খুঁজুন
, ,

জ্যৈষ্ঠ মাস কি আসলেই মধুমাস?

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 25 May, 2023, 12:41 pm
জ্যৈষ্ঠ মাস কি আসলেই মধুমাস?

এখন জ্যৈষ্ঠ মাস। পত্রপত্রিকা খুললেই দেখবেন- ‘চলছে মধুমাস’ শিরোনাম। কোনো কোনো আর্থিক প্রতিষ্ঠানও জ্যৈষ্ঠ মাসকে ‘মধুমাস’ হিসেবে চালিয়ে দিচ্ছেন। তবে প্রশ্ন উঠতে পারে- তাহলে মধুমাস আসলে কোনটি? এ প্রশ্নের উত্তরে অভিধান বলছে, চৈত্র মাস হচ্ছে মধুমাস। যুগ যুগ ধরে এমনটিই ব্যবহৃত হয়ে আসছে সাহিত্যে। হঠাৎ করেই জ্যৈষ্ঠ মাসের ফলে ঘ্রাণে সংবাদপত্রগুলো একে মধুমাস বানিয়ে দিলো। এভাবেই জ্যৈষ্ঠ মাসের সাথে মধুমাস বিশেষণটি জড়িয়ে গেছে। অভিধানের মধুমাস অভিধানেই আছে। অভিধানগুলোতেও কোথাও মধুমাস বলতে জ্যৈষ্ঠ মাস বোঝানো হয়নি। কিন্তু মিডিয়ার দাপটে অভিধানগুলো অসহায়।
গ্রীষ্ম মওসুমে যেমন তপ্ত আবহাওয়া, তেমনি প্রশান্তির জন্য আল্লাহ তা আলার পক্ষ থেকে তৃষ্ণা নিবারণের জন্য নানা রকমের রসালো শাঁসালো ফল-ফলারীর সমারোহ ঘটে। খরতাপে অতিষ্ঠ মানুষের প্রাণ জুড়াতে বৈশাখেই চলে আসে তরমুজ বাঙ্গি বেল জামরুল শসা আর কাঁচা আমের শরবত।

দেলে সর্বত্র এখন রসালো ফলের দোকান। আম, জাম, আনারস, কাঁঠাল, লিচু, জামরুল, তালের শাঁস, তরমুজ, ফুটি এবং আরো কত ফল! গ্রামীণ কৃষক কিংবা শহুরে নাগরিক, বাঙালির কাছে এসব ফলের কদর কতো -তা কি না চিরকালই অনির্ণীত থেকে যাবে। আর প্রতিটি ফলই যে স্বাদের মতো পুষ্টিতেও ভরপুর তা বিজ্ঞানীদের গবেষণায় প্রমাণিত হয়েছে বহুকাল আগেই। থরে থরে সাজানো স্থায়ী আড়ত ও দোকানগুলো তো একেকটা ‘ফলের জাদুঘর’। এছাড়াও অস্থায়ী দোকান, ফেরিওয়ালার মাথার ঝাঁকি কিংবা ভ্যানগাড়ি – সমানতালে এসব ফল বেচাকেনার মোকামে পরিণত হয়েছে। দাম বেশি হলেও রসনা তৃপ্ত করার প্রতিযোগিতায় পিছিয়ে থাকতে চাইছে না কেউই।

সারা বছরের মধ্যে এ মাসেই রসালো আম লিচুর স্বাদ পাওয়া যায়। ফলের রাজা আমও আসে রাজকীয় হালে। কত নামের বাহারি আম তার শেষ নেই।

বর্তমানে দেশের পত্রপত্রিকায় জ্যৈষ্ঠ মাস নিয়ে কোনো কিছু লিখতে গিয়ে লেখা হয়, ‘মিষ্টি ফলের রসে ভরা মধুমাস’। এভাবেই জ্যৈষ্ঠ মাসের সঙ্গে মধুমাস বিশেষণটি ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। তারা বোঝাতে চান- জ্যৈষ্ঠ মাসে আম, জাম, কাঁঠাল, লিচু, আনারস, তরমুজ, ডেউয়া, লটকন, গোলাপ জাম, বেতফল, গাব, জামরুল, আতাফল, কাউ, শরীফা প্রভৃতি ফল পাওয়া যায়। ফলের এই মৌ মৌ ঘ্রাণে জ্যৈষ্ঠ মাস তাদের কাছে হয়ে উঠেছে মধুময়।

