খুঁজুন
, ,

এবার ‘ডাইরেক্ট গুলি’ করার হুমকি দিল বাঁশখালীর এমপি

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 24 June, 2023, 6:30 pm
এবার ‘ডাইরেক্ট গুলি’ করার হুমকি দিল বাঁশখালীর এমপি

গতকাল শুক্রবার সন্ধ্যায় বাঁশখালী আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় এমন বক্তব্য দেন এমপি মোস্তাফিজুর রহমান।

ভিডিওতে মোস্তাফিজুর রহমান চৌধুরীকে বলতে শোনা যায়, ‘এটা ১৯৭৫ সাল নয়, ২০২৩ সাল। আমরা বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করি, শেখ হাসিনার কর্মী। কিছুদিন আগে বিএনপির এক সমাবেশে প্রকাশ্যে এক নেতা বলেছিল, শেখ হাসিনাকে নাকি কবরে পাঠাবে। তার প্রতিবাদে বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের এই অফিস থেকে একটা মিছিল বের করেছিলাম। মিছিলের একটিমাত্র কারণ ছিল, যারা বঙ্গবন্ধুর কন্যাকে হত্যার হুমকি দিয়েছে, তাকে এবং তার দোসরদের প্রতিহত করা।’

সেই মিছিলে অস্ত্র হাতে এমপির ছবি নিয়ে সংবাদমাধ্যমে ফলাও করে প্রতিবেদন প্রকাশ হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন এমপি মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, ‘আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে। সে জন্য পত্রপত্রিকা, ইলেকট্রনিক মিডিয়াকে স্বাধীনতা দিয়েছে। তার মানে এই নয় যে আপনারা যা ইচ্ছা লিখবেন, আর আমরা পড়ব। সেদিন একটা পত্রিকার সাংবাদিক আমাকে ফোন করে জিজ্ঞেস করেছিল, আপনি কেন অস্ত্র হাতে নিয়ে মিছিল করলেন। আজ এই মিটিং থেকে আমি প্রকাশ্যে বলছি, আমার পিস্তল অবৈধ নয়, লাইসেন্স করা পিস্তল।’

‘আমার বিশ্বাস প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেঁচে থাকলে দেশ এগিয়ে যাবে, না হলে দেশ আবার আগের মতো পিছিয়ে যাবে। প্রধানমন্ত্রীকে মারার হুমকি দিয়েছে, তাদের মারার জন্য আমি পিস্তল হাতে নিয়েছি। আবার বলছি, এটা ১৯৭৫ সাল নয়, ২০২৩ সাল। নেত্রীর ওপর যদি কোনো আঘাত আসে, কাউকে রেহাই দেব না।’ এমপি বলেন, ‘আমি এখনো বলছি, যারা নেত্রীকে হুমকি দিয়েছে, কবরে পাঠাবে বলেছে, তাদের বিচার নয়, ডাইরেক্ট গুলি করে দেব।’

দলের আলোচনা সভায় এমন বক্তব্য দেওয়ার বিষয়ে মন্তব্য চাইতে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীর ব্যবহৃত ফোনে নম্বরে একাধিক কল করা হলেও তিনি রিসিভ করেননি।

পরে আলোচনায় সভায় উপস্থিত ছিলেন এমন অন্তত দুজন আওয়ামী লীগ নেতার সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা মন্তব্য করতে রাজি হননি। সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল গফুর। মোস্তাফিজুর রহমানের এমন বক্তব্য দেওয়া কি ঠিক হয়েছে—এমন প্রশ্নে তিনি বলেন, ‘এ ব্যাপারে আমি কিছু বলব না। আপনি এমপি সাহেবের সঙ্গে কথা বলেন।

উল্লেখ্য, গত ২২ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘হত্যার হুমকির’ প্রতিবাদে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত  এক মিছিলে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান পিস্তল নিয়ে সামনে ছিলেন। সেই ছবি ভাইরাল হলে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

এর আগে ২০১৬ সালে নিজের পছন্দের চেয়ারম্যান প্রার্থীর পক্ষে কাজ না করায় উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহেদকে মারধর করেছিলেন স্থানীয় এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরী। ঘটনার পর এমপির বিরুদ্ধে মামলা করেন নির্বাচন কর্মকর্তা।

২০১৯ সালে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে তাঁর অশ্লীল ভাষায় গালাগালির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

এ ছাড়া ২০২০ সালের ২৭ জুলাই ‘বাঁশখালীর বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আলী আশরাফের মৃত্যুর পর বাঁশখালীতে কোনো মুক্তিযোদ্ধা ছিল না’—এমন একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়।

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 4:01 pm
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে হঠাৎ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা।

 

একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

বিক্ষোভরত শ্রমিকরা জানান, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অন্যায়ভাবে লাঠিচার্জ ও নির্বিচারে গ্রেপ্তারের অভিযোগও তুলেছেন তারা। স্থানীয় নেতাকর্মী ও বহিরাগত সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন শ্রমিকরা।

 

এদিকে শ্রমিক বিক্ষোভের খবর ছড়িয়ে পড়লে মহাসড়কের আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

 

অন্যদিকে মহাসড়ক অবরোধের কারণে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন আটকে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা।

 

শ্রমিকদের বিক্ষোভ চললেও সকাল থেকে ঘটনাস্থল ও আশপাশের মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

মহাসড়ক অবরোধের কারণে সৃষ্ট অচলাবস্থা কখন কাটবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন যাত্রীরা।