খুঁজুন
, ,

এ মাসে বাংলাদেশ অভিমুখে আর দুটি ঘূর্ণিঝড়ের সৃষ্টি, কত ঝুঁকিতে বাংলাদেশ?

ডেস্ক নিউজ
প্রকাশিত: Wednesday, 24 May, 2023, 2:43 pm
এ মাসে বাংলাদেশ অভিমুখে আর দুটি ঘূর্ণিঝড়ের সৃষ্টি, কত ঝুঁকিতে বাংলাদেশ?

এ মাসে বাংলাদেশ অভিমুখে আর কোনো ঘূর্ণিঝড় আসার আশঙ্কা করছেন না আবহাওয়াবিদরা। তারা বলছেন, নিরক্ষ রেখার কাছে দুটি ঘূর্ণিঝড় তৈরি হলেও উত্তর গোলার্ধের ঝড় দক্ষিণে যাবে না, আর দক্ষিণ গোলার্ধের ঝড়ও উত্তরে আসবে না। তাই ভারত মাহাসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘ফাবিন’ নিয়েও শঙ্কা নেই।

সাধারণত অক্টোবর-নভেম্বর এবং মার্চ থেকে মে পর্যন্ত গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় হয়ে থাকে। অঞ্চলভেদে এ ঝড়ের নাম সইক্লোন, টাইফুন বা হারিকেন। ভৌগলিকভাবে পৃথিবীর ৩০ ডিগ্রি উত্তর এবং ৩০ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের মধ্যবর্তী অঞ্চলসমূহ গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চল। বছরে এ অঞ্চলে গড়ে ৮০টি ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়।

একই সময়ে উত্তর-দক্ষিণ উভয় গোলার্ধে সৃষ্টি হতে পারে একাধিক ঘুর্ণিঝড়। ঘূর্ণন গতি আলাদা হওয়ায় উত্তরের ঝড় দক্ষিণে বা দক্ষিণের ঝড় উত্তরে যায় না।

এখন ভারত মহাসাগরের দক্ষিণ গোলার্ধে ‘ফাবিন’ এবং উত্তর প্রশান্ত মহাসাগরে ‘মাওয়ার’ নামে দুটি ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছে। ফাবিন দক্ষিণ গোলার্ধে হওয়ায় এর গতি ঘটির কাঁটার অভিমুখে। তাই এটি বঙ্গোপসাগর পার হয়ে আসবে না। যাবে দক্ষিণ দিকে। এর উৎপত্তি স্থলের আশপাশে কোন দেশ না থাকায় এটি সাগরেই বিলিন হয়ে যাবে বলছেন আবহাওয়াবিদরা।

বাংলাদেশ আবহওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. আব্দুর রহমান খান বলেন, “ফাবিন তৈরি হয়েছে দক্ষিণ গোলার্ধে, এটা নিয়ে অতো মাথাব্যাথা নেই আমাদের। দক্ষিণ গোলার্ধের কোনো সৃষ্টি আমাদের উত্তর গোলার্ধে আসেনি।”

এদিকে, উত্তর প্রশান্ত মহাসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মাওয়ার’ গুয়াম দ্বীপ, রোটা দ্বীপপুঞ্জ এবং স্পেন উপকূলের ওপর দিয়ে বয়ে যাওয়ার আশঙ্কা আছে। এটি উত্তর গোলার্ধের হওয়ায় এর ঘূর্ণন গতি ঘড়ির কাঁটার বিপরিত দিকে।

ঘুর্ণিঝড় সৃষ্টি হয় যখন সাগরের তাপমাত্রা ২৬ থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি থাকে। তবে বর্ষা ও শীতকালে তাপমাত্রা কম থাকায় এসময়ে ঘূর্ণিঝড়ের প্রবণতা দেখা যায় না।

মো. আব্দুর রহমান খান বলেন, “মে মাসের পর সাইক্লোন হওয়ার হার খুবই কম। কারণ তার যে প্যারামিটারগুলো লাগবে জেনেসিস তৈরি করার জন্য সেগুলো আর পায় না। সাইক্লোনে রূপ নেওয়ার সম্ভাবনা নেই। এ সময়ে নিম্নচাপ হতে পারে, আপাতত সাইক্লোন হওয়ার সম্ভাবনা খুবই কম।”

এছাড়াও গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলসমূহে কালবৈশাখির মতো ঝড় বা টর্নেডো হতে পারে। এটির উৎপত্তি নদী বা স্থলভাগে হয়ে থাকে। সাধারণত সকাল বা বিকালের দিকে আঘাত হানে কালবৈশাখী। এর স্থায়িত্ব হয় ১ থেকে ২ ঘন্টা।

কালবৈশাখি ঝড়ে ফসলের ক্ষয়ক্ষতি হয়। বজ্রপাত হয় বিধায় ঘটে প্রাণহানিও। তাই কৃষকদের ফসল রক্ষার পাশাপাশি নিজেদেরও নিরাপত্তায় সচেতন থাকার পরামর্শ দিচ্ছেন আবহাওয়াবিদরা।

আবহাওয়াবিদ মো. আব্দুর রহমান খান বলেন, “পাকা ধানের উপর দিয়ে কালবৈশাখী বয়ে যায় তাহলে ধানগুলো ফেলে দিবে, গাছপালাগুলো ভেঙে ফেলবে, টিনের ঘর বা কাঁচাঘরগুলো উড়িয়ে ফেলবে। এ মাসের ২৬-২৭ তারিখের মধ্যে বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে কালবৈশাখী হতে থাকবে।”

