খুঁজুন
, ,

জাতীয় চেতনাধর্মী নির্মল সংস্কৃতি ছড়িয়ে দিয়ে অপসংস্কৃতি ও অবক্ষয়ের রাশ টানতে হবে

ডেস্ক নিউজ
প্রকাশিত: Wednesday, 19 July, 2023, 1:58 pm
জাতীয় চেতনাধর্মী নির্মল সংস্কৃতি ছড়িয়ে দিয়ে অপসংস্কৃতি ও অবক্ষয়ের রাশ টানতে হবে

প্রাযুক্তিক অবক্ষয়ের শিকার যুব তরুণদের মাঝে সুস্থ মননশীল নির্মল সংস্কৃতি ছড়িয়ে দেয়া, আকাশ সংস্কৃতির আগ্রাসন থামানো এবং তারুণ্যের শক্তিকে দেশ জাতি গঠনে কাজে লাগানোর আহ্বান জানানোর মধ্যদিয়ে হিজরি নববর্ষ ১৪৪৫ কে বরণ করা হয়েছে। হিজরি নববর্ষ উদযাপন পরিষদের উদ্যোগে আজ ১৯ জুলাই বুধবার বিকেলে নগরীর বহদ্দারহাটস্থ আরবি কনভেনশন হলে হিজরি নতুন বছর বরণ ও ১৪৪৪ বছরকে বিদায় জানানো হয়। হামদ্, না’তে রাসূল (দ.),জাতীয় সঙ্গীত, গজল, বর্ষবরণ ও বর্ষবিদায় সঙ্গীত, দেশাত্মবোধক গান, নজরুল সঙ্গীতসহ উজ্জীবনধর্মী নানা গান ও সঙ্গীত পরিবেশনের মাধ্যমে হিজরি নতুন বছরকে বরণ করে নেন বিভিন্ন ইসলামী সাংস্কৃতিক সংগঠনের খুদে শায়ের ও শিল্পীরা। হাজারো দর্শক শ্রোতা মোহাবিষ্ট হয়ে সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন। সঙ্গীতের সুর মূর্ছনায় ভিন্ন আবহ ও আমেজ ছড়িয়ে পড়ে হলজুড়ে। সাংস্কৃতিক পরিবেশনার ফাঁকে ফাঁকে চলে কথামালা ও আলোচনা। এতে সভাপতিত্ব করেন হিজরি নববর্ষ উদযাপন পরিষদের চেয়ারম্যান পীরজাদা মাওলানা মুহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ্। বর্ষবরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, যুব তরুণরাই দেশের বড় সম্পদ। অথচ তারা আজ নানাভাবে অবক্ষয় ও বিপথগামিতার শিকার। তথ্য যোগাযোগ প্রযুক্তিকে জ্ঞান অর্জনে ও আত্মগঠনে কাজে না লাগিয়ে তারা প্রাযুক্তিক অবক্ষয়ে নিমজ্জিত। বিশাল তারুণ্যের শক্তিকে অবক্ষয়ের অন্ধকার পথ থেকে ফিরিয়ে আনতে হবে। জাতীয় চেতনাধর্মী সুস্থ নির্মল সংস্কৃতি সর্বত্র ছড়িয়ে দিয়ে অপসংস্কৃতি ও অবক্ষয়ের রাশ টেনে ধরার আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চেয়ারম্যান মাওলানা এম এ মতিন। উদ্বোধক ছিলেন চট্টগ্রাম চেম্বারের সাবেক পরিচালক সমাজসেবী মুহাম্মদ আলমগীর পারভেজ। মুখ্য আলোচক ছিলেন গবেষক-সংগঠক অ্যাডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার, হিজরি নববর্ষ উদ্যাপন পরিষদের মহাসচিব মুহাম্মদ এনামুল হক ছিদ্দিকী এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন আহলে সুনাত ওয়াল জামাআ’ত এর কো-চেয়ারম্যান শায়খুল হাদিস আল্লামা হাফেজ মুহাম্মদ সোলায়মান আনসারী, আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশ এর প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ আল্লামা তৈয়ব আলী, আল্লামা আবুল আসাদ মুহাম্মদ জুবাইর রেজবী।
প্রধান অতিথি মাওলানা এম এ মতিন বলেন, কোটি তরুণ যুবক আজ বেকারত্বে ধুঁকছে। তাদের সুপ্ত প্রতিভাকে কাজে লাগাতে বড় কোনো উদ্যোগ লক্ষ্য করা যায় না। যুব তরুণদেরকে আদর্শিকভাবে উজ্জীবিত ও তাদের চরিত্র গঠনের ওপর বিশেষ জোর দিতে হবে। সুস্থ নির্মল সংস্কৃতিকে প্রসারিত করার মাধ্যমে আদর্শ সুনাগরিক সৃষ্টির ধারা বেগবান করতে হবে।
উদ্বোধক আলমগীর পারভেজ বলেন, চট্টগ্রাম সবার আগে। হিজরি নববর্ষ উদযাপনেও চট্টগ্রাম দৃষ্টান্ত স্থাপন করেছে। একদিন এই হিজরি নববর্ষ বরণ অনুষ্ঠান সারা দেশে ছড়িয়ে পড়বে।
