খুঁজুন
, ,

ছয় গুণী পেলেন বাংলাদেশ বৌদ্ধ একাডেমি পুরস্কার

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 17 June, 2023, 11:43 am
ছয় গুণী পেলেন বাংলাদেশ বৌদ্ধ একাডেমি পুরস্কার

বাংলাদেশ বৌদ্ধ একাডেমি পুরস্কারে ভূষিত হয়েছেন ছয় গুণীজন। গতকাল শুক্রবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে আয়োজিত এক অনুষ্ঠানে ৬ গুণীজনের হাতে এ পুরস্কার তুলে দেয়া হয়। বেনীমাধব ও ফণীভূষণ স্মারক বক্তৃতামালা ও বাংলাদেশ বৌদ্ধ একাডেমি পুরস্কার প্রদান শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করে অনোমা সাংস্কৃতিক গোষ্ঠী, চট্টগ্রাম ও বাংলাদেশ বৌদ্ধ একাডেমি। সম্মাননাপ্রাপ্তরা হলেন সাংবাদিকতায় একুশে পদকপ্রাপ্ত দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক, প্রফেসর ড. বেনু প্রসাদ বড়ুয়া, রম্য লেখক সত্যব্রত বড়ুয়া, প্রফেসর ড. সুমঙ্গল বড়ুয়া, অধ্যাপক শিশির কুমার বড়ুয়া ও প্রফেসর ডা. উজ্জ্বল কান্তি দাশ। অনুষ্ঠানের প্রধান অতিথি সমাজ বিজ্ঞানী প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন এই ৬ গুণীর হাতে পুরস্কার তুলে দেন। এর আগে অনুষ্ঠানের শুরুতে ‘বাংলা ভাষার স্বরূপ সন্ধান ঔপনিবেশিক কৃতী, রবীন্দ্রনাথের বাংলা শব্দতত্ত্ব, হরপ্রসাদ শাস্ত্রী–আবিস্কৃত চর্যাপদ এবং অতঃপর’ শীর্ষক বেনীমাধব ও ফণীভূষণ স্মারক বক্তৃতা করেন সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজের বাংলা বিভাগের অধ্যাপক ড. ইলু ইলিয়াস। অনুষ্ঠানের উদ্বোধন করেন অনোমা সাংস্কৃতিক গোষ্ঠীর প্রধান পৃষ্ঠপোষক লায়ন রূপম কিশোর বড়ুয়া। সভাপতিত্ব করেন বাংলাদেশ বৌদ্ধ একাডেমির পরিচালক প্রফেসর ডা. প্রভাত চন্দ্র বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক রীতা দত্ত, অধ্যাপক এ এম এম মুজিবুর রাহমান, ডা. বসুবন্ধু বড়ুয়া, অধ্যাপক ডা. প্রীতি প্রসুন বড়ুয়া।

৬ গুণীকে সম্মাননা প্রদান উদ্যোগের প্রশংসা করে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. অনুপম সেন বলেন, যাদের সম্মাননা জানানো হল, তাঁরা প্রকৃতই গুণী। কেবল চট্টগ্রামেই নয়, সারাদেশের জন্যই তাঁরা গুণী, সম্মানিত। এজন্য আয়োজক সংগঠনকে ধন্যবাদ জানাই। গৌতম বুদ্ধের বাণী উদ্ধৃত করে ড. অনুপম সেন বলেন, বুদ্ধ তাঁর বাণীতে বলেছেন– বৈরিতাকে বৈরি দিয়ে নয়, ভালোবাসা দিয়ে জয় করতে হয়। অর্থাৎ সংঘাত নয়, প্রেম দিয়েই শক্রতাকে জয় করতে হবে। আজকের দিনে বুদ্ধের এই বাণী বড়ই প্রাসঙ্গিক ও খুবই জরুরি। সারগর্ভ স্মারক বক্তৃতারও প্রশংসা করেন তিনি।

স্মৃতিচারণ করে ড. বেনীমাধব ও অ্যাডভোকেট ফনীভূষণ বড়ুয়ার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন লায়ন রুপম কিশোর বড়ুয়া। উদ্বোধকের বক্তৃতায় তিনি বলেন, অ্যাডভোকেট ফণীভূষণ বড়ুয়া আমার বাবা ছিলেন। তিনি মানুষকে সেবার ব্রত বেছে নিয়েছিলেন। কাউকে সহযোগিতা করতে পারলে আমারও ভালো লাগে। অনেক ছেলে–মেয়েকে স্কলারশীপ দিয়ে সহযোগিতার চেষ্টা করি। কোনো ছেলে এসে যদি বলে– আমি ডাক্তার বা ইঞ্জিনিয়ার হয়েছি। তখন আমি খুশি হই। বিশেষ করে যাদের আমি সহযোগিতা করেছি, তাদের মধ্য থেকে কেউ যদি এসে বলে। সবচেয়ে বেশি খুশি হই। ওই মুহূর্তে আমার অন্যরকম ভালো লাগা কাজ করে, এই ভেবে যে– আমার সহযোগিতায় একজন অন্তত ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে পেরেছে। স্বাভাবিক ভাবে মিষ্টি না খেলেও তাদের আনা মিষ্টি আমি না খেয়ে থাকিনা। অন্তর থেকে খুশি হই বলেই এটা করি।

