খুঁজুন
, ,

চট্টগ্রামে আধুনিক গণপরিবহন ও দেশের প্রধান শহর হিসেবে গড়ে তোলার রাজনৈতিক ইশতেহার চাই -যাত্রী কল্যাণ সমিতি

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 9 December, 2023, 12:12 pm
চট্টগ্রামে আধুনিক গণপরিবহন ও দেশের প্রধান শহর হিসেবে গড়ে তোলার রাজনৈতিক ইশতেহার চাই -যাত্রী কল্যাণ সমিতি

 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম থেকে অংশগ্রহণকারী বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের সংসদ সদস্য পদপ্রার্থীদের রাজনৈতিক ইশতেহারে দেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে আধুনিক গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি কর্ণফুলী টানেল ঘিরে দেশের প্রধান শহর হিসেবে গড়ে তোলার অঙ্গীকার দাবী করেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।
আজ ৯ ডিসেম্বর, শনিবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে বাংলাদেশ যাত্রী কল্যান সমিতি চট্টগ্রাম মহানগর আয়োজিত ” চট্টগ্রামে আধুনিক গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলার রাজনৈতিক অঙ্গিকার চাই” শীর্ষক আলোচনা সভায় বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোঃ মোজাম্মেল হক চৌধুরী এই দাবী জানান।
তিনি আরো বলেন, বর্তমান সরকার ধারাবাহিকভাবে তিনমেয়াদে ক্ষমতায় থাকার সুবাধে চট্টগ্রাম মহানগরী ও জেলার রাস্তাাঘাট, ফ্লাইওভার, এলিভেডেট এক্সপ্রেসওয়ে, বঙ্গবন্ধু টানেল, চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ সম্প্রসারণ, চট্টগ্রাম বিমানবন্দরের আধুনিকায়নসহ সড়কের অবকাঠামো বির্নিমানে ব্যাপক উন্নয়ন হলেও চট্টগ্রামে আধুনিক কোন গণপরিবহন ব্যবস্থা গড়ে উঠেনি। অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে নোংরা আর্বজনায় ভরপুর কিছু মিনিবাস, হিউম্যান হলার, মুড়িরটিনের মত মাহিন্দ্রা, অটোটেম্পু, ব্যাটারি চালিতরিক্সা, ইজিবাইক, অটোরিক্সা, মোটরসাইকেলে প্রতিদিন যাতায়াতে বাধ্য হচ্ছে লাখ লাখ নগরবাসী। যানজট-জনজটে আটকা পড়ে প্রতিদিন ক্ষয় হচ্ছে কর্মক্ষম মানুষের লাখো কোটি টাকার মহামূল্যবান শ্রমঘন্টা। অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য, গণপরিবহন গুলোকে মুড়িরটিন বানিয়ে ইচ্ছে মত যাত্রী হয়রানি চলছে। ভয়াবহ বায়ুদুষণ ও ধুলো দুষণে অতিষ্ট নগরবাসী। এহেন পরিস্থিতিতে নগরীর যাত্রী সাধারণ এখন পরিবহন মালিক শ্রমিকদের ইচ্ছের কাছে জিম্মি হয়ে আছে। এখানে সকালে এক ভাড়া, বিকালে আরেক ভাড়া, বৃষ্টির দিনে আরেক ভাড়া, দিতে বাধ্য হচ্ছে যাত্রী সাধারণ। প্রতিবাদ করলেও প্রতিকার নেই। মানুষ ইজ্জত ও মর্যাদা নিয়ে এসব পরিবহনে যাতায়াত করতে পারে না। গণপরিবহনের সিদ্ধান্ত গ্রহণের সকল ফোরামে মালিক সমিতি ও শ্রমিক সংগঠনগুলোকে রাখা হলেও যাত্রী প্রতিনিধি রাখা হয় না। এহেন যাত্রীহয়রানি থেকে মুক্তি দিতে, ক্ষমতায় আসলে কি কি পদক্ষেপ নেওয়া হবে তা নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত করার জন্য নির্বাচনে অংশগ্রহণকারী বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মাননীয় সংসদ সদস্য পদপ্রার্থীদের কাছে দাবী জানান তিনি। বর্তমানে চট্টগ্রাম মহানগর থেকে জেলার বিভিন্ন উপজেলায় যাতায়াতের বাস নেটওর্য়াক ভেঙ্গে পড়েছে। টেম্পু, ইজিবাইক, অটোরিক্সা, মোটরসাইকেল এখন প্রধান বাহন হিসেবে দাড়িয়েছে। ব্যয়বহুল, সড়ক নিরাপত্তায় ঝুকিপুর্ণ যানজট তৈরীর প্রধান উৎস এসব যানবাহন স্মার্ট বাংলাদেশের সাথে বেমানান বলে দাবী করেন তিনি।
