খুঁজুন
, ,

আগেই এজেন্টদের থেকে রেজাল্টশীটে স্বাক্ষর নেওয়ার অভিযোগ ফরিদের

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 13 January, 2024, 2:31 pm
আগেই এজেন্টদের থেকে রেজাল্টশীটে স্বাক্ষর নেওয়ার অভিযোগ ফরিদের

সকাল বেলা কেন্দ্রে প্রবেশের সময় অধিকাংশ এজেন্ট হতে রেজাল্ট শীটে প্রিজাইডিং অফিসার স্বাক্ষর নিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন চট্টগ্রাম ১০ আসনে স্বতন্ত্র নির্বাচন করা আওয়ামীলীগ নেতা ফরিদ মাহমুদ।

শনিবার (১৩ জানুয়ারি) সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ অভিযোগ করেন।

তিনি বলেন, কয়েকটি ওয়ার্ডে কেন্দ্রগুলোতে আমার এজেন্ট ঢুকতে দেয়নি। যে সব কেন্দ্রে এজেন্ট ছিল সেসব কেন্দ্র থেকে কিছু এজেন্টকে সকাল ১০ টায়, কিছু এজেন্টকে ১২ টার পরে বের করে দেওয়া হয়।
একটি মহল আমার ভোটের পরিমাণ কম দেখানোর জন্য ভিলেজ পলিট্রিক্স করেছেন। তারা ভেবেছেন এতে করে আমাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতে পারবেন। ভোটের ফলাফলে বেশিরভাগ কেন্দ্রে ১০-১২ ভোট করে দেখিয়েছেন। ভোটের রেজাল্টশীটে খেয়াল খুশী মতো সংখ্যা বসিয়ে দিয়েছেন। কিছু কিছু রেজাল্ট শীট ছিল এজেন্টদের স্বাক্ষর ছাড়া। আবার কিছু কিছুতে একহাতের লেখায় এজেন্টদের নাম লিখে একই কলমে একজন সবার স্বাক্ষর করে দিয়েছেন।

ফরিদ মাহমুদ আরও অভিযোগ করেন, চট্টগ্রাম ১০ আসনে ২ হাজার ৩৮৫ ভোট বাতিল দেখানো হয়। বাতিল দেখানো ভোটগুলো কোন প্রতীকের ছিল এটা একটা কৌতুহল থেকে গেল! ভোটের দিন সকালে দুই প্রতীকের এজেন্টদের থেকে মোবাইল জব্দ করে নিলেও, একটি প্রতীকের এজেন্টদের মোবাইল জব্দ করা হয়নি। এছাড়াও ভোট কেন্দ্রের ভেতরে প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, প্রার্থীর এজেন্ট, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ছাড়া অন্য কোন মানুষের থাকার কথা না থাকলেও একটি প্রতীকের ব্যাজধারী ৫ থেকে ৬ জন নেতাকর্মী কেন্দ্রের ভেতরে সারাদিন অবস্থান করেছে।

তিনি আরও বলেন, সাধারণ ভোটারদের সমর্থন ও রায় পাবো এমন একটা আস্থা ছিল আমার। ভোটের আগের দিন ও ভোটের দিন একজন প্রার্থী যে কৌশল অবলম্বন করেছেন, এতে করে সাধারণ ভোটাররা ছিল দ্বিধা ও সংশয়ে। সেদিন নিরাপদে ভোট দিতে পেরেছেন কিনা সেটা তারাই বলতে পারবেন। যারা আমাকে রাজনৈতিকভাবে দূরে রাখতে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিলেন, তাদের সেই স্বপ্নভঙ্গ করে আমি এই আসনের সাধারণ মানুষের হয়ে কাজ করে যাবো।

