খুঁজুন
, ,

সংলাপ নিয়ে আমুর বক্তব্য তার ব্যক্তিগত: তথ্যমন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: Wednesday, 7 June, 2023, 11:07 am
সংলাপ নিয়ে আমুর বক্তব্য তার ব্যক্তিগত: তথ্যমন্ত্রী

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু সংলাপ নিয়ে যে বক্তব্য দিয়েছেন সেটি তার ব্যক্তিগত বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

বুধবার (৭ জুন) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, প্রথমত আমির হোসেন আমু আমাদের দলের অন্যতম জ্যেষ্ঠ নেতা। তিনি যে বক্তব্যটি দিয়েছেন সেটি তার ব্যক্তিগত বক্তব্য। তার এই বক্তব্য নিয়ে আমাদের দলের ও সরকারের মধ্যে কোনো আলোচনা হয়নি। এমনকি ১৪ দলের মধ্যেও কোনো আলোচনা হয়নি।

ড. হাছান বলেন, তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তিনি বলেছেন, কাগজ বা গণমাধ্যমে যেভাবে এসেছে তিনি ঠিক সেভাবে বলেননি। যেভাবেই আসুক এটি তার ব্যক্তিগত অভিমত। দল, সরকার এমনকি ১৪ দল কোথাও এ নিয়ে আলোচনা হয়নি।

তিনি বলেন, আমরা চাই নির্বাচনে বিএনপিসহ সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করুক এবং সবার অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশে একটি চমৎকার নির্বাচন অনুষ্ঠিত হোক। বিশ্বের কাছে উদাহরণ স্বরূপ একটি নির্বাচন অনুষ্ঠিত হোক, সেটি আমরা চাই।

তবে বিএনপি নির্বাচনকে ভয় পায় বলেও মন্তব্য করে মন্ত্রী বলেন, তারা ২০১৪ সালে নির্বাচন প্রতিহত করার চেষ্টা করেছ। তারা আসলে নির্বাচন প্রতিহত করার ষড়যন্ত্রে লিপ্ত এবং সেই কথাটি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আবার বলেছেন। কিন্তু এবার আর তাদের পক্ষে নির্বাচন প্রতিহত করা কিংবা বর্জন করা সম্ভব হবে না। দেশে অবশ্যই একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন হবে।

বিএনপি রাজনৈতিক দল, তারা সিদ্ধান্ত গ্রহণ করতেই পারে নির্বাচনে অংশগ্রহণ করবে কি করবে না। কিন্তু তাদের উদ্দেশ্য তা নয়, তাদের উদ্দেশ্য হচ্ছে নির্বাচন ভণ্ডুল করে দেশে একটি বিশেষ পরিস্থিতি তৈরি করা। কিন্তু নির্বাচনে জনগণের অংশগ্রহণই হলো মুখ্য বিষয়। জনগণ যদি ব্যাপকভাবে নির্বাচনে অংশগ্রহণ করেন এবং ভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয় তালেই সেটি জনগণের অংশগ্রহণমূলক একটি ভালো নির্বাচক, বলেন তিনি।

উল্লেখ্য, মঙ্গলবার ১৪ দলের সমন্বয়ক আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু বলেছেন, প্রয়োজনে জাতিসংঘের পক্ষ থেকে প্রতিনিধি আসুক, আমরা বিএনপির সঙ্গে মুখোমুখি বসে আলোচনা করে দেখতে চাই সুষ্ঠু নির্বাচন করার বাধা কোথায়? কিভাবে সেটা নিরসন করা যায়।

শেখ হাসিনার নিরাপদ প্রত্যাবর্তনে সেনাবাহিনীর ভূমিকা চায় ভারত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Friday, 13 November, 2026, 9:04 pm
শেখ হাসিনার নিরাপদ প্রত্যাবর্তনে সেনাবাহিনীর ভূমিকা চায় ভারত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যাবর্তন এবং তাঁর নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনীর সরাসরি ভূমিকা চায় ভারত। এ বিষয়ে ভারতের পক্ষ থেকে কয়েকটি শর্তের কথা উঠে এসেছে বলে বিবিসি বাংলার বরাতে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে।

 

প্রতিবেদন অনুযায়ী, শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার প্রক্রিয়ায় সেনাবাহিনীর দায়িত্বশীল ভূমিকা এবং দেশে ফেরার পর তাঁর ব্যক্তিগত নিরাপত্তার নিশ্চয়তা চায় নয়াদিল্লি। ২০২৪ সালের ৫ আগস্ট যেভাবে বাংলাদেশ বিমানবাহিনীর উড়োজাহাজে তিনি ভারতে গিয়েছিলেন, প্রত্যাবর্তনের ক্ষেত্রেও একই ধরনের ব্যবস্থা চাওয়া হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

