খুঁজুন
, ,

বিএনপি আগুন নিয়ে খেলছে ঐ আগুনে নিজেদের হাত পুড়বেই-আ.জ.ম. নাছির

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 20 July, 2023, 1:08 pm
বিএনপি আগুন নিয়ে খেলছে ঐ আগুনে নিজেদের হাত পুড়বেই-আ.জ.ম. নাছির

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী বিএনপি ও তার কথিত মিত্রদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, আমরা অনেক সহশীলতা ও ধৈর্য্যরে পরিচয় দিয়েছি। গতকাল বুধবার চট্টগ্রাম-১০ আসনের উপ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর প্রধান নির্বাচনী কার্যালয়ে পরিকল্পিত ন্যাক্কারজনক হামলা ও ভাংচুর প্রমাণ করে যে, এই অপশক্তিকে আর মাথাচাড়া দিয়ে উঠার কোন অবকাশ নেই। আমরা অনেক প্রতিবাদ সমাবেশ করেছি। আজকের এই সমাবেশটি প্রতিরোধ সমাবেশ। এখান থেকেই নগরবাসীকে ডাক দিয়ে যাই বিএনপি ও তার মিত্রদের অপকর্মের বিরুদ্ধে ঘরে ঘরে দুর্গ গড়ে তুলুন।

আজ বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম জেলা পরিষদ চত্বরে বিএনপি জামাতের আওয়ামী লীগের প্রার্থীর প্রধান নির্বাচনী কার্যালয়ে পূর্ব পরিকল্পিত হামলা ও ভাংচুর এবং অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অপচেষ্টার বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি আরো বলেন, আমরা গণতন্ত্র ও ভোটের অধিকারের প্রতি শ্রদ্ধাশীল। এদেশে সংবিধান সম্মতভাবেই নির্বাচন হবে। আমরাও চাই অবাধ ও সুষ্ঠু নির্বাচন। তার মানে এই নয় যে আমরা নির্বাচন বাঞ্চালকারীদের প্রশ্রয় দেব। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার এটি একটি মৃত ইস্যু এবং আদালতের রায়ে এই তত্ত্বাবধায়ক সরকারের অস্তিত্ব স্থায়ীভাবে বিলীন হয়েছে।

বিএনপি যদি তত্ত্বাবধায়ক সরকার চান তার আগে তাদেরকে সংসদে আসতে হবে এবং তত্ত্বাবধায়ক সরকারের পুনরুজ্জীবন তাহলে সংসদে এসে পুররিজ্জীবনে সংসদেই বিল পাশ করতে হবে। এছাড়া আর কোন বিকল্প পথ নেই। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ.জ.ম. নাছির উদ্দীন বলেন, বিএনপি আগুন নিয়ে খেলা শুরু করেছে। তাদের জানা উচিত এই আগুনে তাদের নিজেদের হাতই পুড়বে। এটাই ইতিহাসের শিক্ষা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে একটি রাজনৈতিক দল হিসেবে বিএনপিকে সভা সমাবেশ ও রাজনৈতিক কর্মসূচী পালনের সুযোগ করে দিয়েছেন। কিন্তু দুঃখের বিষয় বিএনপি ও তার মিত্ররা এই উদারতা কে দুর্বলতা ভাবছেন। তারা নাশকতা ও নৈরাজ্যের পথ বেছে নিয়েছেন। তাদের উদ্দেশ্যে স্পর্ট করে বলতে চাই নাশকতা ও নৈরাজ্য সৃষ্টির কুমতলবে তাদেরকে আর কোন সভা সমাবেশ করতে দেওয়া হবে না। আমরা আর প্রতিবাদ সভা করবো না, এবার সরাসরি অ্যাকশনে নামবো।