মতবিনিময় সভায় এসময় উপস্থিত ছিলেন স্বতন্ত্র প্রার্থী ফরিদ মাহমুদের নির্বাচনী এজেন্ট পলাশ খাস্তগীর, সমর্থনকারী জাকির হোসেন রিপন, নগর যুবলীগ সাবেক নেতা নেছার আহমেদ, শেখ নাছির আহমেদ, আশরাফুল গনি, শওকত হোসেন, ফিরোজ আলম সবুজ, আশরাফুল আলম টিটু, দেলোয়ার হোসেন দেলু, রাশেদ চৌধুরী, নাজমুল হাসান রুমি প্রমুখ।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 4:01 pm
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে হঠাৎ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা।

 

একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

বিক্ষোভরত শ্রমিকরা জানান, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অন্যায়ভাবে লাঠিচার্জ ও নির্বিচারে গ্রেপ্তারের অভিযোগও তুলেছেন তারা। স্থানীয় নেতাকর্মী ও বহিরাগত সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন শ্রমিকরা।

 

এদিকে শ্রমিক বিক্ষোভের খবর ছড়িয়ে পড়লে মহাসড়কের আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

 

অন্যদিকে মহাসড়ক অবরোধের কারণে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন আটকে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা।

 

শ্রমিকদের বিক্ষোভ চললেও সকাল থেকে ঘটনাস্থল ও আশপাশের মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

মহাসড়ক অবরোধের কারণে সৃষ্ট অচলাবস্থা কখন কাটবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন যাত্রীরা।

মামলা ছাড়াই যুবলীগ নেতা মাসুমকে গ্রেপ্তারের অভিযোগ, তীব্র নিন্দা ও নিঃশর্ত মুক্তির দাবি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 3:06 pm
মামলা ছাড়াই যুবলীগ নেতা মাসুমকে গ্রেপ্তারের অভিযোগ, তীব্র নিন্দা ও নিঃশর্ত মুক্তির দাবি

চট্টগ্রামের ৩১ নম্বর আলকরণ ওয়ার্ড যুবলীগ নেতা আতিকুর রহমান মাসুমকে গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। কোতোয়ালি থানা পুলিশ কোনো মামলা ছাড়াই এবং বিনা অপরাধে তাঁকে গ্রেপ্তার করে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তাঁর নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন প্রতিবাদকারীরা।

 

প্রতিবাদকারীদের অভিযোগ, আতিকুর রহমান মাসুমের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অপরাধের তথ্য কিংবা মামলার বিষয় সামনে না এনেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। একজন রাজনৈতিক কর্মীকে এভাবে আটক করার ঘটনায় তাঁরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

 

তাঁদের ভাষ্য, আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থে প্রত্যেক নাগরিকের অধিকার নিশ্চিত করা জরুরি। কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে তা যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে তদন্ত ও বিচার হওয়া উচিত। কিন্তু বিনা অপরাধে কাউকে গ্রেপ্তার বা হয়রানি করা কোনোভাবেই কাম্য নয়।

 

এ ঘটনায় কোতোয়ালি থানা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে প্রতিবাদকারীরা তীব্র নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে আতিকুর রহমান মাসুমের গ্রেপ্তারের সুনির্দিষ্ট কারণ জনসমক্ষে তুলে ধরার আহ্বান জানিয়েছেন তাঁরা।

 

তাঁদের জোর দাবি, আতিকুর রহমান মাসুমের বিরুদ্ধে কোনো আইনগত অভিযোগ না থাকলে তাঁকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে। পাশাপাশি গ্রেপ্তারের বিষয়টি স্বচ্ছভাবে পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ারও দাবি জানানো হয়েছে।

 

প্রতিবাদকারীরা বলেন, আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে এবং কোনো নাগরিক যেন অন্যায়ভাবে হয়রানির শিকার না হন, সে বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

 

আতিকুর রহমান মাসুমের গ্রেপ্তারের ঘটনায় এলাকায় আলোচনা ও প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

 

আতিকুর রহমান মাসুমের গ্রেপ্তারের সঠিক কারণ প্রকাশ এবং তাঁর নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সংশ্লিষ্টরা।