 

এদিকে, ভারতের সাবেক বাংলাদেশ হাইকমিশনার বীণা সিক্রি সম্প্রতি এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনার প্রত্যাবর্তনে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকার কথা বলেছেন। তাঁর বক্তব্য, শেখ হাসিনাকে সেনাবাহিনীর নেতৃত্বেই ভারতে নেওয়া হয়েছিল; প্রয়োজনে তাঁকে ফিরিয়ে আনার ক্ষেত্রেও সেনাবাহিনী ভূমিকা রাখতে পারে।

 

তবে শেখ হাসিনার নিরাপত্তা ও প্রত্যাবর্তন নিয়ে ভারতের আনুষ্ঠানিক অবস্থান এবং বাংলাদেশের সরকারের সিদ্ধান্তের বিষয়ে চূড়ান্ত কোনো ঘোষণা পাওয়া যায়নি।

ওবায়দুল কাদেরের পরিবারের দুই সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Friday, 13 November, 2026, 7:24 pm
ওবায়দুল কাদেরের পরিবারের দুই সদস্য গ্রেপ্তার

 

নোয়াখালীর কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের মামাতো ভাই শামছুর রহমান টিপু ও তাঁর ছেলে শিহাবুর রহমান শিহাবকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

বৃহস্পতিবার উপজেলার বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের হাসপাতাল গেট এলাকার মৌলভী আমিন উল্যাহ খাঁন সাহেবের বাড়িতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার শামছুর রহমান টিপুর বয়স ৬২ বছর। তিনি ওবায়দুল কাদেরের বড় মামা একরামুল হকের ছেলে। স্থানীয় আওয়ামী লীগের রাজনীতিতে তিনি বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাঁর ছেলে ৩২ বছর বয়সী শিহাবুর রহমান শিহাব বসুরহাট পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই বাবা-ছেলে নিজেদের বাড়িতে অবস্থান করছিলেন। তাঁদের অবস্থান সম্পর্কে গোপন সংবাদ পাওয়ার পর বৃহস্পতিবার বিকেলে সেখানে অভিযান চালায় পুলিশ। পরে তাঁদের গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়।

 

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবীবুর রহমান জানান, গ্রেপ্তার দুজনকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে।

 

ওবায়দুল কাদেরের পরিবারের দুই সদস্যের গ্রেপ্তারের ঘটনায় কোম্পানীগঞ্জের স্থানীয় রাজনৈতিক অঙ্গনে বিষয়টি আলোচনায় এসেছে।

যে বিমানে ভারতে গিয়েছিলেন, সেই বিমানেই ফিরবেন শেখ হাসিনা—দলীয় সূত্রের দাবি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Friday, 13 November, 2026, 6:16 pm
যে বিমানে ভারতে গিয়েছিলেন, সেই বিমানেই ফিরবেন শেখ হাসিনা—দলীয় সূত্রের দাবি

আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এবার তিনি যে বিমানে দেশ ছেড়েছিলেন, সেই একই বিমানে দেশে ফিরবেন বলে দাবি করেছে আওয়ামী লীগের একাধিক সূত্র।

 

বেঙ্গলি জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের কয়েকজন নেতা এবং শেখ হাসিনার আন্তর্জাতিক ও স্বদেশ প্রত্যাবর্তনবিষয়ক বিশেষ টিমের সদস্যরা এমন তথ্য জানিয়েছেন।

 

প্রতিবেদনে দাবি করা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট দেশ ছাড়ার সময় যে বিমানটি ব্যবহার করেছিলেন শেখ হাসিনা, দেশে ফেরার ক্ষেত্রেও সেটি ব্যবহারের পরিকল্পনা রয়েছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট বিমান কর্তৃপক্ষ কিংবা দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা পাওয়া যায়নি।

 

এর আগে শেখ হাসিনা আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফেরার পরিকল্পনার কথা বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমকে জানিয়েছিলেন। রয়টার্সের এক সাক্ষাৎকারেও তিনি ডিসেম্বর মাসে দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেন।

 

এদিকে গত ৯ নভেম্বর শেখ হাসিনার পক্ষে তাঁর আইনজীবীরা দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেন বলে জানিয়েছে রয়টার্স। তবে তাঁর দেশে ফেরার আইনি প্রক্রিয়া ও প্রত্যর্পণ নিয়ে এখনো জটিলতা রয়েছে।

 

ফলে দেশে ফেরার পরিকল্পনা নিয়ে আলোচনা চললেও একই বিমানে ফেরার দাবিটির বিষয়ে এখনো স্বাধীনভাবে নিশ্চিত হওয়ার মতো তথ্য পাওয়া যায়নি।