভাবে নিজের অনুসারীকে কুপিয়ে জখমসহ বিভিন্ন ঘটনায় সমালোচনার পর ক্যাম্পাস ছেড়েছিলেন রেজাউল হক। তবে পবিত্র ঈদুল আজহার ছুটির পর থেকে কিছু কর্মী নিয়ে আবার সংগঠিত হচ্ছিলেন তিনি। গত মঙ্গলবার (১৯ জুলাই) কেন্দ্রীয় ছাত্রলীগ থেকে ‘বিএনপির নৈরাজ্যের’ প্রতিবাদে ছাত্রসমাবেশ করার ঘোষণা আসে। এর পরিপ্রেক্ষিতে রেজাউল তার অনুসারীদের নিয়ে ক্যাম্পাসে আসেন।

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 4:01 pm
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে হঠাৎ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা।

 

একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

বিক্ষোভরত শ্রমিকরা জানান, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অন্যায়ভাবে লাঠিচার্জ ও নির্বিচারে গ্রেপ্তারের অভিযোগও তুলেছেন তারা। স্থানীয় নেতাকর্মী ও বহিরাগত সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন শ্রমিকরা।

 

এদিকে শ্রমিক বিক্ষোভের খবর ছড়িয়ে পড়লে মহাসড়কের আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

 

অন্যদিকে মহাসড়ক অবরোধের কারণে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন আটকে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা।

 

শ্রমিকদের বিক্ষোভ চললেও সকাল থেকে ঘটনাস্থল ও আশপাশের মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

মহাসড়ক অবরোধের কারণে সৃষ্ট অচলাবস্থা কখন কাটবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন যাত্রীরা।