খুঁজুন
, ,

পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের বিপুল জয়

ডেস্ক নিউজ
প্রকাশিত: Wednesday, 12 July, 2023, 2:23 pm
পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের বিপুল জয়

আন্তর্জাতিক ডেস্ক

পশ্চিমবঙ্গের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জিতেছে। গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদে রেকর্ড জয় পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল।

বিজেপি রয়েছে দ্বিতীয় অবস্থানে, কিন্তু ব্যবধান ব্যাপক। রাজ্যের উত্তরবঙ্গে বিজেপি তাদের ঘাঁটিও ধরে রাখতে পারবে না।

বুধবার ভারতের স্থানীয় সময় সকাল ১০টা পর্যন্ত গ্রাম পঞ্চায়েতের ৬৩ হাজার ২২৯ আসনের মধ্যে তৃণমূল জিতেছে ৩০ হাজার ৩৯১টি আসন। বিজেপি ৮ হাজার ২৩৯, বাম দল ২ হাজার ৬৫৭ এবং কংগ্রেস জিতেছে ২ হাজার ১৫৮টি আসন।

পঞ্চায়েত সমিতির ৯ হাজার ৭৩০টি আসনের মধ্যে তৃণমূল জিতেছে ৩ হাজার ৭৬১টি, বিজেপি ৪৬৮টি, কংগ্রেস ১০২টি ও বাম দল ১০০টি আসনে জয়লাভ করেছে। আর ২০টি জেলা পরিষদের মধ্যে মঙ্গলবার রাত ১২টার হিসাব অনুযায়ী তৃণমূল ১২টিতে জয়লাভ করে। অন্য জেলা পরিষদের ফলাফল ওই রাতে পাওয়া যায়নি।

এদিকে, আনন্দবাজার ও টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা গেছে, গতকাল মঙ্গলবার ভোট গণনার প্রথম দিনে ব্যাপক বিশৃঙ্খলা ও বোমাবাজির ঘটনা ঘটেছে। আজ বুধবার দ্বিতীয় দিনেও সন্ত্রাসের ঘটনা ঘটেছে।

ভাঙড়ে এ পর্যন্ত তিনজন নিহত হয়েছে। কাঁঠালিয়া এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে দুই আইএসএফ কর্মী এবং এক যুবকের মৃত্যু হয়। যুবক কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন বলে স্থানীয় সূত্রে খবর পাওয়া গেছে। এছাড়াও গুলিবিদ্ধ হয়েছেন পুলিশের এক পদস্থ কর্মকর্তা এবং এক পুলিশকর্মী। বুধবার সকাল থেকেই এলাকায় টহল দিচ্ছে পুলিশ। চলছে ধরপাকড়।

পুরুলিয়ায় তৃণমূলের জয়

পুরুলিয়ায় জেলা পরিষদ নিজেদের দখলে রেখেছে তৃণমূল। এই জেলায় ৪৫টি আসনের মধ্যে ৪২টিতে তৃণমূল জিতেছে। দু’টি আসনে জিতেছে বিজেপি।

হুগলির জেলা পরিষদ তৃণমূলের

হুগলির জেলা পরিষদও দখল করল তৃণমূল। এই জেলায় জেলা পরিষদের ৫৩টি আসন। তার মধ্যে ৫১টিতে তৃণমূল জয়ী হয়েছে। দু’টি আসন পেয়েছে বিজেপি। এ ছাড়া, ১৮টি পঞ্চায়েত সমিতির ১৭টি এবং ২০৭টি গ্রাম পঞ্চায়েতের ১৮৯টিতে তৃণমূল জয়ী হয়েছে।

কোচবিহারে জেলা পরিষদে জয়ী তৃণমূল

কোচবিহারেও জেলা পরিষদ তৃণমূলের দখলে। এই জেলায় মোট জেলা পরিষদ ৩৪টি। তার মধ্যে ৩২টিতেই জয় পেয়েছে শাসকদল। দু’টি আসন জিতেছে বিজেপি। গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতিতেও তৃণমূলের আধিপত্য।

পশ্চিম বর্ধমানেও জেলা পরিষদ তৃণমূলের

পশ্চিম বর্ধমানে জেলা পরিষদ দখলে রাখল তৃণমূল। এই জেলার জেলা পরিষদ বিরোধীশূন্য। ১৮টি আসনের সব ক’টিতেই শাসকদল জয় পেয়েছে। এ ছাড়া গ্রাম পঞ্চায়েতে ৯৪১টি আসন এবং পঞ্চায়েত সমিতিতে ১৬৫টি আসনে জয় পেয়েছে তৃণমূল।

