খুঁজুন
, ,

২৫ বছরের বনসাই বিক্রি হলো পাঁচ লাখে

ডেস্ক নিউজ
প্রকাশিত: Tuesday, 11 July, 2023, 2:25 pm
২৫ বছরের বনসাই বিক্রি হলো পাঁচ লাখে

নানা জাতের গাছের মেলা বসেছে ঢাকার আগারগাঁওয়ে। জাতীয় বৃক্ষ মেলা ২০২৩ এ প্রদর্শনীর পাশাপাশি বিক্রিও হচ্ছে এসব গাছ। মেলায় বাহারি এসব গাছের মধ্যে সবচেয়ে দামি হলো বনসাই। এসব বনসাই ৫০০ টাকা থেকে শুরু করে পাঁচ লাখ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।

অন্যান্য বছরের মতো এবারও মেলায় স্টল নিয়ে হাজির হয়েছে ফয়সাল নার্সারি। এবারের মেলায় সবচেয়ে বেশি দামের বনসাই বিক্রি করছেন তিনি। স্টল ঘুরে দেখা যায় চায়না, আফ্রিকা, ইন্ডিয়ান ও দেশি জাতের বেশ কিছু বনসাই সাজিয়ে রেখেছেন। মেলার তার স্টলের সবচেয়ে দামি বনসাই ছিল চায়না বট। গাছটির বয়স ২৫ বছর। শুরুতে এর দাম দশ লাখ চাওয়া হলেও শেষ পর্যন্ত এটি বিক্রি হয়েছে পাঁচ লাখ টাকায়।

নার্সারির মালিক মো. ফয়সাল আহমেদ দেশ রূপান্তরকে বলেন, দেশের বাজারে বনসাইয়ের চাহিদা ভালো। দেশি বনসাইয়ের চাইতে বিদেশি বনসাইয়ের আগ্রহ বেশি। আমরা এখন পর্যন্ত ২৩টি বনসাই বিক্রি করেছি। যেগুলো বাজার মূল্য লাখ টাকার উপরে। কিন্ত বাজারে নিম্ন মানের বনসাই সয়লাব হওয়ায় দাম কমাতে বাধ্য হয়েছেন।

তিনি বলেন, চায়না বট নিয়ে খুব দুশ্চিন্তায় ছিলাম। এই গাছটি বয়স ২৫ বছর। আমাদের এখানে প্রায় ১ বছর ধরে আছে। শুরুতে এর দাম দশ লাখ টাকা চাওয়া হয়েছিল। মাঝখানে বেশ ভালই দাম উঠেছিল। ভেবেছিলাম শেষের দিকে বিক্রি হবে। এখন মেলায় বিভিন্ন স্টলে নিম্ন মানের বনসাইয়ে ভরে গেছে। রিস্ক নিতে চাচ্ছিলাম না তাই ৫ লাখে বিক্রি করে দিয়েছে। এছাড়া বাওবাব, পাকুরসহ যেসব বনসাই রয়েছে সেগুলোও অর্ধেক দামে ছেড়ে দিতে হয়েছে।

সোমবার মেলা ঘুরে দেখা গেছে, নানা জাতের ফুল ও ফলের গাছ, দেশি-বিদেশি বিভিন্ন প্রজাতির চারা বিক্রির জন্য আনা হয়েছে স্টলগুলোতে। বনজ, ফলজ, ঔষধি গাছ কিংবা ঘর সাজানোর অর্কিড। তবে এরমধ্যে সবচেয়ে বেশি নজর কাড়ছে নানা প্রজাতির বনসাই। মেলায় আশা দর্শনার্থী ও ক্রেতারা খুঁটিয়ে খুঁটিয়ে দেখছেন। কেউবা আবার পছন্দের বনসাই নিয়ে দামাদামিও করছেন।