সভায় বক্তারা বলেন, কৌশলগত পরিবহন পরিকল্পনায় কালুরঘাট থেকে পতেঙ্গা পর্যন্ত বাস-রেপিট ট্রানজিট চালু করার সুপারিশ করা হয়েছিল। যা কয়েকটি ফ্লাইওভার করার মধ্যে দিয়ে গলা টিপে হত্যা করা হয়েছে। অন্যদিকে মেট্রোরেলের সম্ভাব্যতা যাচাইয়ের আগে যাত্রী বা নাগরিক সমাজের মতামত কোন নেওয়া হয়নি। এহেন পরিস্থিতিতে আধুনিক গণপরিবহন পরিসেবা গড়ে তোলা অনেক বেশি চ্যালেঞ্জের। অথচ বাস-রেপিট ট্রানজিট সিস্টেমে নগরীতে ১টি কোম্পানীর অধীনে মাত্র ১ হাজার আধুনিক বাস নামিয়ে ডেডিকেটেড সিস্টেমে চালু করা গেলে এই সমস্যা অনেকখানী সমাধান সম্ভব। এর পাশাপাশি কালুরঘাট থেকে পতেঙ্গা বিমানবন্দর পর্যন্ত নদীর তীরবর্তী জনপদে আন্ডারগ্রাউন্ডে মেট্রোরেল করা হলে নগরীর যাতায়াত সমস্যা সিংহভাগ সমাধান সম্ভব। পাশাপাশি নগরীর চারপাশ ঘিরে সার্কুলার ট্রেন সার্ভিস চালু করা হলে নগরীতে স্মার্ট গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব। তাই আসছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম থেকে অংশগ্রহনকারী রাজনৈতিক দলের মাননীয় সংসদ সদস্য পদপ্রার্থীদের নির্বাচনী ইশতেহারে এসব যানবাহন উচ্ছেদ করে স্মার্ট গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে কি পদক্ষেপ নেওয়া হবে তা তাদের স্ব-স্ব নির্বাচনী ইশতেহারে তুলে ধরার দাবী জানান বক্তারা।
সভায় যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব রাজধানী ঢাকার জনসংখ্যার চাপ কমাতে ঢাকার বিকেন্দ্রীকরণ দাবী করেন। তিনি উদাহরণ দিয়ে বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে যেমন, আমেরিকার রাজধানী ওয়াশিংটন হলেও প্রধান শহর নিউইয়র্ক। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ হলেও প্রধান শহর করাচি। ভারতে রাজধানী দিল্লী হলেও প্রধান শহর বোম্বে। ইতিমধ্যে বঙ্গবন্ধু টানেল চালুর কারণে বানিজ্যিক রাজধানী চট্টগ্রাম শহর সম্প্রসারণের অপার সম্ভাবনা তৈরী হয়েছে। সুতরাং চট্টগ্রাম শহরকে দেশের বানিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলা গেলে ওয়ান সিটি টু টাউন আদলে এখানে প্রশাসনের কিছু গুরুত্বপূর্ণ অফিস আদালত সম্প্রসারণ করে চট্টগ্রামকে দেশের প্রধান শহর হিসেবে গড়ে তোলা ক্ষেত্রে আপনাদের ভুমিকা দেশের যাত্রী ও নাগরিক সমাজ আপনাদের নির্বাচনী ইশতেহারে অঙ্গীকার হিসেবে দেখতে চায়।
এ সময় আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর কমিটির সাধারণ সম্পাদক মোসাদ্দেকুর রহমান চৌধুরী , চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের অর্থসম্পাদক মোজাহিদুল ইসলাম, সাংবাদিক কাজী হুমায়ুন কবির, সংগঠনের সিনিয়র সহ সভাপতি আব্দুল জলিল, সহ সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম, যুগ্ম সাংগঠনিক সম্পাদক রবিউল হোসেন, অর্থ সম্পাদক আব্দুর রহিম প্রমুখ।

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 4:01 pm
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে হঠাৎ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা।

 

একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

বিক্ষোভরত শ্রমিকরা জানান, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অন্যায়ভাবে লাঠিচার্জ ও নির্বিচারে গ্রেপ্তারের অভিযোগও তুলেছেন তারা। স্থানীয় নেতাকর্মী ও বহিরাগত সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন শ্রমিকরা।

 

এদিকে শ্রমিক বিক্ষোভের খবর ছড়িয়ে পড়লে মহাসড়কের আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

 

অন্যদিকে মহাসড়ক অবরোধের কারণে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন আটকে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা।

 

শ্রমিকদের বিক্ষোভ চললেও সকাল থেকে ঘটনাস্থল ও আশপাশের মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

মহাসড়ক অবরোধের কারণে সৃষ্ট অচলাবস্থা কখন কাটবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন যাত্রীরা।