খুঁজুন
, ,

গণতন্ত্র পুনরুদ্ধারে ১২ দলসহ সমমনা সবাইকে জেগে উঠতে হবে-ডা. শাহাদাত

ডেস্ক নিউজ
প্রকাশিত: Friday, 14 July, 2023, 3:13 pm
গণতন্ত্র পুনরুদ্ধারে ১২ দলসহ সমমনা সবাইকে জেগে উঠতে হবে-ডা. শাহাদাত

চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে বিএনপিসহ বিরোধী দলীয় নেতাকর্মীর বিরুদ্ধে লক্ষ লক্ষ মিথ্যা মামলা দিয়েছে। বিগত দুটো নির্বাচনের প্রতিটিতে আওয়ামী লীগ মানুষকে বোকা বানিয়েছে, প্রতারণা করেছে। তাই এই সরকারকে বিদায় দেওয়া ছাড়া কোনো পথ নেই। ১২ জুলাই ঢাকার সমাবেশ থেকে একদফা দাবীর নতুন ঘোষণা এসেছে। সেই ঘোষণার মধ্য দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের নতুন যাত্রা শুরু হয়েছে। সেই যাত্রায় বিএনপির সমমনা সবাইকে জেগে উঠতে হবে। সমগ্র মানুষকে জাগিয়ে তুলতে হবে। চট্টগ্রামে ১২ দলীয় জোট আলাদা কর্মসূচী পালন করবে। আমরা মানুষের অধিকার আদায়ের আন্দোলন করছি। জনগণের মুখপাত্র হিসেবে দেশবাসী বিএনপির দিকে তাকিয়ে আছে।

তিনি আজ শুক্রবার (১৪ জুলাই) বিকালে নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে চট্টগ্রাম মহানগর বিএনপির সাথে মহানগর ১২ দলীয় ঐক্যজোটের মতবিনিময় সভায় এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশের সব রাজনৈতিক দল, সব মানুষ, সব সংগঠন, তরুণ, যুবক, বৃদ্ধ আপামর জনসাধারণকে এই আন্দোলনে শরীক হওয়ার আহবান জানাচ্ছি। এই দেশকে রক্ষা করতে হলে আসুন আমরা সবাই উঠে দাঁড়াই, মাথা উঁচু করে দাঁড়াই, আমাদের দাবি আমরা আদায় করে নিই এবং এই দানব সরকারকে বাধ্য করি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেওয়ার জন্য।

চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন, আগামী নির্বাচনকে কেন্দ্র করে আবারও জনগণকে প্রতারিত করে ক্ষমতা দখল করতে চায় আওয়ামী লীগ। কিন্তু এবার প্রতিকূলতার সম্মুখীন হতে হচ্ছে সরকারকে। দেশের মানুষ এবং আন্তর্জাতিক বিশ্ব দেশে সুষ্ঠু নির্বাচন দেখতে চায়। আওয়ামী লীগ ভালো করেই জানে দেশের জনগণ ভোটের অধিকার পেলে তাদের রাজনৈতিক পরাজয় হবে। তাই তারা সংবিধানের দোহাই দিয়ে আবারো একতরফা নির্বাচন করে ক্ষমতায় থাকতে চায়।
দেশের মানুষ তাদের সে স্বপ্ন বাস্তবায়ন হতে দিবে না।

দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান বলেন, দেশের মানুষ এই সরকারের বিরুদ্ধে জেগে উঠেছে। তারা ঐক্যবদ্ধ। সাংবিধানিকভাবে এই সরকার অবৈধ। তাদের পদত্যাগ করতেই হবে। আওয়ামী লীগ এখন গণশত্রুতে পরিণত হয়েছে। আওয়ামী লীগের লক্ষ্যই হচ্ছে দেশের মানুষকে শোষণ করা। আমরা এই শোষণের বিরুদ্ধে লড়াই করছি।

১২ দলীয় ঐক্যজোটের আহবায়ক ও কল্যাণ পার্টির স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইলিয়াসের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর, দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটন, সদস্য মো. কামরুল ইসলাম, ইদ্রিস আলী, চট্টগ্রাম মহানগর কল্যাণ পার্টির সভাপতি সাজিদ ইসলাম ইকবাল, সাধারণ সম্পাদক এড. মামুন জোয়ারদার, মহানগর জাতীয় পার্টি (কাজী জাফর) সাধারণ সম্পাদক কামাল উদ্দিন আহমেদ, মহানগর জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা এম এ কাশেম ইসলামাবাদী, মহানগর ইসলামী ঐক্যজোটের সভাপতি মাওলানা আনোয়ার হোসাইন রব্বানী, দক্ষিণ জেলা কল্যাণ পার্টির সভাপতি এড. মোজাম্মিল হোসাইন, মহানগর বাংলাদেশ জাতীয় দলের সভাপতি মোহাম্মদ চান মিয়া, মহানগর বিএলডিপির সভাপতি শওকত ওসমান, মুসলিম লীগের আবু মুসা, বাংলাদেশ ইসলামিক পার্টির মাওলানা গিয়াস উদ্দিন, বাংলাদেশ জাস্টিস পার্টির এড. রবিউল ইসলাম, বাংলাদেশ সাম্যবাদী দলের আব্দুর রাজ্জাক, ১২ দলীয় জোট নেতা শাহিনুর আক্তার, ববিতা আক্তার, মহিউদ্দিন বকুল, মুসলিম সিকদার, মো. মহিউদ্দিন, ওমর ফারুক, মাহবুব আলম, রফিকুল ইসলাম মোরশেদ, মীর নাজিবুল্লাহ, মর্তুজা হোসাইন প্রমূখ।

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 4:01 pm
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে হঠাৎ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা।

 

একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

বিক্ষোভরত শ্রমিকরা জানান, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অন্যায়ভাবে লাঠিচার্জ ও নির্বিচারে গ্রেপ্তারের অভিযোগও তুলেছেন তারা। স্থানীয় নেতাকর্মী ও বহিরাগত সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন শ্রমিকরা।

 

এদিকে শ্রমিক বিক্ষোভের খবর ছড়িয়ে পড়লে মহাসড়কের আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

 

অন্যদিকে মহাসড়ক অবরোধের কারণে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন আটকে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা।

 

শ্রমিকদের বিক্ষোভ চললেও সকাল থেকে ঘটনাস্থল ও আশপাশের মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

মহাসড়ক অবরোধের কারণে সৃষ্ট অচলাবস্থা কখন কাটবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন যাত্রীরা।