আমরা দেখেছি বিএনপি এর আগে তাদের রাজনৈতিক কর্মসূচীর নামে জ্বালাও পোড়াও করেছে। আগুনে পুড়িয়ে মানুষ হত্যা করেছে। সরকারি সম্পদ ধ্বংস করেছে এবং দেশকে অস্থিতিশীল ও অকার্যকর রাষ্ট্রে পরিণত করার জন্য বহুমুখী ষড়যন্ত্র করেছে; কিন্তু ষড়যন্ত্রই সফল হয়নি এবং এবারও হবে না। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, প্রতিটি ওয়ার্ডে সর্বস্তরের স্বাধীনতার স্বপক্ষের মানুষজনদেরকে নিয়ে দুর্গ গড়ে তোলার প্রস্তুতি নিন এবং যারা নাশকতা চালাচ্ছে তাদের নাম-ধাম এবং বাড়ি-ঘর ও ব্যবসা প্রতিষ্ঠানের ঠিকানা সংগ্রহ করে রাখুন। আমরা তাদেরকে কিছুতেই ঘরে বাইরে শান্তিতে থাকতে দিতে পারি না। তিনি স্মরণ করিয়ে দেন বিএনপি প্রকৃতপক্ষে কোন রাজনৈতিক দল নয়। এদের জন্ম হয়েছে ক্যান্টনমেন্টে।

এই দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান একজন সেনাপতি। তিনি সেনাবাহিনীর বিধান লঙ্ঘন করে অবৈধ ও অসাংবিধানিক পন্থায় ক্ষমতা কুক্ষিগত করে সুবিধাভোগী ও স্বাধীনতা বিরোধী লোকজনদেরকে নিয়ে যে দলটি গঠন করেছেন এটি একাত্তরের পরাজিত শক্তির প্রেতাত্মা। তাই মুক্তিযুদ্ধের একটি বিজয়ী শক্তি কখনো তাদের অস্তিত্ব মেনে নিতে পারে না। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য রাখেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি ও জাতীয় পরিষদের সদস্য আলহাজ্ব নঈম উদ্দীন চৌধুরী, এড. ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, নোমান আল মাহমুদ এমপি, মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসনী, আইন সম্পাদক এড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, নির্বাহী সদস্য ড. নিছার উদ্দীন আহমদ মঞ্জু, চট্টগ্রাম-১০ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব মহিউদ্দিন বাচ্চু। সভামঞ্চে উপস্থিত ছিলেন, সহ সভাপতি আলহাজ্ব খোরশেদ আলম সুজন, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, উপদেষ্টা আলহাজ্ব সফর আলী, সম্পাদক মন্ডলীর সদস্য শফিক আদনান, হাসান মাহমুদ শমসের, চন্দন ধর, আহমেদুর রহমান সিদ্দিকী, ডা. ফয়সল ইকবাল চৌধুরী, মোঃ শহিদুল আলম, নির্বাহী সদস্য জাফর আলম চৌধুরী, আলহাজ্ব পেয়ার মোহাম্মদ, সৈয়দ আমিনুল হক, সাইফুদ্দিন খালেদ বাহার, বখতেয়ার উদ্দীন খান, মহব্বত আলী খান, আব্দুল লতিফ টিপু, মোঃ জাবেদ, রোটারিয়ান মোঃ ইলিয়াছ, হাজী বেলাল আহমদ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু, সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু, সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর সহ ১৫টি থানা ৪৪ সাংগঠনিক ওয়ার্ডে নেতৃবৃন্দ ব্যানারসহকারে মিছিল নিয়ে প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করে।

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 4:01 pm
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে হঠাৎ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা।

 

একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

বিক্ষোভরত শ্রমিকরা জানান, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অন্যায়ভাবে লাঠিচার্জ ও নির্বিচারে গ্রেপ্তারের অভিযোগও তুলেছেন তারা। স্থানীয় নেতাকর্মী ও বহিরাগত সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন শ্রমিকরা।

 

এদিকে শ্রমিক বিক্ষোভের খবর ছড়িয়ে পড়লে মহাসড়কের আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

 

অন্যদিকে মহাসড়ক অবরোধের কারণে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন আটকে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা।

 

শ্রমিকদের বিক্ষোভ চললেও সকাল থেকে ঘটনাস্থল ও আশপাশের মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

মহাসড়ক অবরোধের কারণে সৃষ্ট অচলাবস্থা কখন কাটবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন যাত্রীরা।