লেখক, গবেষক ও ইতিহাসবিদ ড. মোহাম্মদ আমীন বলেছেন, ‘মধুমাস শব্দের অর্থ চৈত্র মাস। অনেকে জ্যৈষ্ঠ মাস অর্থে শব্দটি ব্যবহার করে থাকেন। এটি অশুদ্ধ। মধুমাস কেবল চৈত্র মাসকে বোঝায়। অন্যদিকে ‘মধুফল’ বলে কোনো শব্দ বাংলা অভিধানে নেই। তবে বৃন্দাবনের একটি বনের নাম ‘মধুবন’। কিন্তু ‘মধুফল’ নামের কোনোফল কোথাও নেই।’

বাংলাদেশি মিডিয়ায় আশির দশক থেকে ‘জ্যৈষ্ঠ মাস’ অর্থে শব্দটির ঢালাও ব্যবহার শুরু হয়েছে। এ কারণে শব্দটি তার মূল অর্থ ধীরে ধীরে হারিয়ে ফেলছে। ধারণা করা হয়, জ্যৈষ্ঠ মাসে আম, জাম, কাঁঠালসহ একাধিক মিষ্টি ফল পাকে বলেই প্রয়োগকারীরা ভুলবশত ধরে নিয়েছেন, মধুমাস মানেই জ্যৈষ্ঠ মাস। অথচ দৌলত উজির বাহরাম খান তার কাব্যে বলেছেন, ‘মধুমাসে উতলা বাতাস, কুহরে পিক; যদি সে কমল শিশিরে দহল কি করিব মধুমাসে।’ এখানে তিনি চৈত্র মাসের কথাই বলেছেন। কারণ জ্যৈষ্ঠ মাসে কোকিল ডাকে না।

প্রাচীন কবি মুকুন্দরাম চক্রবর্তীও চৈত্র মাস অর্থেই মধুমাস শব্দটি ব্যবহার করেছেন, ‘মধুমাসে মলয় মারুত মন্দ মন্দ। মালতীর মধুকর পিয়ে মকরন্দ।’ এদিকে চণ্ডীদাসও চৈত্র মাস বা বসন্তকাল অর্থে মধুমাস শব্দটি ব্যবহার করেছেন, ‘মধুমাস আপায় মাধব পরশে।’ এখানে আপায় মানে ‘গত হয়’। এছাড়া খনার বচনেও মধুমাস বলতে চৈত্র মাসকেই বোঝানো হয়েছে, ‘মধুমাসে প্রথম দিনে হয় যেই বার/ রবি শোষে মঙ্গল বর্ষে, দুর্ভিক্ষ বুধবার।/ সোম শুক্র শুরু আর/ পৃথ্বী সয় না শস্যের ভার॥/ পাঁচ শনি পায় মীনে/ শকুনি মাংস না খায় ঘুণে।’
কবিতার পঙক্তি ছাড়াও অভিধান মতে, ফাল্গুন ও চৈত্র মাস মিলে হয় বসন্তকাল। আবার মধু বলতেও এই বসন্তকালকেই বোঝানো হয়েছে। অন্যদিকে বসন্তের সখা কোকিলের আরেক নাম হচ্ছে ‘মধুসখ’। এছাড়া হিন্দিতে ‘বাহারী’ মানে মধুকাল বা মধুমাস। আবার ‘বাহারকে দিন’ মানে বসন্তকাল। অন্যদিকে ফারসিতে ‘বহার’ মানে বসন্তকাল, ‘বহারী’ অর্থ বাসন্তী বা বসন্তকাল সম্বন্ধীয়। ফলে বলাই যায় যে, পত্রপত্রিকা যে মধুমাস পালন করছে, সেটা পক্ষান্তরে ভুল বোঝাবুঝির ফল।
তবে এ কথা সত্য যে, সময়ের ব্যবধানে শব্দের অর্থের অবনতি হতেই পারে। বাংলার আধুনিক ‘মধুমাস’ তারই প্রমাণ। তাই এখন আর মধুমাসের আভিধানিক অর্থ মনে করিয়ে দিয়ে লাভ নেই। হয়তো আগামীতেও এই ভুল সংস্কৃতিই পালিত হতে থাকবে। একসময় এটিই মানুষের ধ্যানে-জ্ঞানে প্রতিষ্ঠা লাভ করবে।