সকলকে মানুষের সেবায় কিছু করতে চেষ্টা করার আহ্বান জানিয়ে লায়ন রুপম কিশোর বড়ুয়া বলেন, শুধু মানুষ নয়– প্রাণ প্রকৃতির জন্যও কিছু করার চেষ্টা করুন। দয়াশীল হোন। যারা পড়ায়–অর্থাৎ শিক্ষক, তাদেরই যদি নৈতিকতা না থাকে, তবে তারা অন্যদের কি শেখাবে, এমন প্রশ্নও করেন তিনি।

মানবতার সেবায় নিজেদের সম্পৃত্ত করার আহ্বান জানিয়ে দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক বলেন, আসুন মানবতার ফেরি করে বেড়াই। আমার বাবা ইঞ্জিনিয়ার আব্দুল খালেকের নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু শিক্ষার্থীকে আমরা প্রতিবছর স্কলারশীপ দিয়ে আসছি। আর বিশ্ববিদ্যালয়ের দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের প্রতিজনকে মাসে দেড় হাজার টাকা করে দিয়ে আসছি।

একমাত্র ছেলে অনিরুদ্ধ অনির মৃত্যুর পর থেকে লায়ন রুপম কিশোর বড়ুয়ার মানব সেবামূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করে এম এ মালেক বলেন, তার গ্রামের বাড়িতে আশ্রম করা হয়েছে। সেখানে হিন্দু–বৌদ্ধ–খ্রীস্টান ভেদাভেদ নেই। সকল ধর্মের ছেলে–মেয়ে সেখানে বেড়ে উঠছে। লায়ন রুপম কিশোর বড়ুয়ার সেবামূলক যে কোনো কাজে সর্বদা পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন দৈনিক আজাদী সম্পাদক।

অনুভূতি প্রকাশ করতে গিয়ে রম্য লেখক সত্যব্রত বড়ুয়া বলেন, অনোমা আমার অত্যন্ত প্রিয় একটি সংগঠন। তাদের এই পুরস্কার আমি সানন্দে গ্রহণ করেছি। আমি অত্যন্ত খুশি। সম্মাননা প্রদানের এই আয়োজনের জন্য তাদেরকেই আমি অভিনন্দন জানাই। স্বাভাবিকভাবে চলাফেরা করতে না পারা সত্যব্রত বড়ুয়া

হুইলচেয়ারে ভর করেই এসেছিলেন অনুষ্ঠানস্থলে। বিষয়টি তুলে ধরতে গিয়ে এই রম্য লেখক বলেন, আমি শারীরিকভাবে চলাচলে অক্ষম। এরপরও এখানে পরিচিত ও শুভানুধ্যায়ী অনেকের সাথে দেখা হবে, সে উদ্দেশ্যেই এখানে আসা। অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে এবং অনেকের সাথে দেখা হওয়ায় তৃপ্তিবোধের কথা বলেন লেখক সত্যব্রত বড়ুয়া। পুরস্কারপ্রাপ্ত অন্যরাও নিজেদের অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন।

অ্যাডভোকেট জিকো বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে অনোমা সাংস্কৃতিক গোষ্ঠীর মহাসচিব সুজন কুমার বড়ুয়া, একাডেমির অর্থ সচিব তুষার কান্তি বড়ুয়া প্রমূখ বক্তব্য রাখেন।

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 4:01 pm
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে হঠাৎ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা।

 

একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

বিক্ষোভরত শ্রমিকরা জানান, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অন্যায়ভাবে লাঠিচার্জ ও নির্বিচারে গ্রেপ্তারের অভিযোগও তুলেছেন তারা। স্থানীয় নেতাকর্মী ও বহিরাগত সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন শ্রমিকরা।

 

এদিকে শ্রমিক বিক্ষোভের খবর ছড়িয়ে পড়লে মহাসড়কের আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

 

অন্যদিকে মহাসড়ক অবরোধের কারণে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন আটকে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা।

 

শ্রমিকদের বিক্ষোভ চললেও সকাল থেকে ঘটনাস্থল ও আশপাশের মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

মহাসড়ক অবরোধের কারণে সৃষ্ট অচলাবস্থা কখন কাটবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন যাত্রীরা।