খুঁজুন
, ,

পাল্টা আঘাতের জন্য আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজপথে আছে- আ.জ.ম. নাছির

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 15 June, 2023, 2:28 pm
পাল্টা আঘাতের জন্য আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজপথে আছে- আ.জ.ম. নাছির

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী বলেছেন, আমরা সহ্য করেছি গণতান্ত্রিক আন্দোলনের পথেই বিএনপি এগুবে। কিন্তু তা না করে যুদ্ধাপরাধীদের সাথে নিয়ে বাংলাদেশ বিরোধী নাশকতায় মেতে উঠেছে। এটা গুরুতর অপরাধ। এই অপরাধের বিরুদ্ধে আমাদেরকে অবশ্যই গর্জে উঠতে হবে। আজ জামালখান বিকেলে জামাল চত্বরে ২১নং জামালখান ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি আরো বলেন, আমরা প্রতিটি ওয়ার্ডে মুক্তিযুদ্ধ চেতনাবিরোধী অপশক্তিকে রুঁখবার জন্য নির্দেশনা দিয়েছি। এখন যারা এলাকায় জামাত-বিএনপি-শিবির করে তাদের তালিকা তৈরি করে প্রশাসনকে পেশ করতে হবে। গতকাল জামালখান চত্বরে বঙ্গবন্ধুর মুরাল এবং সৌন্দর্য্য বর্ধনের স্থানগুলোকে যারা ভাংচুর করেছে তাদের সিসিটিভি ফুটেজ সনাক্তপূর্বক দোষীদের আইনের আওতায় আনা হউক এবং যারা এই সমস্ত অপকর্মের সাথে যুক্ত তারা বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার অন্তর্জাতিক প্রেসকিপশনের এজেন্ট। এদেরকে রুঁখতে হলে প্রগতিশীল মুক্তিযুদ্ধের চেতনায় সকল রাজনৈতিক ও সামাজিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান।

প্রতিবাদ সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, নির্বাচনকে সামনে রেখে বিএনপি জামাত যে খেলায় মেতেছে সে খেলা আর খেলতে দেওয়া যাবে না। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের বিজয়ী শক্তি। এই শক্তি ঐক্যবদ্ধ হলে বিএনপি ও জামাত নামক স্বাধীনতাবিরোধী সংগঠনগুলোর অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। এটাই আমাদের নেতাকর্মীদের কাছে একটি বার্তা। তাই এলাকায় এলাকায় নিজেরা যেভাবে থাকুন যে অবস্থানে থাকুন এলাকার মুরুব্বিসহ সকলস্তরের মুক্তিযুদ্ধের স্বপক্ষের মানুষজনকে নিয়ে সন্ত্রাস প্রতিরোধমূলক স্কোয়ার্ড গড়ে তুলতে হবে। তিনি বিএনপির উদ্দেশ্যে বলেন, আপনারা গঠনমূলক রাজনীতি করুন কিন্তু দেশকে আবার পাকিস্তান বানাবেন না। এটা আপনাদের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান করেছিলেন কিন্তু তিনি ব্যর্থ হয়েছেন। সুতরাং আপনারাও ব্যর্থ হবেন। রাজনীতির ঘোলাপানিতে মাছ শিকারের চেষ্টা করবেন না। সোজা পথে আসুন। তাহলেই জনগণের আস্থা ও ভরসা পাবেন।

আজ বৃহস্পতিবার বিকাল ৪টায় ২১নং জামালখান ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে জামালখান চত্বরে এক প্রতিবাদ সভা ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসেম চৌধুরী বাবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিথুন বড়–য়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ্ব নঈম উদ্দীন চৌধুরী, এড. ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, শ্রমিক নেতা আলহাজ্ব সফর আলী, মহানগর আওয়ামী লীগের শফিক আদনান, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, আলহাজ্ব শফিকুল ইসলাম ফারুক, চন্দন ধর, মসিউর রহমান চৌধুরী, হাজী মোঃ হোসেন, মোঃ আবু তাহের, ড. নিছার উদ্দীন আহমেদ মঞ্জু, আলহাজ্ব জাহাঙ্গীর চৌধুরী সিইনসি, ওয়ার্ড, জামালখান ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমন, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, আওয়ামী লীগ নেতা মোঃ সৈয়দুল আলম, বাবুল দেবরায়, হাজী মুন্সি মিয়া, জাহাঙ্গীর মোস্তফা, চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগের নব নির্বাচিত সহ সভাপতি, সংরক্ষিত কাউন্সিলর আঞ্জুমান আরা, মোঃ হেলাল উদ্দীন, আসাব রসূল চৌধুরী, শাহজাদা মোঃ সাখাওয়াত হোসেন সাকু, যুগ্ম সাধারণ সম্পাদক দিদারুল আলম, ইব্রাহিম খলিল প্রমুখ।
সভা শেষে জামালখান ওয়ার্ডের একটি বিক্ষোভ মিছিল প্রেসক্লাব-চেরাগীপাহাড় মোড় হয়ে আন্দরকিল্লা হয়ে শেষ হয়।