মুখ্য আলোচক এডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার বলেন, ১ জানুয়ারি থার্টি ফার্স্ট নাইটে যে হৈ হুল্লোড় উম্মাদনা চলে তা আমাদের নিজস্ব সংস্কৃতি নয়। তা ভিন্নধর্মী অপসংস্কৃতি। একটি জাতিকে আদর্শিকভাবে এগিয়ে নিতে আগে তার নিজস্ব কৃষ্টি সংস্কৃতিকে তুলে ধরতে হয়। আমাদের ইসলামী কৃষ্টি সংস্কৃতি বেশ সমৃদ্ধ। তাই ইসলামী সংস্কৃতিকে সর্বোত্তমভাবে তুলে ধরতে পারলে জনমনে ইসলামী ভারধারা তৈরি হবে এ আশা করা যায়। ইসলাম বিদ্বেষী গোষ্ঠী মুসলমানদের সাংস্কৃতিক চেতনা ধ্বংস করতে অপসংস্কৃতিকে পৃষ্ঠপোষকতা করছে বলে তিনি উল্লেখ করেন। সভাপতির বক্তব্যে মাওলানা আশরফ শাহ্ বলেন, অপসংস্কৃতি ও আকাশ সংস্কৃতির প্রাবল্যে সুস্থ সংস্কৃতি চর্চা আজ কোণঠাসা হয়ে উঠেছে। আমাদের নিজস্ব ধর্মীয় কৃষ্টি সংস্কৃতিকে তুলে ধরতেই চৌদ্দ বছর ধরে চট্টগ্রামে আমরা হিজরি নববর্ষ উদযাপন করে আসছি। ইসলামী কৃষ্টি সংস্কৃতিকে বাংলা ভাষায় মোহনীয়ভাবে উপস্থাপনের ওপর গুরুত্বারোপ করেন তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আলোচক ছিলেন মাওলানা এম এ মাবুদ,মাওলানা রেজাউল করিম তালুকদার, ইঞ্জিনিয়ার মুহাম্মদ নূর হোসাইন, আবু নাসের মুহাম্মদ তৈয়ব আলী, নাসির উদ্দিন মাহমুদ, মাষ্টার মুহাম্মদ আবুল হোসেন, অধ্যাপক মীর আব্দুর রহিম মুনিরী, আলী হোসেন, সৈয়দ মুহাম্মদ আবু আজম, মুফতি মাওলানা গোলাম কিবরিয়া আজহারী, মাওলানা হাসান আল-আজহারী, আবদুল করিম সেলিম, মুফতি ইকবাল হোসেন আল-কাদেরী, জি এম শাহাদাত হোসেন মানিক, এমরানুল ইসলাম, হাবিবুল মোস্তাফা সিদ্দিকী, সরওয়ার উদ্দীন চৌধুরী, আবদুল্লাহ আল জাবের, কাজী মুহাম্মদ আরাফাত, নূর রায়হান চৌধুরী, সৈয়দ সালাউদ্দিন খোকন, বদরুল হুদা তারেক, ওসমান গনি কাদেরী, মহিউদ্দিন তানভীর, সাইফুল ইসলাম, মুহাম্মদ মিনহাজুল আবেদীন, আবরার উল্লাহ সাদমান প্রমুখ। মিলাদ কিয়াম শেষে মুসলিম উম্মাহর কল্যাণ, দেশ ও বিশ্ববাসীর শান্তি সমৃদ্ধি এবং অশান্তি হানাহানি থেকে বৈশ্বিক পরিত্রাণ কামনায় মুনাজাত করা হয়। হাজারো শ্রোতা বর্ষবরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 4:01 pm
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে হঠাৎ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা।

 

একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

বিক্ষোভরত শ্রমিকরা জানান, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অন্যায়ভাবে লাঠিচার্জ ও নির্বিচারে গ্রেপ্তারের অভিযোগও তুলেছেন তারা। স্থানীয় নেতাকর্মী ও বহিরাগত সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন শ্রমিকরা।

 

এদিকে শ্রমিক বিক্ষোভের খবর ছড়িয়ে পড়লে মহাসড়কের আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

 

অন্যদিকে মহাসড়ক অবরোধের কারণে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন আটকে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা।

 

শ্রমিকদের বিক্ষোভ চললেও সকাল থেকে ঘটনাস্থল ও আশপাশের মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

মহাসড়ক অবরোধের কারণে সৃষ্ট অচলাবস্থা কখন কাটবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন যাত্রীরা।