ওবায়দুল কাদেরের পরিবারের দুই সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Friday, 13 November, 2026, 7:24 pm
ওবায়দুল কাদেরের পরিবারের দুই সদস্য গ্রেপ্তার

 

নোয়াখালীর কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের মামাতো ভাই শামছুর রহমান টিপু ও তাঁর ছেলে শিহাবুর রহমান শিহাবকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

বৃহস্পতিবার উপজেলার বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের হাসপাতাল গেট এলাকার মৌলভী আমিন উল্যাহ খাঁন সাহেবের বাড়িতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার শামছুর রহমান টিপুর বয়স ৬২ বছর। তিনি ওবায়দুল কাদেরের বড় মামা একরামুল হকের ছেলে। স্থানীয় আওয়ামী লীগের রাজনীতিতে তিনি বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাঁর ছেলে ৩২ বছর বয়সী শিহাবুর রহমান শিহাব বসুরহাট পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই বাবা-ছেলে নিজেদের বাড়িতে অবস্থান করছিলেন। তাঁদের অবস্থান সম্পর্কে গোপন সংবাদ পাওয়ার পর বৃহস্পতিবার বিকেলে সেখানে অভিযান চালায় পুলিশ। পরে তাঁদের গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়।

 

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবীবুর রহমান জানান, গ্রেপ্তার দুজনকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে।

 

ওবায়দুল কাদেরের পরিবারের দুই সদস্যের গ্রেপ্তারের ঘটনায় কোম্পানীগঞ্জের স্থানীয় রাজনৈতিক অঙ্গনে বিষয়টি আলোচনায় এসেছে।

যে বিমানে ভারতে গিয়েছিলেন, সেই বিমানেই ফিরবেন শেখ হাসিনা—দলীয় সূত্রের দাবি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Friday, 13 November, 2026, 6:16 pm
যে বিমানে ভারতে গিয়েছিলেন, সেই বিমানেই ফিরবেন শেখ হাসিনা—দলীয় সূত্রের দাবি

আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এবার তিনি যে বিমানে দেশ ছেড়েছিলেন, সেই একই বিমানে দেশে ফিরবেন বলে দাবি করেছে আওয়ামী লীগের একাধিক সূত্র।

 

বেঙ্গলি জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের কয়েকজন নেতা এবং শেখ হাসিনার আন্তর্জাতিক ও স্বদেশ প্রত্যাবর্তনবিষয়ক বিশেষ টিমের সদস্যরা এমন তথ্য জানিয়েছেন।

 

প্রতিবেদনে দাবি করা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট দেশ ছাড়ার সময় যে বিমানটি ব্যবহার করেছিলেন শেখ হাসিনা, দেশে ফেরার ক্ষেত্রেও সেটি ব্যবহারের পরিকল্পনা রয়েছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট বিমান কর্তৃপক্ষ কিংবা দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা পাওয়া যায়নি।

 

এর আগে শেখ হাসিনা আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফেরার পরিকল্পনার কথা বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমকে জানিয়েছিলেন। রয়টার্সের এক সাক্ষাৎকারেও তিনি ডিসেম্বর মাসে দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেন।

 

