খুঁজুন
, ,

নিজেকে ঈশ্বরের পুত্র এবং নবী দাবি করা ইকবালের জামিন না-মঞ্জুর, আদালতে শুনানিতে শতাধিক আইনজীবী

ডেস্ক নিউজ
প্রকাশিত: Tuesday, 11 July, 2023, 3:09 pm
নিজেকে ঈশ্বরের পুত্র এবং নবী দাবি করা ইকবালের জামিন না-মঞ্জুর, আদালতে শুনানিতে শতাধিক আইনজীবী

 

পবিত্র কুরআন শরীফ, মহানবী হযরত মুহাম্মদ মোস্তফা (স.), ইসলাম ধর্ম অবমাননাকারী ও ভ-নবী দাবিদার ইকবাল হোসেনের জামিন আবেদন না-মঞ্জুর করেছে চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ড. আজিজ আহমেদ ভূঞা। আজ (১১ জুলাই ২০২৩) মঙ্গলবার বিকাল ৩ টায় ফৌজদারি মিছ মামলা-২৬৫০/২৩ এর জামিন শুনানীকালে রাষ্ট্রপক্ষে তীব্র বিরোধিতা করেন জেলা পিপি অ্যাডভোকেট ইফতেখার সাইমুল চৌধুরী। ফেসবুকে ইকবাল হোসেনের ধর্ম অবমাননা, ইসলাম ও মহানবীকে নিয়ে নানা কটূক্তির বিষয়ে আদালতে শুনানিকালে জেলা পিপি অ্যাডভোকেট ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, ইচ্ছাকৃতভাবে ধর্মের অবমাননা করে ইকবাল হোসেন জঘন্য ফৌজদারি অপরাধ করেছেন। তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। গাউসিয়া কমিটি বাংলাদেশ এর যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ারও আদালতে শুনানিকালে বলেন, মহানবী হযরত মুহাম্মদ (দ.) শেষ নবী। তাঁর পরে আর কোনো নবী আসবেন না। আসামি ইকবাল হোসাইন নিজেকে নবী দাবি করে ধর্মের অবমাননা করেছেন। মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে সাম্প্রদায়িক উস্কানি দিয়েছেন। তাই আদালতকে তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। মামলার বাদী বেলাল উদ্দিন আদালতে শুনানিকালে উপস্থিত ছিলেন।

বাদী বলেন, আসামি ইকবাল হোসেন ইসলাম ও মহানবীর (স) অবমাননা করে ধর্মানুভূতিতে আঘাত করেছেন। তার সর্বোচ্চ শাস্তি হবে আমি এ আশা করি। আসামির সঙ্গে আমার কোনো ব্যক্তিগত বিরোধ নেই। ইসলাম ধর্ম ও মহানবীর (স) বিরুদ্ধে কটূক্তি করায় আমি তার বিরুদ্ধে মামলা করেছে ধর্মানুভূতির তাগিদে। এসময় বাদী পক্ষে গাউসিয়া কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার এর নেতৃত্বে শুনানিতে অংশ নেন, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আবু মোহাম্মদ হাশেম, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. নাজিম উদ্দিন চৌধুরী, গাউসিয়া কমিটি জেলা আইনজীবী শাখার সেক্রেটারি অ্যাড. মো: ফয়েজ উদ্দীন চৌধুরী, অ্যাড. মো: শহীদুল আলম, সংবাদদাতা পক্ষে নিয়োজিত কৌশুলী অ্যাড. মো: এমরান নাঈম, অ্যাড. আজম খান, অ্যাড. গোলাম ফারুক, অ্যাড. মোজাম্মেল হক ফারুকী, অ্যাড. মাসুদুল আলম বাবলু, অ্যাড. মোহাম্মদ আলী আক্কাস, অ্যাড. সৈয়দ মোতাহের হোসেন রাসিফ, অ্যাড প্রতীত বড়ুয়া, অ্যাড. ফাহিমুল কদির, অ্যাড. নাজমুল আলম চৌ, অ্যাড. রবিউল আলম, অ্যাড. সাজ্জাদ হোসেন সিবলু, অ্যাড. জোবাইদুল ইসলাম জোবাইদ, অ্যাড. আয়াত মোহাম্মদ শরীফ, অ্যাড। ফিরোজুল ইসলাম তালুকদার, অ্যাড. আবদুল্লাহ আল মামুন, অ্যাড. শেখ সরফুদ্দীন সৌরভ, অ্যাড. এমদাদুল ইসলাম, অ্যাড. রিদুয়ান, জি.এম শাহাদত হোসাইন মানিক, মুহাম্মদ ফরিদুল ইসলাম, ইশতিয়াক রেযা প্রমুখসহ গাউসিয়া কমিটির শতাধিক আইনজীবী।
চট্টগ্রাম বোয়ালখালীর পশ্চিম কধুরখীল পাঠানপাড়া গ্রামের মৃত সাদেক হোসেন চানখাঁ সওদাগরের পুত্র ইকবাল হোসেন ইসলাম, মহানবী (স.) ও পবিত্র কুরআনের প্রতি চরম অবমাননা করে ফেসবুকে লাগাতার কটূক্তি করে আসছিল। ইসলাম ও মহানবীর (স.) বিরুদ্ধে তার এই কটূক্তির প্রতিবাদে বোয়ালখালীতে জনমনে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়। বিভিন্ন এলাকায় নানা সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিলও অনুষ্ঠিত হয়ে আসছে। বোয়ালখালীর পশ্চিম কধুরখীল ২নং ওয়ার্ড পাঠান পাড়ার একই গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোজাহেরুল হকের পুত্র বেলাল উদ্দীন বাদী হয়ে গত ১২ জুন ইকবাল হোসেনের বিরুদ্ধে ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের ২৮ ও ৩১ ধারায় বোয়ালখালী থানায় ৬ (৬)২০২৩ ইংরেজি, জি.আর- ৭৪/২০২৩ মামলা দায়ের করেন। উক্ত মামলায় আসামি ইকবাল হোসেনকে গত ১২ জুন ২০২৩ ইংরেজি বোয়ালখালী থানা পুলিশ গ্রেফতার করে। ইকবাল হোসেন বর্তমানে চট্টগ্রাম কারাগারে রয়েছে।

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 4:01 pm
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে হঠাৎ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা।

 

একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

বিক্ষোভরত শ্রমিকরা জানান, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অন্যায়ভাবে লাঠিচার্জ ও নির্বিচারে গ্রেপ্তারের অভিযোগও তুলেছেন তারা। স্থানীয় নেতাকর্মী ও বহিরাগত সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন শ্রমিকরা।

 

এদিকে শ্রমিক বিক্ষোভের খবর ছড়িয়ে পড়লে মহাসড়কের আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

 

অন্যদিকে মহাসড়ক অবরোধের কারণে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন আটকে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা।

 

শ্রমিকদের বিক্ষোভ চললেও সকাল থেকে ঘটনাস্থল ও আশপাশের মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

মহাসড়ক অবরোধের কারণে সৃষ্ট অচলাবস্থা কখন কাটবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন যাত্রীরা।