খুঁজুন
, ,

সিটি কর্পোরেশনের অর্থায়নে নির্মিত সড়কের উদ্বোধন

ডেস্ক নিউজ
প্রকাশিত: Monday, 15 January, 2024, 1:10 pm
সিটি কর্পোরেশনের অর্থায়নে নির্মিত সড়কের উদ্বোধন

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অর্থায়নে হাসপাতালের অভ্যন্তরের সড়কটি নির্মাণ কাজ সম্পন্ন করা হয়। সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মোঃ রেজাউল করিম চৌধুরী উক্ত সড়কটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। এ উপলক্ষে তিনি হাসপাতালের কনফারেন্স রুমে কার্যনির্বাহী কমিটি ও চিকিৎসকবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। হাসপাতালের কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট (ভারপ্রাপ্ত) সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি মাননীয় সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মোঃ রেজাউল করিম চৌধুরী বলেন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল আমাদের সকলের প্রতিষ্ঠান, এটি চট্টগ্রামবাসীর প্রতিষ্ঠান। এই হাসপাতাল নিয়ে আমরা এখন গর্ব করি। চট্টগ্রামের সর্বস্তরের মানুষ চিকিৎসা সেবার জন্য এখানে ছুটে আসে। এটি এখন মানুষের ভালোবাসা ও আস্থার ঠিকানা হিসেবে বিবেচিত হচ্ছে। করোনাকালে আপনারা যে সেবা দিয়েছেন তা চট্টগ্রামবাসী আজীবন কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে। তিনি এই হাসপাতালের উন্নয়নে সব সময় সাথে থাকবেন মর্মে আশ^াস প্রদান করেন। হাসপাতালের অবশিষ্ট রাস্তাটিও সিটি কর্পোরেশনের পক্ষ থেকে করে দেয়ার বিষয়ে তিনি আশ^াস প্রদান করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন একুশে পদক প্রাপ্ত দৈনিক আজাদী সম্পাদক জনাব এম এ মালেক।

তিনি বলেন, চট্টগ্রামের সর্বস্তরের মানুষের সহযোগীতায় আমরা আজ ক্যান্সার হাসপাতাল চালু করতে পেরেছি। আজ এখানে ক্যান্সার রোগীদের রেডিওথেরাপি সেবা শুরু করা হয়েছে। এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের সংবাদ। আমরা ব্যাংক লোনের মাধ্যমে ক্যান্সার মেশিনটি আমদানী করেছি। যত তাড়াতাড়ি সম্ভব এই ব্যাংক লোন পরিশোধ করতে হবে। যাতে রোগীদের কম মূল্যে সেবা দেয়া যায়। তিনি এজন্য সর্বস্তরের মানুষের সহযোগীতা কামনা করেন। তিনি আরো বলেন, আমরা কারো দানকে ছোট করে দেখবনা। যেকারো ১ টাকা ৫ টাকা দানও আমরা সানন্দে গ্রহণ করব। আমরা চাই এখানে সকল মানুষের অংশ গ্রহণ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট জনাব আবদুল মান্নান রানা, জেনারেল সেক্রেটারী জনাব মোহাম্মদ রেজাউল করিম (আজাদ), জয়েন্ট ট্রেজারার লায়ন এস. এম. কুতুব উদ্দীন, অর্গানাইজিং সেক্রেটারি জনাব মোহাম্মদ সাগির, মেম্বার জনাব এ. এস. এম. জাফর, কাউন্সিলর জনাব জাফরুল হায়দার চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী জনাব রফিকুল ইসলাম মানিক, মেয়র মহোদয়ের একান্ত সচিব জনাব আবুল হাসেম, নির্বাহী প্রকৌশলী জনাব আনোয়ার জাহান, দৈনিক আজাদীর নির্বাহী সম্পাদক জনাব শিহাব মালিক, চীফ রিপোর্টার জনাব হাসান আকবর, জয়েন্ট জেনারেল সেক্রেটারী (ডোনার) জনাব সৈয়দ আজিজ নাজিমউদ্দীন, জয়েন্ট জেনারেল সেক্রেটারী ডাঃ কামরুন নাহার দস্তগীর, ডোনার মেম্বার জনাব মোহাম্মদ শহীদ উল্লাহ, মেম্বার ডাঃ ফজল করিম বাবুল, চমাশিহা মেডিকেল কলেজের উপদেষ্টা প্রফেসর এ এস এম মোস্তাক আহমেদ, হাসপাতালের পরিচালক (প্রশাসন) ডাঃ মোঃ নূরুল হক, ভারপ্রাপ্ত প্রিন্সিপাল প্রফেসর অসীম কুমার বড়ুয়া, উপ-পরিচালক (প্রশাসন) জনাব মোহাম্মদ মোশাররফ হোসাইন, উপ-পরিচালক (মেডিকেল এ্যাফেয়ার্স) ডাঃ এ কে এম আশরাফুল করিম, উপ-পরিচালক (আইসিএইচ) ডাঃ মোঃ আবু সৈয়দ চৌধুরী, হাসপাতালের বিভিন্ন বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধানবৃন্দ, চট্টগ্রামের বিভিন্ন প্রাইভেট হাসপাতালের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ। এরপর প্রধান অতিথি, বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথিবৃন্দকে নিয়ে ক্যান্সার হাসপাতাল পরিদর্শন করেন।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 4:01 pm
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে হঠাৎ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা।