এদিকে গত ৯ নভেম্বর শেখ হাসিনার পক্ষে তাঁর আইনজীবীরা দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেন বলে জানিয়েছে রয়টার্স। তবে তাঁর দেশে ফেরার আইনি প্রক্রিয়া ও প্রত্যর্পণ নিয়ে এখনো জটিলতা রয়েছে।

 

ফলে দেশে ফেরার পরিকল্পনা নিয়ে আলোচনা চললেও একই বিমানে ফেরার দাবিটির বিষয়ে এখনো স্বাধীনভাবে নিশ্চিত হওয়ার মতো তথ্য পাওয়া যায়নি।

শেখ হাসিনাকে ফেরত দেওয়া নিয়ে অনিশ্চয়তা, প্রত্যর্পণ আবেদন পর্যালোচনায় ভারত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Friday, 13 November, 2026, 12:59 pm
শেখ হাসিনাকে ফেরত দেওয়া নিয়ে অনিশ্চয়তা, প্রত্যর্পণ আবেদন পর্যালোচনায় ভারত

 

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের অবস্থান নিয়ে ঢাকা-নয়াদিল্লির কূটনৈতিক আলোচনা ও আইনি জটিলতা অব্যাহত রয়েছে। তাঁর প্রত্যর্পণ, ভারতে অবস্থান এবং বাংলাদেশের আদালতের দেওয়া রায়—সব মিলিয়ে দুই দেশের সম্পর্কে বিষয়টি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে।

 

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে বাংলাদেশ ত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেদিন বাংলাদেশ বিমানবাহিনীর সি-১৩০ সামরিক পরিবহন বিমানে ভারতের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে পৌঁছান তিনি।

 

বিবিসি বাংলার বরাত দিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনাকে আনতে ভারতীয় সামরিক উড়োজাহাজ পাঠানোর অনুরোধে দেশটির রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব সম্মতি দেয়নি। পরে বাংলাদেশের নিজস্ব সামরিক উড়োজাহাজে তাঁকে ভারতে নেওয়া হয়। তবে বিমানটির ভারতীয় আকাশসীমা ব্যবহার ও অবতরণের অনুমতি দিয়েছিল নয়াদিল্লি।

 

এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায়ের পর তাঁর প্রত্যর্পণের বিষয়টি আরও আলোচনায় আসে। ২০২৫ সালের ১৭ নভেম্বর জুলাই-আগস্টের আন্দোলন দমনে মানবতাবিরোধী অপরাধের মামলায় তাঁকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল।

 

রায়ের পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, তারা রায়টি সম্পর্কে অবগত হয়েছে। একই সঙ্গে বাংলাদেশের জনগণের শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি ও স্থিতিশীলতার স্বার্থে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে দেশটি। তবে শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে তখন কোনো স্পষ্ট সিদ্ধান্ত জানায়নি ভারত।

 

ভারতের সংসদে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে দেওয়া এক লিখিত জবাবে দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে বাংলাদেশ প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছে এবং এ বিষয়ে বাংলাদেশ সরকারকে কোনো জবাব দেওয়া হয়নি।

 

পরবর্তী সময়ে ভারতের সংসদীয় কমিটির প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার প্রত্যর্পণসংক্রান্ত বাংলাদেশের অনুরোধ দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রচলিত আইন ও প্রক্রিয়া অনুসারে পর্যালোচনা করছে। অর্থাৎ, বিষয়টি এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি।

 

অন্যদিকে বাংলাদেশ সরকার প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত দেওয়ার দাবি জানিয়ে আসছে। তবে ভারত এখন পর্যন্ত তাঁকে বাংলাদেশের কাছে হস্তান্তর করেনি।

 

সব মিলিয়ে শেখ হাসিনার প্রত্যর্পণ ও বিচারিক রায় নিয়ে দুই দেশের অবস্থানের পার্থক্য ঢাকা-নয়াদিল্লির কূটনৈতিক সম্পর্কের অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হয়ে রয়েছে।