মেলায় বিভিন্ন বিদেশি বনসাইয়ের সঙ্গে পাল্লা দিয়ে দেশীয় প্রজাতির গাছের বনসাইয়ও বেশ ভালো বিক্রি হচ্ছে। এর মধ্যে আগ্রহের তালিকায় রয়েছে বট, পাকুর, নিসিন্দা, সুন্দরী, কাঞ্চন, কতবেল, তেঁতুল, হিজল, শেওড়া, কৃষ্ণচূড়া, কামিনী, ডুমুর, নারিকেল, নাগলিঙ্গম, বাগানবিলাস, প্রেমনা, বকুল ইত্যাদি। আর বিদেশি প্রজাতির গাছের মধ্যে রয়েছে ফাইকাস, চীনাবট, পুকেন্টি, জুনিপার, ঝুমুর, সাফেলারা ইত্যাদি।

ব্রাক নার্সারি ঘুরে দেখা গেছে বিদেশি বনসাইয়ের পাশাপাশি সুন্দর বনের সুন্দরিও ক্রেতাদের আকর্ষণ করছেন। দুই লাখ টাকা দাম হাকালেও শেষ পর্যন্ত সুন্দরী বনসাইটি বিক্রি হয়েছে দেড় লাখ টাকায়।

প্রতিষ্ঠানটির সেলস ম্যান রুবেল শেখ বলেন, এবারের মেলায় বেশ ভালো বনসাই বিক্রি হয়েছে। বিদেশি বনসাইয়ের পাশাপাশি দেশি বনসাইও বিক্রি হয়েছে। যারা একটু বৃক্ষ প্রেমী বা পরিবেশ সচেতন তারাই বনসাই কিনছেন।

এসময় একই স্টলে চীনাবট নিয়ে দামাদামি করছিল মিরপুরের বাসিন্দা ডা. রেবেকা জামান। তিনি দেশ রূপান্তরকে বলেন, ছোট বেলা থেকেই আমার গাছের প্রতি এক ধরনের ভালো লাগা কাজ করে। গ্রামের বাড়িতে একটা ছোট বাগানও করেছিলাম। কিন্তু শহরে বাগান করবো জায়গা কই। অল্প জায়গায় বিভিন্ন প্রজাতির অনেক বনসাই গাছ রাখা যায়। অনেক বছর বয়সের বনসাই ঘরের ভেতর ও অফিসের টেবিলসহ বিভিন্ন স্থানে রাখা যায়। এতে সৌন্দর্য বৃদ্ধি পায়। তাই মেলায় এসেছি। শেষ সময়ে দামও একটু কম থাকে।

মেলায় আরেক বনসাই বিক্রেতা হোসেন বলেন, আমরা শুরু থেকে অনেক বনসাই উঠিয়েছি। যা বিক্রি হয়ে গেছে। এখন চায়না বট ও সুন্দরি বনসাই আছে। তবে কেউ চাইলে আমরা এনে দিতে পারি।

গত ৫ জুন থেকে রাজধানীর শেরেবাংলা নগরে চলছে মাসব্যাপী বৃক্ষমেলা। চলবে ১২ জুলাই পর্যন্ত। প্রতিদিন মেলা চলবে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত। জাতীয় বৃক্ষ মেলার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি।’

 

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 4:01 pm
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে হঠাৎ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা।

 

একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

বিক্ষোভরত শ্রমিকরা জানান, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অন্যায়ভাবে লাঠিচার্জ ও নির্বিচারে গ্রেপ্তারের অভিযোগও তুলেছেন তারা। স্থানীয় নেতাকর্মী ও বহিরাগত সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন শ্রমিকরা।

 

এদিকে শ্রমিক বিক্ষোভের খবর ছড়িয়ে পড়লে মহাসড়কের আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

 

অন্যদিকে মহাসড়ক অবরোধের কারণে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন আটকে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা।

 

শ্রমিকদের বিক্ষোভ চললেও সকাল থেকে ঘটনাস্থল ও আশপাশের মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

মহাসড়ক অবরোধের কারণে সৃষ্ট অচলাবস্থা কখন কাটবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন যাত্রীরা।