 

একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

বিক্ষোভরত শ্রমিকরা জানান, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অন্যায়ভাবে লাঠিচার্জ ও নির্বিচারে গ্রেপ্তারের অভিযোগও তুলেছেন তারা। স্থানীয় নেতাকর্মী ও বহিরাগত সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন শ্রমিকরা।

 

এদিকে শ্রমিক বিক্ষোভের খবর ছড়িয়ে পড়লে মহাসড়কের আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

 

অন্যদিকে মহাসড়ক অবরোধের কারণে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন আটকে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা।

 

শ্রমিকদের বিক্ষোভ চললেও সকাল থেকে ঘটনাস্থল ও আশপাশের মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

মহাসড়ক অবরোধের কারণে সৃষ্ট অচলাবস্থা কখন কাটবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন যাত্রীরা।

মামলা ছাড়াই যুবলীগ নেতা মাসুমকে গ্রেপ্তারের অভিযোগ, তীব্র নিন্দা ও নিঃশর্ত মুক্তির দাবি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 3:06 pm
মামলা ছাড়াই যুবলীগ নেতা মাসুমকে গ্রেপ্তারের অভিযোগ, তীব্র নিন্দা ও নিঃশর্ত মুক্তির দাবি

চট্টগ্রামের ৩১ নম্বর আলকরণ ওয়ার্ড যুবলীগ নেতা আতিকুর রহমান মাসুমকে গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। কোতোয়ালি থানা পুলিশ কোনো মামলা ছাড়াই এবং বিনা অপরাধে তাঁকে গ্রেপ্তার করে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তাঁর নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন প্রতিবাদকারীরা।

 

প্রতিবাদকারীদের অভিযোগ, আতিকুর রহমান মাসুমের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অপরাধের তথ্য কিংবা মামলার বিষয় সামনে না এনেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। একজন রাজনৈতিক কর্মীকে এভাবে আটক করার ঘটনায় তাঁরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

 

তাঁদের ভাষ্য, আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থে প্রত্যেক নাগরিকের অধিকার নিশ্চিত করা জরুরি। কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে তা যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে তদন্ত ও বিচার হওয়া উচিত। কিন্তু বিনা অপরাধে কাউকে গ্রেপ্তার বা হয়রানি করা কোনোভাবেই কাম্য নয়।

 

এ ঘটনায় কোতোয়ালি থানা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে প্রতিবাদকারীরা তীব্র নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে আতিকুর রহমান মাসুমের গ্রেপ্তারের সুনির্দিষ্ট কারণ জনসমক্ষে তুলে ধরার আহ্বান জানিয়েছেন তাঁরা।

 

তাঁদের জোর দাবি, আতিকুর রহমান মাসুমের বিরুদ্ধে কোনো আইনগত অভিযোগ না থাকলে তাঁকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে। পাশাপাশি গ্রেপ্তারের বিষয়টি স্বচ্ছভাবে পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ারও দাবি জানানো হয়েছে।

 

প্রতিবাদকারীরা বলেন, আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে এবং কোনো নাগরিক যেন অন্যায়ভাবে হয়রানির শিকার না হন, সে বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

 

আতিকুর রহমান মাসুমের গ্রেপ্তারের ঘটনায় এলাকায় আলোচনা ও প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

 

আতিকুর রহমান মাসুমের গ্রেপ্তারের সঠিক কারণ প্রকাশ এবং তাঁর নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সংশ্লিষ্টরা।