খুঁজুন
, ,

অবরোধ চলাকালে চট্টগ্রামে আবুল হাশেম বক্কর ও আবু সুফিয়ানের নেতৃত্বে বিএনপির মিছিল

ডেস্ক নিউজ
প্রকাশিত: Wednesday, 22 November, 2023, 11:59 am
অবরোধ চলাকালে চট্টগ্রামে আবুল হাশেম বক্কর ও আবু সুফিয়ানের নেতৃত্বে বিএনপির মিছিল

 

সরকার পতনের একদফা দাবি ও ঘোষিত নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে বিএনপির ডাকা ৬ষ্ট দফা অবরোধের ১ম দিন বুধবার (২২ নভেম্বর) নগরী ও জেলার বিভিন্ন স্থানে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে চট্টগ্রামের বিএনপি নেতাকর্মীরা। অবরোধকে কেন্দ্র করে চট্টগ্রামে বিএনপির আরো ১০ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

এদিকে অবরোধের সমর্থনে চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে দুপুরে নগরীর চাঁন্দগাও কাপ্তাই রাস্তার মাথা এলাকায় বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর ও দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান মিছিলের নেতৃত্ব দেন।

এসময় আবুল হাশেম বক্কর বলেন, বিএনপির একদফা আন্দোলনের মধ্যে আরেকটি একতরফা পাতানো ভুয়া নির্বাচনের অপচেষ্টা করছে সরকার। মেরুদণ্ডহীন নির্বাচন কমিশন আওয়ামী নির্বাচনি তফশিল বাস্তবায়ন করতে জোরেশোরে মাঠে নেমেছে। ভোটাধিকারের দাবিতে আন্দোলনরতদের ওপর হায়েনার মতো ঝাঁপিয়ে পড়ছে পুলিশ ও আওয়ামীলী সন্ত্রাসীরা। দিশাহীন, উন্মাদ হয়ে গণগ্রেফতার চালাচ্ছে। আর বিএনপির বিরুদ্ধে নাশকতার অপবাদ দিয়ে দেশে বিদেশে প্রচার করছে। কিন্তু এবার সন্ত্রাসের অপবাদ দিয়ে আর বিদেশে মার্কেটিং করতে পারছে না। কারণ সারা দুনিয়া টের পেয়েছে বিএনপির নামে সন্ত্রাসের অপবাদ মূলত একতরফা নির্বাচনের কৌশল। তাই সরকার দলীয় সন্ত্রাসীরাই আত্মঘাতীমূলক নাশকতা চালাচ্ছে।

আবু সুফিয়ান বলেন, বিএনপি সহ বিরোধী মত দমনে আওয়ামীলীগ এখন রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছে। চট্টগ্রামে বিএনপির বলিষ্ঠ নেতাকর্মীদের বেছে বেছে গ্রেপ্তার করা হচ্ছে। বিএনপির সকল প্রবীণ নেতাদের জেলে আটকিয়ে রেখেছে। অনেকের মিথ্যা মামলায় সাজাও দিয়েছে। এর প্রধান কারণ হচ্ছে এই সকল বিরোধী দলের নেতারা জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে লিপ্ত।

এতে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটন, আবদুল মান্নান, আহবায়ক কমিটির সদস্য মাহবুব আলম, আনোয়ার হোসেন লিপু, চাঁন্দগাও থানা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন ভূইয়া সহ নেতৃবৃন্দ।

