খুঁজুন
, ,

চট্টগ্রামের আওয়ামী লীগের কোন নেতা কোথায় ঈদ করবেন

ডেস্ক নিউজ
প্রকাশিত: Tuesday, 27 June, 2023, 1:48 pm
চট্টগ্রামের আওয়ামী লীগের কোন নেতা কোথায় ঈদ করবেন

মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আজহা। আগামী বৃহস্পতিবার সারাদেশে গুরুত্বপূর্ণ এ দিনটি পালিত হবে। রাজনৈতিক নেতারা কে কোথায় ঈদ করবেন তা জানতে সবার আগ্রহ। আওয়ামী লীগের চট্টগ্রামের মন্ত্রী, এমপি, সিটি মেয়র ও রাজনীতিবিদরা বিগত বছরের ন্যায় এবারও চট্টগ্রামের নিজ বাসা-বাড়িতে ঈদ উদযাপন করবেন। ঈদ উপলক্ষে গ্রাম এবং শহরের বাসাবাড়িতে তাঁরা দলের নেতাকর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।

এদিকে বিএনপির সিনিয়র নেতাদের মধ্যে বেশিরভাগ অন্যান্যবারের মতো এবারও চট্টগ্রামে ঈদ উদযাপন করবেন। ঈদ উপলক্ষে গ্রামের বাড়িতে এবং বাসাবাড়িতে তারা দলের নেতাকর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি নিজ বাড়ীতে ঈদ করবেন।এরপর স্থানীয় জনসাধারন ও দলীয় নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন।

ড. হাছান মাহমুদ

চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের জাতীয় সংসদ সদস্য, তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ প্রতিবছরের ন্যায় এবারও ঈদুল আযহার নামাজ আদায় করবেন নিজের গ্রামের বাড়ি রাঙ্গুনিয়ার পদুয়া ইউনিয়নের সুখবিলাসে।

সকাল সাড়ে আটটায় সুখবিলাস নিজ বাড়ি সংলগ্ন জামে মসজিদে ঈদের নামাজ শেষে কোরবানি দেবেন তিনি। এরপর স্থানীয় জনসাধারন ও দলীয় নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন। ঈদুল আজহার দিন দুপুরের পর থেকে মন্ত্রী আগত মেহমানদের বিরিয়ানি, পরটা মাংসসহ নানা পদের নাস্তা দিয়ে আপ্যায়ন করবেন। রাতে তিনি চট্টগ্রাম নগরীর বাসায় ফিরে যাবেন।

সাইফুজ্জামান চৌধুরী জাবেদ

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ নগরীর সার্সন রোডস্থ নিজ বাসায় ঈদ উদযাপন করবেন বলে জানান তার ব্যক্তিগত সহকারী রিদুয়ানুল করিম চৌধুরী সায়েম। তিনি বলেন, শহরে ঈদের জামাত আদায় করবেন ভূমিমন্ত্রী। নামাজ শেষে তিনি বাসায় অবস্থান করবেন। নিজ গ্রামের বাড়ি আনোয়ারা ও নগরীর বাসায় কোরবানির পশু জবাই করা হবে। কোরবানি শেষে নগরী ও আনোয়ারাতে অসহায় ও দুস্থদের কোরবানির মাংস বিতরণের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া ঈদের দিন নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষিদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন মন্ত্রী।

মহিবুল হাসান চৌধুরী নওফেল

শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল নগরের চশমা হিল মসজিদে ঈদের নামাজ আদায় করবেন। নামাজ শেষে পিতা মরহুম এবিএম মহিউদ্দিন চৌধুরীসহ আত্মীয়-স্বজনের কবর জেয়ারত করবেন। চশমাহিলস্থ বাসভবনে কোরবানি দিবেন। বিকালে থেকে দলের নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।
হুইপ শামসুল হক চৌধুরী : হুইপ শামসুল হক চৌধুরী এমপি প্রতিবারের মতো এবারও পটিয়া রাহাত আলী উচ্চ বিদ্যালয় মাঠে কেন্দ্রীয় ঈদ জামায়াতে ঈদের নামাজ আদায় করবেন। এরপর তিনি শোভনদন্ডী নিজ বাড়িতে দলীয় নেতাকর্মী ও এলাকাবাসীর সাথে ঈদের শুভেচ্ছা বিনিমিয় করবেন। দলের নেতাকর্মীসহ নানান শ্রেণি–পেশার মানুষের জন্য ঈদের নানান রকম আপ্যায়নের ব্যবস্থাও করছেন বলে জানা গেছে।