ঘূর্ণিঝড় বা কালবৈশাখি যেকোন ঝড়ের বিষয়ে স্থানীয় আবহাওয়া অফিসের সতর্ক সংকেত মানার কথাও বলেন আবহাওয়াবিদরা।

যে বিমানে ভারতে গিয়েছিলেন, সেই বিমানেই ফিরবেন শেখ হাসিনা—দলীয় সূত্রের দাবি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Friday, 13 November, 2026, 6:16 pm
যে বিমানে ভারতে গিয়েছিলেন, সেই বিমানেই ফিরবেন শেখ হাসিনা—দলীয় সূত্রের দাবি

আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এবার তিনি যে বিমানে দেশ ছেড়েছিলেন, সেই একই বিমানে দেশে ফিরবেন বলে দাবি করেছে আওয়ামী লীগের একাধিক সূত্র।

 

বেঙ্গলি জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের কয়েকজন নেতা এবং শেখ হাসিনার আন্তর্জাতিক ও স্বদেশ প্রত্যাবর্তনবিষয়ক বিশেষ টিমের সদস্যরা এমন তথ্য জানিয়েছেন।

 

প্রতিবেদনে দাবি করা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট দেশ ছাড়ার সময় যে বিমানটি ব্যবহার করেছিলেন শেখ হাসিনা, দেশে ফেরার ক্ষেত্রেও সেটি ব্যবহারের পরিকল্পনা রয়েছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট বিমান কর্তৃপক্ষ কিংবা দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা পাওয়া যায়নি।

 

এর আগে শেখ হাসিনা আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফেরার পরিকল্পনার কথা বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমকে জানিয়েছিলেন। রয়টার্সের এক সাক্ষাৎকারেও তিনি ডিসেম্বর মাসে দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেন।

 

এদিকে গত ৯ নভেম্বর শেখ হাসিনার পক্ষে তাঁর আইনজীবীরা দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেন বলে জানিয়েছে রয়টার্স। তবে তাঁর দেশে ফেরার আইনি প্রক্রিয়া ও প্রত্যর্পণ নিয়ে এখনো জটিলতা রয়েছে।

 

ফলে দেশে ফেরার পরিকল্পনা নিয়ে আলোচনা চললেও একই বিমানে ফেরার দাবিটির বিষয়ে এখনো স্বাধীনভাবে নিশ্চিত হওয়ার মতো তথ্য পাওয়া যায়নি।

শেখ হাসিনাকে ফেরত দেওয়া নিয়ে অনিশ্চয়তা, প্রত্যর্পণ আবেদন পর্যালোচনায় ভারত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Friday, 13 November, 2026, 12:59 pm
শেখ হাসিনাকে ফেরত দেওয়া নিয়ে অনিশ্চয়তা, প্রত্যর্পণ আবেদন পর্যালোচনায় ভারত

 

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের অবস্থান নিয়ে ঢাকা-নয়াদিল্লির কূটনৈতিক আলোচনা ও আইনি জটিলতা অব্যাহত রয়েছে। তাঁর প্রত্যর্পণ, ভারতে অবস্থান এবং বাংলাদেশের আদালতের দেওয়া রায়—সব মিলিয়ে দুই দেশের সম্পর্কে বিষয়টি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে।

 

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে বাংলাদেশ ত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেদিন বাংলাদেশ বিমানবাহিনীর সি-১৩০ সামরিক পরিবহন বিমানে ভারতের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে পৌঁছান তিনি।

 

বিবিসি বাংলার বরাত দিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনাকে আনতে ভারতীয় সামরিক উড়োজাহাজ পাঠানোর অনুরোধে দেশটির রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব সম্মতি দেয়নি। পরে বাংলাদেশের নিজস্ব সামরিক উড়োজাহাজে তাঁকে ভারতে নেওয়া হয়। তবে বিমানটির ভারতীয় আকাশসীমা ব্যবহার ও অবতরণের অনুমতি দিয়েছিল নয়াদিল্লি।

 

এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায়ের পর তাঁর প্রত্যর্পণের বিষয়টি আরও আলোচনায় আসে। ২০২৫ সালের ১৭ নভেম্বর জুলাই-আগস্টের আন্দোলন দমনে মানবতাবিরোধী অপরাধের মামলায় তাঁকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল।

 

রায়ের পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, তারা রায়টি সম্পর্কে অবগত হয়েছে। একই সঙ্গে বাংলাদেশের জনগণের শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি ও স্থিতিশীলতার স্বার্থে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে দেশটি। তবে শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে তখন কোনো স্পষ্ট সিদ্ধান্ত জানায়নি ভারত।

 

ভারতের সংসদে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে দেওয়া এক লিখিত জবাবে দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে বাংলাদেশ প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছে এবং এ বিষয়ে বাংলাদেশ সরকারকে কোনো জবাব দেওয়া হয়নি।

 

পরবর্তী সময়ে ভারতের সংসদীয় কমিটির প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার প্রত্যর্পণসংক্রান্ত বাংলাদেশের অনুরোধ দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রচলিত আইন ও প্রক্রিয়া অনুসারে পর্যালোচনা করছে। অর্থাৎ, বিষয়টি এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি।

 

অন্যদিকে বাংলাদেশ সরকার প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত দেওয়ার দাবি জানিয়ে আসছে। তবে ভারত এখন পর্যন্ত তাঁকে বাংলাদেশের কাছে হস্তান্তর করেনি।

 

সব মিলিয়ে শেখ হাসিনার প্রত্যর্পণ ও বিচারিক রায় নিয়ে দুই দেশের অবস্থানের পার্থক্য ঢাকা-নয়াদিল্লির কূটনৈতিক সম্পর্কের অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হয়ে রয়েছে।

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।