মক্কা অভিমুখে ড্রোন পাঠানোর অভিযোগ সৌদির, অস্বীকার হুতিদের
পবিত্র মক্কা নগরীর দিকে একটি ড্রোন পাঠানোর জন্য ইয়েমেনের হুতিদের দায়ী করেছে সৌদি আরব। সৌদি কর্তৃপক্ষের দাবি, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোনটি শনাক্ত করার পর মক্কার সংরক্ষিত আকাশসীমায় প্রবেশের আগেই সেটি ধ্বংস করা হয়। তবে সৌদি আরবের এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে হুতিরা।
সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি জানান, মঙ্গলবার সন্ধ্যায় সৌদি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একটি ড্রোন শনাক্ত করে। পরে সেটিকে লক্ষ্য করে ব্যবস্থা নেওয়া হয়।
তার দাবি, এ ধরনের হামলার মাধ্যমে বেসামরিক মানুষের মধ্যে আতঙ্ক তৈরির চেষ্টা করা হয়েছে। একই সঙ্গে মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববিসহ মুসলিমদের গুরুত্বপূর্ণ পবিত্র স্থানগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সৌদি কর্তৃপক্ষ কোনো ধরনের ছাড় দেবে না বলেও জানান তিনি।
ঘটনার পর মক্কা নগরীতে স্বল্প সময়ের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করা হয়। তাইফ ও জেদ্দাতেও একই ধরনের সতর্কতা জারি হয়েছিল। তবে অল্প সময়ের মধ্যেই এসব সতর্কতা প্রত্যাহার করা হয়।
সৌদির অভিযোগের জবাবে হুতিদের পক্ষ থেকে বলা হয়েছে, তারা কখনো মক্কা বা অন্য কোনো পবিত্র স্থানকে লক্ষ্য করে হামলার হুমকি দেয়নি। ইয়েমেনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সাবায় প্রকাশিত এক বিবৃতিতে হুতিদের একটি সামরিক সূত্র সৌদির দাবিকে ভিত্তিহীন তথ্য হিসেবে প্রত্যাখ্যান করে।
এদিকে ইয়েমেনে হুতি ও সৌদি-সমর্থিত সরকারি বাহিনীর মধ্যে সামরিক উত্তেজনা নতুন করে বাড়ছে। হুতিদের অবস্থান লক্ষ্য করে সৌদি নেতৃত্বাধীন জোট বিমান হামলা চালাচ্ছে বলে বিভিন্ন প্রতিবেদনে জানা গেছে। পাল্টা হিসেবে সৌদি ভূখণ্ডের সামরিক ও বেসামরিক স্থাপনা লক্ষ্য করে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহারের অভিযোগও রয়েছে।
সৌদি নেতৃত্বাধীন জোটের দাবি, সোমবার খামিস মুশাইত, আবহা ও তাইফ এলাকায় হামলায় ১৩ জন বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন। হামলায় কয়েকটি বাড়ি ও যানবাহন ক্ষতিগ্রস্ত হওয়ার কথাও জানিয়েছে জোটটি।
ইয়েমেনে হুতি ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সংঘাত ২০১৫ সাল থেকে চলে আসছে। ওই সময় হুতিরা রাজধানী সানা নিয়ন্ত্রণে নেওয়ার পর দেশটির রাজনৈতিক ও সামরিক পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। পরে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট সংঘাতে সরাসরি যুক্ত হয়।
সাম্প্রতিক সময়ে ইয়েমেনের পশ্চিমাঞ্চলে হুতিদের সামরিক তৎপরতা এবং লোহিত সাগর ও বাব আল-মানদেব প্রণালির কৌশলগত নিয়ন্ত্রণ নিয়ে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়েছে। এই প্রণালি বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে হুতিদের বিরুদ্ধে।
ইতি/

আপনার মতামত লিখুন