খুঁজুন
, ,

এম.এ হান্নানের ৪৯তম মৃত্যুবার্ষিকীর স্মরণসভায় মাহতাব উদ্দীন চৌধুরী

ডেস্ক নিউজ
প্রকাশিত: Monday, 12 June, 2023, 2:52 pm
এম.এ হান্নানের ৪৯তম মৃত্যুবার্ষিকীর স্মরণসভায় মাহতাব উদ্দীন চৌধুরী

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণা এবং বেতারে এই ঘোষণা পাঠ নিয়ে জননেতা এম.এ হান্নানকে যারা বিতর্কিত করতে চায় ইতিহাসের শিক্ষা অনুযায়ী একদিন তারাই বিতর্কিত হবে। ১৯৭১ সালের ২৬ শে মার্চ দুপুরে কালুরঘাট বিপ্লবী বেতার কেন্দ্র থেকে চট্টগ্রাম জেলা আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক বঙ্গবন্ধুর প্রেরিত স্বাধীনতার ঘোষণাটি প্রথম পাঠ করেছিলেন জননেতা এম.এ হান্নান। এটাই প্রকৃত সত্য এবং স্বীকৃত ইতিহাস। এই সত্যকে যারা অস্বীকার করে তারা তো বাংলাদেশ চায়নি এবং এখনো চায় না। আজ সোমবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবস্থ বঙ্গবন্ধু হলে জননেতা মরহুম এম.এ. হান্নানের ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ আয়োজিত স্মরণসভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি আরো বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে দেশে-বিদেশে নানামুখী ষড়যন্ত্র শুরু হয়েছে। অশুভ শক্তি আবারো মাথাচাড়া দিয়ে উঠতে চায়। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের কুশীলগরা ১/১১ এর মতই একটি অনির্বাচিত সরকারকে ক্ষমতায় আনতে চায়। আরো লক্ষ্যণীয় যে, বিএনপির আশ্রয় ও প্রশ্রয়ে নির্বাচন কমিশন কর্তৃক অনিবন্ধিত জামাত মাঠে নেমেছে। বিএনপি মনে করছে তাদেরকে ক্ষমতায় বসানোর জন্য আমেরিকা গ্রীণ সিগন্যাল দিয়েছে। তাই তারা উঠে-পড়ে লেগেছে যে, ২০০১ সালের মতই তারা ক্ষমতায় যাবে এবং আওয়ামী লীগ আর ধর্মীয় সংখ্যালঘুদের কচুকাঁটা করবে। কিন্তু তারা জানে না বাঙালি ৭১ এর বিজয়ের জাতি এবং যুদ্ধ বিজয়ী শক্তি।

এই শক্তি অবিনাশী এবং অনির্বাণ। তিনি নেতাকর্মীদের প্রয়াত জননেতা এম.এ হান্নানের মতো সাহসী ভূমিকায় অবর্তীণ হয়ে রাজপথ ও নির্বাচনী মাঠে থাকার প্রস্তুতি ও সংকল্প গ্রহণের আহ্বান জানান। বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ্ব নঈম উদ্দীন চৌধুরী বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান জীবদ্দশায় কখনো নিজেকে স্বাধীনতার ঘোষক হিসেবে জাহির করেন নি। তিনি ১৯৭৮ সালে সাপ্তাহিক বিচিত্রায় একটি সাক্ষাৎকারে বলেছিলেন যে, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ ছিল বাঙালির প্রতি স্বাধীনতা ঘোষণার একটি গ্রীণ সিগন্যাল। জিয়াউর রহমান এও উল্লেখ করেন যে, বঙ্গবন্ধুর এই সিগন্যাল পেয়ে সেনাবাহিনার বাঙালি অফিসার ও সৈনিকরা এবং ইপিআর ও পুলিশ বাহিনীর সদস্যরা প্রস্তুতি শুরু করে দেয়। এটাই ছিল স্বাধীনতার বীজবপন। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণসভায় আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি এড. ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, সম্পাদক মন্ডলীর সদস্য চৌধুরী হাসান মাহমুদ হাসনী, আলহাজ্ব দিদারুল আলম চৌধুরী, নির্বাহী সদস্য বখতেয়ার উদ্দীন খান, সাইফুদ্দিন খালেদ বাহার, থানা আওয়ামী লীগের মোঃ আনছারুল হক, স্টিল মিল সিবিএর সাবেক সাধারণ সম্পাদক কমান্ডার আবুল বশর, ওয়ার্ড আওয়ামী লীগের আতিকুর রহমান, কাজী রাশেদ আলী জাহাঙ্গীর, কাউন্সিলর আশরাফুল আলম, নাজিম উদ্দীন চৌধুরী, লুৎফুল হক খুশি। সভামঞ্চে উপস্থিত ছিলেন, উপদেষ্টা আলহাজ্ব সফর আলী, সম্পাদক মন্ডলীর সদস্য শফিক আদনান, হাসান মাহমুদ শমসের, চন্দন ধর, মসিউর রহমান চৌধুরী, হাজী মোঃ হোসেন, হাজী জহুর আহমদ, মোঃ আবু তাহের, নির্বাহী সদস্য মোঃ আবুল মনছুর, কামরুল হাসান বুলু, জাফর আলম চৌধুরী, এড. কামাল উদ্দীন আহমেদ, মহব্বত আলী খান, ড. নিছার উদ্দীন আহমেদ মঞ্জু, মোঃ জাবেদসহ বিভিন্ন এবং ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে সকাল ১০টায় স্টেশন রোডস্থ চৈতন্যগলি কবরস্থানে প্রয়াত নেতা এম.এ হান্নানের কবরে দোয়া ও ফাতেহা পাঠ শেষে পুষ্পস্তবক অর্পন করেন ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরীসহ নেতৃবৃন্দ। সভার শুরুতে এম.এ. হান্নানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 4:01 pm
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে হঠাৎ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা।

 

একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

বিক্ষোভরত শ্রমিকরা জানান, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অন্যায়ভাবে লাঠিচার্জ ও নির্বিচারে গ্রেপ্তারের অভিযোগও তুলেছেন তারা। স্থানীয় নেতাকর্মী ও বহিরাগত সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন শ্রমিকরা।

 

এদিকে শ্রমিক বিক্ষোভের খবর ছড়িয়ে পড়লে মহাসড়কের আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

 

অন্যদিকে মহাসড়ক অবরোধের কারণে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন আটকে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা।

 

শ্রমিকদের বিক্ষোভ চললেও সকাল থেকে ঘটনাস্থল ও আশপাশের মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

মহাসড়ক অবরোধের কারণে সৃষ্ট অচলাবস্থা কখন কাটবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন যাত্রীরা।