এছাড়া অবরোধের সমর্থনে চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ ও সি. সহ সভাপতি ইকবাল হোসেনের নেতৃত্বে মুরাদপুরে মহানগর যুবদলের নেতাকর্মীরা পিকেটিং ও সড়ক অবরোধ করে মিছিল বের করা হয়। তাছাড়া মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান ও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলুর নেতৃত্বে প্রবর্তক মোড়, শেভরন এলাকায় মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মি‌ছিল, বন্দর থানা বিএন‌পির সভাপতি হাজী মো. হানিফ সওদাগর ও সাধারণ সম্পাদক জাহিদ হাসানের নেতৃত্বে আগ্রাবাদ গোসাইলডাঙ্গা সংযোগ সড়কে বিক্ষোভ মি‌ছিল, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে চট্টগ্রাম মহানগর যুবদলের সহ সভাপতি ফজলুল হক সুমনের নেতৃত্বে সড়ক অবরোধ, দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক রবিউল হোসেন রবির নেতৃত্বে আনোয়ারা পিএবি সড়কে দক্ষিণ জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল, টাইগার পাস আমবাগান সড়কে খুলশী থানা ছাত্রদলের আহবায়ক ওমর ফারুকের নেতৃত্বে থানা ছাত্রদলের মিছিল, সীতাকুণ্ড উপজেলা ছাত্রদলের আহবায়ক কাজ্বী সেলিম উদ্দীনের নেতৃত্বে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সোনাইছড়ির মদনহাট ও কাশেম জুট মিল এলাকায় ছাত্রদলের পিকেটিং ও মিছিল, চান্দগাঁও থানা যুবদলের যুগ্ম আহবায়ক খোরশেদ আলম রুবেলের নেতৃত্বে সিএন্ডবি এলাকায় যুবদল সেচ্ছাসেবক ও ছাত্রদলের মিছিল, পুরাতন চাঁন্দগাও থানা এলাকায় চান্দগাঁও ওয়ার্ড যুবদলের মিছিল, মহানগর ছাত্রদলের সাবেক প্রশিক্ষণ সম্পাদক জিয়া উদ্দিনের নেতৃত্বে প্রবর্তক মোড়ে মিছিল অনুষ্ঠিত হয়।

সোমবার সন্ধ্যা থেকে বুধবার পর্যন্ত আরো ১০ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এরমধ্যে দক্ষিণ কাট্টলী ওয়ার্ড বিএনপির সি. যুগ্ম আহ্বায়ক জাফর আহমেদকে কাজিরদিঘী এলাকা থেকে গ্রেফতার করেছে পাহাড়তলী থানা পুলিশ। তাছাড়া মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক রাসেল খানকে রাতে সদরঘাট থানা, পশ্চিম ষোলশহর ওয়ার্ড যুবদলের সদস্য সানি আহমেদকে পাঁচলাইশ থানা, বাকলিয়া‌ থানা যুবদল নেতা জাকির হোসেনকে বাকলিয়া থানা পুলিশ, চালিতাতলী বাজার থেকে রাউজান উপজেলা যুবদলের সদস্য সচিব শাহজাহান শাহিলকে র‍্যাব, পাহাড়তলী থানা স্বোচ্ছাসেক দলের যুগ্ম আহ্বায়ক মনিরকে পাহাড়তলী থানা, পটিয়া সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক রিদওয়ান আরিফুল ইসলামকে পটিয়া থানা, পটিয়া বরলিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আবদুল মান্নান তালুকদার ও মো. আসিফকে কোতোয়ালি থানা পুলিশ গ্রেপ্তার করে নাশকতা মামলা দিয়ে কারাগারে পাঠিয়ে দিয়েছে।

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 4:01 pm
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে হঠাৎ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা।

 

একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

বিক্ষোভরত শ্রমিকরা জানান, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অন্যায়ভাবে লাঠিচার্জ ও নির্বিচারে গ্রেপ্তারের অভিযোগও তুলেছেন তারা। স্থানীয় নেতাকর্মী ও বহিরাগত সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন শ্রমিকরা।

 

এদিকে শ্রমিক বিক্ষোভের খবর ছড়িয়ে পড়লে মহাসড়কের আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

 

অন্যদিকে মহাসড়ক অবরোধের কারণে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন আটকে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা।

 

শ্রমিকদের বিক্ষোভ চললেও সকাল থেকে ঘটনাস্থল ও আশপাশের মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

মহাসড়ক অবরোধের কারণে সৃষ্ট অচলাবস্থা কখন কাটবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন যাত্রীরা।