পদ-পদবির মোহ নেই, রাজনৈতিক ঐক্যই প্রধান প্রত্যাশা
দীর্ঘ রাজনৈতিক জীবনে সাফল্যের পাশাপাশি ব্যর্থতা ও সীমাবদ্ধতাও থাকে। আমার রাজনৈতিক পথচলাও এর ব্যতিক্রম নয়। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে আত্মসমালোচনার মধ্য দিয়ে সামনে এগিয়ে যাওয়ার মানসিকতা আমার রয়েছে। দল কিংবা সরকারের কোনো পদ-পদবি অর্জন আমার বর্তমান প্রত্যাশা নয়। বরং রাজনৈতিক সংস্কৃতিতে পারস্পরিক শ্রদ্ধাবোধ, শালীনতা ও গঠনমূলক সমালোচনার চর্চাকে আমি অধিক গুরুত্ব দিই।
মতপার্থক্য থাকতেই পারে, তবে ব্যক্তিগত আক্রমণ কিংবা অশালীন বক্তব্য কখনোই সুস্থ রাজনৈতিক চর্চার বিকল্প হতে পারে না। তাই আমাকে কাল্পনিক প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচনা না করে আমার বক্তব্য ও অবস্থানকে যুক্তি এবং বাস্তবতার আলোকে মূল্যায়ন করার আহ্বান জানাই। কেননা, কোনো ব্যক্তি বা নেতৃত্বই সমালোচনার ঊর্ধ্বে নন; গঠনমূলক সমালোচনাই রাজনৈতিক অঙ্গনকে আরও দায়িত্বশীল ও পরিণত করে তুলতে পারে।
বর্তমানের কঠিন রাজনৈতিক বাস্তবতায় বিভেদ ও পারস্পরিক অবিশ্বাস নয়, বরং ঐক্য, সংযম এবং সম্মিলিত দায়িত্ববোধই সময়ের দাবি। আমাদের পারস্পরিক ঐক্য ও সংহতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের প্রত্যাশাকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রেরণা হিসেবে কাজ করতে পারে। ব্যক্তিগত বিরোধ ও সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে বৃহত্তর রাজনৈতিক লক্ষ্যকে প্রাধান্য দেওয়াই হোক আমাদের সম্মিলিত অঙ্গীকার।

আপনার মতামত লিখুন