দক্ষিণ দিনাজপুরেও জয়ী তৃণমূল

দক্ষিণ দিনাজপুরের জেলা পরিষদও তৃণমূলের দখলে। এই জেলায় মোট জেলা পরিষদের সংখ্যা ২১। সব ক’টিতেই নিরঙ্কুশ জয় পেয়েছে শাসকদল। দক্ষিণ দিনাজপুরের জেলা পরিষদ বিরোধীশূন্য। এ ছাড়া, পঞ্চায়েত সমিতির ১৮৯টি আসনের মধ্যে ১৬৪টিতে তৃণমূল জয় পেয়েছে। গ্রাম পঞ্চায়েতের ১৩০৮টি আসনের মধ্যে ৮৭১টিতে জয়ী তৃণমূল।

দক্ষিণ ২৪ পরগনায় জয়ী তৃণমূল

দক্ষিণ ২৪ পরগনার জেলা পরিষদ তৃণমূলের দখলেই থাকল। এই জেলার জেলা পরিষদের মোট ৮৫টি আসনের মধ্যে ৮৪টিতে জয়ী হয়েছে শাসকদল। একটি আসনে জয় পেয়েছে আইএসএফ।

মালদহে বিজেপির বিক্ষোভ

মালদহে গণনায় কারচুপির অভিযোগে বিক্ষোভ বিজেপির। অভিযোগ, জিতলেও বিজেপি প্রার্থীদের সার্টিফিকেট দেওয়া হচ্ছে না। বিজেপির দাবি, হবিবপুর ব্লকে জেলা পরিষদের ৪ নম্বর আসনে বিজেপি প্রার্থী সোনালি টুডু ১২০০ ভোটে জয়লাভ করেছেন। কিন্তু ব্লক প্রশাসন তৃণমূল প্রার্থী রেজিনা মুর্মুকে জয়ী ঘোষণা করেছে। তাঁকেই দেওয়া হয়েছে সার্টিফিকেট। এর প্রতিবাদে উত্তর মালদহের সাংসদ খগেন মুর্মু-সহ বিজেপির কর্মী ও সমর্থকেরা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান।

এদিকে, রাজ্যের বিরোধী জোট অভিযোগ দিয়েছে, শাসক দল তৃণমূল ভোট কারচুপি করেছে, জাল ভোট দিয়েছে, ব্যালট ছিনতাই করেছে। শাসক দল তৃণমূল একচ্ছত্রভাবে ভোট কারচুপি করে নির্বাচনে জয়ী হয়েছে।

যদিও বিরোধীদের এই দাবি প্রত্যাখ্যান করেছে তৃণমূল। তারা বলেছে, মমতার উন্নয়নের ধারা দেখে রাজ্যবাসী বিপুল ভোটে জয়ী করেছে তৃণমূলকে। তবে দেখা দেছে, ২০১৮ সালের সর্বশেষ পঞ্চায়েত নির্বাচনের প্রতিচ্ছবি ফুটে উঠেছে এবার। অন্যদিকে ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট বা আইএসএফ এবার প্রথম পঞ্চায়েত নির্বাচনে নামলেও তারা তৃণমূলের সঙ্গে চ্যালেঞ্জ করে বেশ কিছু আসন ছিনিয়ে নিয়েছে। যদিও এবার এ নির্বাচনে রাজনৈতিক সহিংসতায় ৪১ জনের প্রাণ গেছে। গতকাল ফল গণনার দিনেও একজনের প্রাণ গেছে।

অন্যদিকে, গতকাল দক্ষিণ ২৪ পরগনার ভাঙরে ফলাফল ঘোষণার দিন এক আইএসএফ কর্মীকে গুলি করে শাসক দলের নামধারী দুষ্কৃতকারীরা হত্যা করেছে। ফলে এ বছরের এই পঞ্চায়েত নির্বাচন ঘিরে নিহত হয়েছে ৪২ জন। গত নির্বাচনে এ সংখ্যা ছিল ২৩।

এই ফলাফলের পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূলের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, এ জয় আমার প্রণম্য গণদেবতার জয়। এই নির্বাচন আবার প্রমাণ করল বাংলার মানুষের হৃদয়ে তৃণমূল কংগ্রেসই আসীন। সূত্র: আনন্দবাজার, টাইমস অব ইন্ডিয়া।

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 4:01 pm
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে হঠাৎ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা।

 

একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

বিক্ষোভরত শ্রমিকরা জানান, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অন্যায়ভাবে লাঠিচার্জ ও নির্বিচারে গ্রেপ্তারের অভিযোগও তুলেছেন তারা। স্থানীয় নেতাকর্মী ও বহিরাগত সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন শ্রমিকরা।

 

এদিকে শ্রমিক বিক্ষোভের খবর ছড়িয়ে পড়লে মহাসড়কের আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

 

অন্যদিকে মহাসড়ক অবরোধের কারণে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন আটকে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা।

 

শ্রমিকদের বিক্ষোভ চললেও সকাল থেকে ঘটনাস্থল ও আশপাশের মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

মহাসড়ক অবরোধের কারণে সৃষ্ট অচলাবস্থা কখন কাটবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন যাত্রীরা।