ভয়াবহ বন্যার রেশ না কাটতেই নেপালে ৫ মাত্রার ভূমিকম্প
ভয়াবহ আকস্মিক বন্যার ধাক্কা সামলে উঠতে না উঠতেই আবারও ভূমিকম্পে কেঁপে উঠেছে নেপাল। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে দেশটিতে ৫.০ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। তবে তাৎক্ষণিকভাবে এতে হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (NCS) জানিয়েছে, ভারতীয় সময় রাত ৯টা ৩৮ মিনিট ৩৯ সেকেন্ডে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল নেপালের ২৯.০২২ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ৮৩.৯৭৮ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে, ভূপৃষ্ঠের ১৪৩ কিলোমিটার গভীরে।
ভূমিকম্পের কম্পন নেপালের বিভিন্ন এলাকায় অনুভূত হয়। তবে গভীর উৎপত্তিস্থলের কারণে ভূ-পৃষ্ঠে এর প্রভাব তুলনামূলকভাবে সীমিত ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানি বা বড় ধরনের অবকাঠামোগত ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
নতুন এই ভূমিকম্প এমন সময়ে আঘাত হানল, যখন ভয়াবহ বন্যা ও ধসের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে নেপালে উদ্ধার ও পুনর্বাসন কার্যক্রম চলছে।
গত ২৬ আগস্ট নেপাল-চীন সীমান্তবর্তী এলাকায় হিমবাহ ও বরফ-পাথরের ধসের পর ভয়াবহ আকস্মিক বন্যা দেখা দেয়। এতে রাশুয়া ও আশপাশের এলাকায় ঘরবাড়ি, সড়ক, সেতু, সীমান্ত অবকাঠামো এবং জলবিদ্যুৎ প্রকল্প ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
বন্যার পর থেকে নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। বিশেষ করে বিভিন্ন জলবিদ্যুৎ প্রকল্পের টানেলে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে অভিযান চালানো হচ্ছে। সাম্প্রতিক হিসাব অনুযায়ী, নেপালে মৃতের সংখ্যা ১ হাজার ৩৬৬-তে পৌঁছেছে এবং ৪ হাজারের বেশি মানুষ এখনো নিখোঁজ রয়েছেন।
বন্যার ক্ষত না শুকাতেই নতুন করে ভূমিকম্পের ঘটনায় দুর্গত এলাকায় উদ্বেগ আরও বেড়েছে। তবে ভূমিকম্পের কারণে চলমান উদ্ধার ও পুনর্বাসন কার্যক্রমে বড় ধরনের প্রভাব পড়েছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
ইতি/

আপনার মতামত লিখুন