শেখ হাসিনাকে ফেরত দেওয়া নিয়ে অনিশ্চয়তা, প্রত্যর্পণ আবেদন পর্যালোচনায় ভারত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Friday, 13 November, 2026, 12:59 pm
শেখ হাসিনাকে ফেরত দেওয়া নিয়ে অনিশ্চয়তা, প্রত্যর্পণ আবেদন পর্যালোচনায় ভারত

 

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের অবস্থান নিয়ে ঢাকা-নয়াদিল্লির কূটনৈতিক আলোচনা ও আইনি জটিলতা অব্যাহত রয়েছে। তাঁর প্রত্যর্পণ, ভারতে অবস্থান এবং বাংলাদেশের আদালতের দেওয়া রায়—সব মিলিয়ে দুই দেশের সম্পর্কে বিষয়টি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে।

 

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে বাংলাদেশ ত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেদিন বাংলাদেশ বিমানবাহিনীর সি-১৩০ সামরিক পরিবহন বিমানে ভারতের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে পৌঁছান তিনি।

 

বিবিসি বাংলার বরাত দিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনাকে আনতে ভারতীয় সামরিক উড়োজাহাজ পাঠানোর অনুরোধে দেশটির রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব সম্মতি দেয়নি। পরে বাংলাদেশের নিজস্ব সামরিক উড়োজাহাজে তাঁকে ভারতে নেওয়া হয়। তবে বিমানটির ভারতীয় আকাশসীমা ব্যবহার ও অবতরণের অনুমতি দিয়েছিল নয়াদিল্লি।

 

এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায়ের পর তাঁর প্রত্যর্পণের বিষয়টি আরও আলোচনায় আসে। ২০২৫ সালের ১৭ নভেম্বর জুলাই-আগস্টের আন্দোলন দমনে মানবতাবিরোধী অপরাধের মামলায় তাঁকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল।

 

রায়ের পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, তারা রায়টি সম্পর্কে অবগত হয়েছে। একই সঙ্গে বাংলাদেশের জনগণের শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি ও স্থিতিশীলতার স্বার্থে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে দেশটি। তবে শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে তখন কোনো স্পষ্ট সিদ্ধান্ত জানায়নি ভারত।

 

ভারতের সংসদে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে দেওয়া এক লিখিত জবাবে দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে বাংলাদেশ প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছে এবং এ বিষয়ে বাংলাদেশ সরকারকে কোনো জবাব দেওয়া হয়নি।

 

পরবর্তী সময়ে ভারতের সংসদীয় কমিটির প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার প্রত্যর্পণসংক্রান্ত বাংলাদেশের অনুরোধ দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রচলিত আইন ও প্রক্রিয়া অনুসারে পর্যালোচনা করছে। অর্থাৎ, বিষয়টি এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি।

 

অন্যদিকে বাংলাদেশ সরকার প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত দেওয়ার দাবি জানিয়ে আসছে। তবে ভারত এখন পর্যন্ত তাঁকে বাংলাদেশের কাছে হস্তান্তর করেনি।

 

সব মিলিয়ে শেখ হাসিনার প্রত্যর্পণ ও বিচারিক রায় নিয়ে দুই দেশের অবস্থানের পার্থক্য ঢাকা-নয়াদিল্লির কূটনৈতিক সম্পর্কের অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হয়ে রয়েছে।

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।