রেজাউল করিম চৌধুরী

চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র রেজাউল করিম চৌধুরী নিজ বাড়ির বহদ্দার বাড়ি শাহী জামে মসজিদে ঈদের জামাত আদায় করবেন। এরপর কোরবানি সম্পন্ন হওয়া পর্যন্ত তিনি নিজ বাড়িতেই থাকবেন। এরপর বেলা ১১টা থেকে সাড়ে ১১টার দিকে বের হয়ে নগরীর বিভিন্ন স্পটে যাবেন। নির্ধারিত সময়ের মধ্যে ময়লা অপসারণ হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করবেন মেয়র। সিটি মেয়র বাসায় না থাকলেও বাসায় আগত মেহমানদের আপ্যায়নের সব ব্যবস্থা থাকবে। ঈদ উপলক্ষে বাসায় আগত নেতা-কর্মীদের জন্য সব ব্যবস্থা করা হবে।

এম এ সালাম

পরিবার-পরিজন নিয়ে নিজ বাড়ি হাটহাজারীর শিকারপুর গ্রামে যথারীতি ঈদুল আযহা উদযাপন করবেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম। ঈদুল আযহার দিন সকালে তিনি পূর্ব শিকারপুর চাঁদ মসজিদ ঈদগাহে ঈদের জামাত আদায় করবেন। নামাজ শেষে মুরব্বিদের কবর জেয়ারত করে তিনি কোরবানি দেবেন। গ্রামে সারাদিন তিনি রাজনৈতিক নেতাকর্মী ও এলাকাবাসীর সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন। এদিন সন্ধ্যায় তিনি নগরীর বাসায় ফিরে আসবেন। পরদিন তিনি প্রতিবেশি ও দলের নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন।

মাহতাব উদ্দীন চৌধুরী

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী সকালে বাসভবনের পাশের মসজিদে ঈদের নামাজ আদায় করবেন। এরপর নগরের পল্টন রোডের বাসভবনে কোরবানি দিবেন।

আ জ ম নাছির উদ্দীন

মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন জামিয়াতুল ফালাহ জামে মসজিদে ঈদের প্রথম জামাতে নামাজ আদায় করবেন বলে জানান তিনি। এরপর কদম মোবারক করবস্থানে তাঁর মা-বা থেকে শুরু করে পূর্বপুরুষ সবার কবর জেয়ারত করে বাসায় গিয়ে কোরবানি দেবেন। বাসায় এসে কোরবানি শেষে পরিবার, নেতা-কর্মী, শুভাকাক্সিক্ষদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন আ জ ম নাছির উদ্দীন। বাসায় আগত নেতা-কর্মী ও মেহমানদের পরটা মাংস দিয়ে আপ্যায়ন ও আশপাশের গরীব ও অসহায় মানুষদের মাংস বিতরণ করবেন তিনি।

ফজলে করিম এমপি

রাউজান থেকে নির্বাচিত সাংসদ, রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী প্রতিবারের মতো এবারও কোরবানীর ঈদ করবেন গ্রামের বাড়িতে।

 

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 4:01 pm
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে হঠাৎ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা।

 

একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

বিক্ষোভরত শ্রমিকরা জানান, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অন্যায়ভাবে লাঠিচার্জ ও নির্বিচারে গ্রেপ্তারের অভিযোগও তুলেছেন তারা। স্থানীয় নেতাকর্মী ও বহিরাগত সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন শ্রমিকরা।

 

এদিকে শ্রমিক বিক্ষোভের খবর ছড়িয়ে পড়লে মহাসড়কের আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

 

অন্যদিকে মহাসড়ক অবরোধের কারণে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন আটকে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা।

 

শ্রমিকদের বিক্ষোভ চললেও সকাল থেকে ঘটনাস্থল ও আশপাশের মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

মহাসড়ক অবরোধের কারণে সৃষ্ট অচলাবস্থা কখন কাটবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন যাত্রীরা।